বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহও বাকি নেই। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ভারত এরই মধ্যে খেলে ফেলেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত জিতেছে ১৩ রানে। বিশ্বকাপে রোহিতের দল প্রথম ম্যাচ খেলবে ২৩ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে।শুধু বিশ্বকাপ বলেই নয়, পাকিস্তানের বিপক্ষে ভারতের এই ম্যাচটা আত্মমর্যাদার লড়াই, সেটা নতুন করে না বললেও চলে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপে ভারতের একতরফা আধিপত্য ছিল। তবে গত বিশ্বকাপে বাবর আজমদের কাছে ১০ উইকেটের হারে বিশ্বকাপে টানা জয়ের রেকর্ড ভেঙে গেছে। বিশ্বকাপের পর গত এশিয়া কাপেও দুই দল দুবার মুখোমুখি হয়েছে। সে টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের জয় সমান একটি করে। তবে পাকিস্তান ফাইনাল খেললেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় রোহিতের দল।
তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপে পাকিস্তানকে মাঠে জবাব দেওয়ার চাপ আছে ভারতের ওপর। এই চাপ আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে সমর্থকেরা। ক্রিকেটাররা বরাবরই মাঠের খেলার আগের এই চাপকে অস্বীকার করেন। যুজবেন্দ্র চাহালও সেই পথেই হাঁটলেন। পাকিস্তান ম্যাচ ঘিরে কোনো বাড়তি চাপ নেই বলে দাবি করেছেন এই লেগ স্পিনার।
চাহাল প্রথমবারের মতো খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ বিশ্বকাপে দলে জায়গা হয়নি এই লেগ স্পিনারের। ভারতের পত্রিকা দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোনো দলের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা থাকলে, তাদের বিপক্ষে খেলার আগে নতুন করে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম অনেক আলোড়ন তৈরি করছে। কিন্তু ক্রিকেটারদের জন্য এটা আর পাঁচটা ম্যাচের মতোই।’
বাড়তি চাপ এড়াতে অনেক ক্রিকেটারকেই সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। অনেকেই সেটা মেনেও চলেন। তবে চাহাল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এবং ওখানে যা লেখা হয়, তা তাঁকে বিরক্ত করতে পারে না বলেও দাবি করছেন এই স্পিনার।
আরেকটি ভারত–পাকিস্তান ম্যাচ, এর আগে প্রতিপক্ষকে নিয়ে কী ভাবছেন চাহাল? এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘পাকিস্তান ভালো দল, তবে আমরা তাদের নিয়ে ভাবছি না। আমরা শুধু আমাদের পারফরম্যান্সের দিকেই নজর দিচ্ছি। ম্যাচের দিন আপনি কেমন পারফর্ম করেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’