শূন্যে আধঘণ্টা বল ভাসিয়ে বিশ্ব রেকর্ড

বল মাথায় নিয়ে খানিকটা কারিকুরি—খেলার মাঠে এমন দৃশ্য কতই তো দেখা মেলে। সাধারণত অনুশীলনের ফাঁকে খেলোয়াড়েরা শখের বশে বল নিয়ে এমনটা করেন। কিন্তু চামড়ার গোলকটা কতক্ষণই বা মাথায় রাখা যায়! খুব কৌশলী হলে বড় জোড় দুই-চার মিনিট। কিন্তু এরিক হার্নান্দাজের কাছে অনেকক্ষণ বল মাথায় রাখা যেন বাঁ হাতের (নাকি পায়ের আর হেডের) খেল! সাবেক এ কিউবিয়ান খেলোয়াড় আধঘণ্টার বেশি সময় শূন্যে বল রেখে রীতিমতো নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
গতকাল শনিবার হাভানায় এ রেকর্ড গড়েন হার্নান্দেজ। গত বিশ্বকাপের অফিসিয়াল বল ব্রাজুকা মাথায় রেখেছিলেন ৩০ মিনিট এক সেকেন্ড! ব্যস, রেকর্ড হওয়ার জন্য সেটাই যথেষ্ট। আগের রেকর্ডটি ছিল ২২ মিনিটের। সেটি ছিল হার্নান্দেজের স্বদেশি লুইস কার্লোস গার্সিয়ার দখলে।
হার্নান্দেজের নামের পাশে আরও দুটি রেকর্ড জমা হয়েছে। এক মিনিটে হেড করেছেন ৩১৯ বার। পায়ে বল লোফালুফি করেছেন টানা এক ঘণ্টা ২৮ মিনিট।
কাজগুলো করতে তাঁর নাকি খুব একটা কষ্ট হয়নি। তবে এর জন্য করতে হয়েছে কঠোর অনুশীলন। নজর রাখতে হয়েছে পেটের পেশির দিকেও। দীর্ঘক্ষণ এমন কারিকুরির পরও এতটুকু ক্লান্ত নন হার্নান্দেজ। বলেছেন, ‘শারীরিকভাবে ক্লান্ত হইনি। তবে ঘাড়ে একটু অস্বস্তি বোধ হচ্ছে।’ আইএএনএস।