আর্জেন্টিনা ফুটবলের সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি তাঁকে কর ফাঁকির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টাইন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এএফএ সভাপতি তাপিয়াকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছে। আর্জেন্টিনার কর সংস্থা এআরসিএ তাঁর বিরুদ্ধে কর ফাঁকি এবং সামাজিক নিরাপত্তা তহবিলের অবৈধ ব্যবহার করার অভিযোগ করেছে।
তাপিয়ার পাশাপাশি এএফএর অন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও ‘তদন্তাধীন ঘটনার গুরুত্বের কারণে’ দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া এএফএ খেলোয়াড় ও কর্মচারীদের পেনশনের অর্থ ঠিকমতো জমা দিয়েছে কি না এবং মার্চ ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত যে কর পরিশোধ করতে হতো, তা যথাযথভাবে দিয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। মূলত সংস্থাটি পেনশন ও কর–সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে কি না, সেটিই তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে, পুলিশ এএফএর সদর দপ্তরে অভিযান চালায়। ২০২৬ বিশ্বকাপের আগমুহূর্তে এমন অভিযান বেশ আলোচনার জন্ম দেয়। এএফএর দাবি, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাদের কারণে তাদের মানহানির শিকার হতে হয়েছে।
সংস্থাটির দাবি, অভিযোগের মূল উৎস ওই ব্যবসায়ী এবং এ বিষয়ে প্রেসিডেন্ট জাভিয়ের মিলের সরকারও অবগত।
উল্লেখ্য, মিলে যে ফুটবল ক্লাবগুলো অলাভজনক সেগুলোকে পাবলিকলি ট্রেডেড স্পোর্টস কোম্পানিতে রূপান্তর করার পক্ষপাতী। কিন্তু এএফএর নিয়ম তা অনুমোদন করে না।