'আমি বন্দী কারাগারে'
মুজিব পরদেশীকে তাঁরা কেউ চেনেন না। কিন্তু জীবনের কোনো এক মোহনায় তাঁদের সবাইকে মুখোমুখি হতে হয়েছে পরদেশীর সেই বিখ্যাত গানের কথার সঙ্গে—‘আমি বন্দী কারাগারে!’
বলছি, সেই সব ক্রিকেটারদের কথা যাঁরা অপরাধ করে জীবনের একটা সময় জেলে কাটিয়েছেন। এ দেশের স্মৃতিমেদুর ক্রিকেট-ভক্তের মনে হয়তো সবার আগে ভেসে উঠতে পারে তিনটি মুখ—রুবেল হোসেন, শাহাদত হোসেন ও আরাফাত সানি। বাংলাদেশের এ তিন ক্রিকেটারকে অপরাধের জন্য কারাবাসের শাস্তি পেতে হয়েছে। শিশু গৃহকর্মী নির্যাতনের দায়ে জেল খাটতে হয়েছে পেসার শাহাদতকে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন স্পিনার আরাফাত সানি। আর এক অভিনেত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় কারাগারে ছিলেন পেসার রুবেল।
কিন্তু তাঁরা ছাড়াও বর্হি বিশ্বে এমন সব নামজাদা ক্রিকেটার আছেন, যাঁদের জেলবাসের অভিজ্ঞতা হয়েছে। মাঠের ভেতরে কিংবা বাইরে অপরাধ করায় শাস্তি পেতে হয়েছে এসব ক্রিকেটারকে। অথচ ক্রিকেটের সেই আদিকাল থেকে খেলাটিকে বলা হয়, ‘জেন্টলম্যানস গেম’—মানে ‘ভদ্রলোকের খেলা’। কিন্তু এসব ভদ্রলোকেরা যখন অভদ্র কর্মকাণ্ড করে বসেন, তখন শাস্তি তো পেতেই হবে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস যেমন দুদিন আগে ঘুরে এলেন জেলখানা থেকে।
আসুন জেনে নেই জেলবাসের শাস্তি পাওয়া সেই সব ‘ভদ্রলোক’-এর কথা:

পাকিস্তানের ‘ত্রয়ী’ স্পট ফিক্সার
কাদের কথা বলা হচ্ছে, সেটা শিরোনামেই পরিষ্কার। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। ২০১০ সালে লর্ডস টেস্টে ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারিতে জড়িয়ে ছয় মাস জেল খাটতে হয়েছিল পেসার আমিরকে। ওই সময় পাকিস্তান দলের অধিনায়ক সালমান বাটকে আড়াই বছর ও পেসার আসিফকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল ব্রিটেনের এক আদালত। এ ছাড়াও আমিরকে পাঁচ বছর, বাটকে ১০ বছর এবং আসিফকে সাত বছর নিষিদ্ধ করা হয়েছিল সব ধরনের ক্রিকেট থেকে। যদিও পাঁচ বছর পর তিনজনই ফেরার অনুমতি পান ক্রিকেটে। এ ঘটনার আগে আসিফ তার আগে ক্যারিয়ারের মধ্যগগণে থাকতে মাদক রাখার দায়ে দুবাইয়ে একবার গ্রেপ্তার হয়েছিলেন।

নভোজৎ সিং সিধু
ক্রিকেটার, ধারাভাষ্যকার, রাজনীতিবিদ ও টিভি ব্যক্তিত্ব। ভারতের সাবেক এ ওপেনারকে নিয়ে বিতর্কের শেষ নেই। ১৯৮৮ সালে এক বৃদ্ধকে চাপা দিয়েছিল তাঁর গাড়ি। এ নিয়ে রাস্তার মধ্যেই সেই বৃদ্ধকে ভীষণভাবে পেটান সিধু। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে সেই বৃদ্ধের। এ জন্য আদালত তাঁকে তিন বছর কারাবাসের নির্দেশ দিলেও ২০০৭ সালে মাত্র দুই রাত জেলবাসের পর জামিন নিয়ে বেরিয়ে আসেন তখন রাজনীতিবিদ বনে যাওয়া সিধু।
শান্তাকুমারন শ্রীশান্ত
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হন ভারতের পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আজীবন নিষিদ্ধ হওয়ার পাশাপাশি এক মাস জেল খাটতে হয় মাঠে আগ্রাসী আচরণের জন্য বিতর্কিত এ ক্রিকেটারকে। তাঁর সঙ্গে জেল খেটেছিলেন আরও দুই ক্রিকেটার অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভান। এ বছরের ৭ আগস্ট তাঁর ওপর বিসিসিআই আরোপিত আজীবনের নিষেধাজ্ঞা তুলে নেয় কেরালা হাই কোর্ট।

মাখায়া এনটিনি
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট ক্রিকেটার। ১৯৯৯ সালে এক ধর্ষণ মামলায় জড়িয়ে আদালত কর্তৃক ছয় বছর কারাবাসের নির্দেশ পেয়েছিলেন এনটিনি। তাঁর বিপক্ষে জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ করেছিলেন, বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাফেলো পার্ক স্টেডিয়ামের টয়লেটে তাঁকে ধর্ষণ করেন এনটিনি। কিছুদিন কারাবাসের পর উচ্চ আদালতে আপিল করে ধর্ষণ মামলা থেকে মুক্তি পান দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এ উইকেটশিকারি।

ক্রিস লুইস
অমিত সম্ভাবনা নিয়ে ইংলিশ পেস বোলিংকে স্বপ্ন দেখিয়েছিলেন ক্রিস লুইস। ৩২ টেস্টে ৯৩ উইকেট নেওয়া এ পেসার ২০০৯ সালে গ্যাটউইক বিমানবন্দরে তরল কোকেন বহনের দায়ে ধরা পড়েন। আদালত তাঁকে ১৩ বছরের সাজা দিয়েছিল। সাড়ে ছয় বছর কারাবাসের পর ২০১৫ সালে মুক্তি পান লুইস। অন্ধকার জগতের হাতছানি থেকে উঠতি ক্রিকেটারদের বাঁচাতে গত বছর তাঁকে ‘কনসালট্যান্ট’ হিসেবে নিয়োগ দিয়েছিল প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।
আরও যাঁরা
বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপরাধের দায়ে জেলবাসের অভিজ্ঞতা হয়েছে আরও কিছু ক্রিকেটারের। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদকে যেমন দুই সপ্তাহ জেলে থাকতে হয়েছিল। ১ কোটি রুপির একটি চেক ‘বাউন্স’ করায় এ শাস্তি পেয়েছিলেন। পরে টাকাটা পরিশোধ করে মুক্তি পান জেল থেকে। ট্রাফিক আইন অমান্য করায় উমর আকমলরেও ‘শ্রীঘর’বাসের অভিজ্ঞতা হয়েছে। এ ছাড়া ইংল্যান্ডের সাবেক স্পিনার ফিল টাফনেল রেস্টুরেন্টে এক ‘ওয়েট্রেস’-এর সঙ্গে খারাপ ব্যবহার করায় এক রাত জেলে ছিলেন। কয়েক ঘণ্টার জন্য হলেও হাজত খাটার সর্বশেষ উদাহরণ সম্ভবত বেন স্টোকস। নৈশক্লাবে এক ব্যক্তিকে মারধরের দায়ে গত সোমবার রাতে গ্রেপ্তার হন ইংলিশ অলরাউন্ডার। পরে অবশ্য কোনো জরিমানা ছাড়া মুক্তিও পান।