‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

মিসরের হয়ে দ্বিতীয় গোলটি করার পর মোস্তাফা জিকোরয়টার্স

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মিসরকে। আটলান্টার শেষ ষোলোর নাটকীয় ম্যাচে ৩-২ গোলে হেরেছে তারা। এই হারের পর ম্যাচ শেষে রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন মিসরের খেলোয়াড় মোস্তাফা জিকো।

বিতর্কের সূত্রপাত ৬২ মিনিটে জিকোর বাতিল হওয়া গোলকে ঘিরে। আক্রমণ গড়ে ওঠার সময় আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের ওপর ফাউলের ঘটনা ধরা পড়ায় ভিএআরের পরামর্শে গোলটি বাতিল করেন রেফারি। মিসরের দাবি, সিদ্ধান্তটি সঠিক ছিল না।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। তবে সেই আক্রমণ শুরুর সময়ও ফাউলের দাবি তুলেছিলেন মিসরের খেলোয়াড়েরা। কিন্তু এবার রেফারি বা ভিএআর কোনো হস্তক্ষেপ করেনি। মিসর সমর্থকসহ অনেকের অভিযোগ, একই ধরনের দুটি ঘটনায় রেফারির ভিন্ন সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

আরও পড়ুন

ম্যাচ শেষে আবেগাপ্লুত জিকো দাবি করেন, রেফারির ভুল সিদ্ধান্তই মিসরের কাছ থেকে ম্যাচটি কেড়ে নিয়েছে, ‘রেফারির পারফরম্যান্স ভালো ছিল না। তিনি পরিষ্কার জুলুম করেছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে গেছেন। তিনি চাননি আমরা জিতি।’

মোস্তাফা জিকোর এই উদ্‌যাপনের আগে করা গোলটি বাতিল হয়েছিল
রয়টার্স

মিসরের এই মিডফিল্ডার আরও অভিযোগ করেন, রেফারি আর্জেন্টিনার পক্ষ নিয়েছেন। এমনকি ম্যাচটি ‘পাতানো’ ছিল বলেও মনে করেন তিনি, ‘ম্যাচটি আগেই ঠিক করে রাখা ছিল। এটা আমাদের দোষ নয়। ওই রেফারি...সবকিছু দেখে মনে হয়েছে ম্যাচের ফল আগেই নির্ধারণ করা ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম। এর পর থেকেই তিনি একের পর এক আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিতে থাকেন। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি—দেখেটেখে এমনটাই মনে হচ্ছে।’