গোলের সঙ্গে জয়ও চান মোরছালিন

কিংস অ্যারেনায় শেখ মোরছালিনপ্রথম আলো

গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে করা শেখ মোরছালিনের গোলটি এখনো অনেকের চোখে ভাসে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ বাংলাদেশের; যেটি সামনে রেখে আজ থেকে কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে হাভিয়ার কাবরেরার দল। অনুশীলনে নামার আগে মোরছালিন সাংবাদিকদের বলেছেন, সিঙ্গাপুরেও গোলের খোঁজেই থাকবেন তিনি।

তবে শুধু গোল হলেই চলবে না, দলের জন্য জয়ও চান মোরছালিন, ‘আমি সব সময় দলের জন্য খেলি। এবারও সেটাই করব। কীভাবে দলকে জেতানো যায়, সেটাই থাকবে প্রথম অগ্রাধিকার। এরপর যদি সুযোগ আসে অবশ্যই গোল করার চেষ্টা করব। আমার প্রথম প্রাধান্য দলকে জেতানো।’

শেষটা ভালোর আশায় আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল দলের মাঠের অনুশীলন
প্রথম আলো

২০২৩ সালে জাতীয় দলে অভিষেক মোরছালিনের। এর পর থেকে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে সাত গোল করেছেন এই মিডফিল্ডার, যার বেশির ভাগই বড় দলের বিপক্ষে। গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে তাঁর একমাত্র গোলেই ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের জয় ওই একটিই। বাছাইপর্বে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও গোল পান মোরছালিন।

সিঙ্গাপুর তো অবশ্যই, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ভালো ফুটবল খেলাটাও লক্ষ্য তাঁর, ‘আমরা ভিয়েতনামের মতো ভালো একটি দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পাব, যা সিঙ্গাপুর ম্যাচে খেলার আগে বাড়তি অনুপ্রেরণা। সবাই নিজেদের ভালোভাবে ঝালিয়েও নিতে পারবে। দুই ম্যাচে সবাই জয়ের জন্য লড়বে। সিঙ্গাপুরকে হারাতে পারলে ভালো একটা জায়গায় থেকে টুর্নামেন্ট শেষ করতে পারব।’

সাদ–ফয়সালদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন কানাডাপ্রবাসী শমিত সোম
শামসুল হক

হামজা চৌধুরী–শমিত সোমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পর দলের শক্তিমত্তা বেড়েছে। এখন র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা দলগুলোর সঙ্গেও তাই লড়াই জমে ওঠে। মোরছালিনও বলেছেন, ‘হামজা ভাইরা আসায় আমাদের দলের শক্তি অনেক বেড়েছে। এখন র‍্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা দলগুলোর সঙ্গেও ভালো লড়াই হয়।’

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারলেই খুশি হবে সবাই। তবে কারও কারও কোয়ালিফাই না করার আক্ষেপও রয়ে গেছে। তাদের একজন ডিফেন্ডার রহমত মিয়া।

কিংস অ্যারেনায় অনুশীলন শুরুর আগে রহমত সেটাই বলেছেন, ‘প্রথম থেকেই আমাদের প্রত্যাশা ছিল এশিয়ান কাপে কোয়ালিফাই করা। কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করতে পারিনি। তবে আগের চেয়ে আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে। এখন শেষ ম্যাচটা জিতে সবাই মাঠ ছাড়তে চায়।’