'৯'-এর অভিশাপ

আলেক্সান্দ্রো লাকাজেতের তো এখনই হাঁসফাঁস লাগার কথা। ক্লাবে এখনো পা-ই রাখেননি, অথচ এখনই এত এত প্রত্যাশার চাপ! সামলাবেন কী করে?
এই মৌসুমেই ফ্রেঞ্চ ক্লাব লিঁও থেকে ক্লাব রেকর্ড ৬০ মিলিয়ন ইউরোতে লাকাজেতকে নিয়ে এসেছে আর্সেনাল। দামের কারণে এমনিতেই বাড়তি প্রত্যাশা থাকবে ২৬ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকারের ওপর। কিন্তু এটিই যদি একমাত্র চাপ হতো! তার ওপর আরও বাড়তি চাপ যে নিয়ে আসছে আর্সেনালে ৯ নম্বর জার্সির অভিশাপ!
ক্লাবে যোগ দেওয়ার পরই ৯ নম্বর জার্সি দেওয়া হয়েছে লাকাজেতকে। এই জার্সিটাই যত নষ্টের মূল। তাঁর আগে সাম্প্রতিক সময়ে আর্সেনালে ৯ নম্বর জার্সি পরে প্রিমিয়ার লিগ মাতিয়েছেন, এমন কারও নাম মনে করুন তো? পারবেন না। এক লুকাস পোডলস্কি ছাড়া সর্বশেষ ১৮ মৌসুমে আর্সেনালের কোনো ‘নাম্বার নাইন’ মৌসুমে ১০ গোলই করতে পারেননি!
সেই ১৯৯৮-৯৯ মৌসুমের শেষে নিকোলাস আনেলকা আর্সেনাল ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে, সঙ্গে করে আর্সেনালের ৯ নম্বর জার্সির সৌভাগ্যও যেন নিয়ে যান। ওই মৌসুমে লিগে ১৭ গোল করেছিলেন আনেলকা, আর্সেনালও সেবার লিগ জিতেছিল। এরপর ডেভর সুকার, হোসে আন্তোনিও রেইয়েস, এদুয়ার্দো...কেউই আর্সেনালের ৯ নম্বর জার্সির ভার বইতে পারেননি। সবাই মিলে এই ১৮ মৌসুমে গোলই করেছেন মাত্র ৫৭টি! অবশ্য এর মধ্যে ‘৯’ নম্বর জার্সির কাজটা ‘১৪’ নম্বর দিয়ে আরও ভালোভাবেই কয়েক বছর করে গেছেন একজন—থিয়েরি অঁরি! দুবার লিগও জিতিয়েছেন।
অঁরি, আনেলকা...এই নামগুলোই অবশ্য ভরসা দেবে লাকাজেতকে। দুজনই যে ফ্রেঞ্চ! আনেলকা যাওয়ার পর থেকে নিচে আর্সেনালের ‘৯’ নম্বর জার্সিধারীদের প্রতি মৌসুমের লিগ পারফরম্যান্সের যে তালিকা দেখছেন, সেখানেও কিন্তু একজনও ফ্রেঞ্চ নেই!
কে জানে, আবার এক ফ্রেঞ্চ স্ট্রাইকারই হয়তো নতুন করে লিখবেন ইতিহাস। অন্তত আর্সেনাল-ভক্তদের তা আশা করতে দোষ নেই। গোলডটকম।
