রানির জন্য শোক পেলে-ফেদেরারের
খবরটা ছড়িয়ে পড়ার পরই থমকে গিয়েছে ক্রীড়া–বিশ্ব। ওভালে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট স্থগিত করা হয়। ইংলিশ ফুটবল লিগে হবে না আজকের নির্ধারিত দুই ম্যাচ। হবে না গলফে পিজিএ চ্যাম্পিয়নশিপ, হর্স রেসিং ও সাইক্লিংয়ের আজকের খেলাও।
কাল ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকে ভাসছে বৈশ্বিক ক্রীড়াঙ্গন। খেলার দুনিয়ার দুই কিংবদন্তি পেলে ও রজার ফেদেরার শোক জানিয়েছেন রানির মৃত্যুতে।
কাল ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১০ উইম্বলডনে তাঁর সঙ্গে দেখা হয়েছিল টেনিসের কিংবদন্তি রজার ফেদেরারের। উইম্বলডনে ৮ বারের চ্যাম্পিয়ন ফেদেরার রানির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইটে লিখেছেন, ‘মহামান্য রানির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার আভিজাত্য এবং দায়িত্বের প্রতি আনুগত্য মনে রাখবে ইতিহাস। ব্রিটেন এবং গোটা রাজ পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’
টেনিসের আরেক কিংবদন্তি রাফায়েল নাদালের টুইট, ‘অত্যন্ত সম্মান এবং গভীর শোক জানাচ্ছি।’
তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাল রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর সঙ্গে সাক্ষাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। টুইটে তিনি লিখেছেন, ‘১৯৬৮ সালে প্রথম সাক্ষাতের পর থেকেই আমি রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ভক্ত। সেবার তিনি ব্রাজিলে এসে দর্শকে ঠাসা মারাকানায় ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা দেখেছিলেন। তার অবদান অমরত্ব পাবে।’
বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো বলেছেন, ‘২০১২ লন্ডন অলিম্পিক ও প্যারা অলিম্পিক সফলভাবে আয়োজনে রানির নিজেকে নিবেদন করার স্মৃতি আমি কখনো ভুলব না। আমরা সবাই তাকে মিস করব।’
ইংলিশ প্রিমিয়ার লিগের সব ক্লাব রানির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। প্রতিযোগিতাটির পক্ষ থেকে বলা হয়েছে, রানির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত। রাজ পরিবারের প্রতি সহর্মমিতা রইল।’
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন টুইট করেছেন, ‘এই কঠিন সময়ে রাজ পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। রানি ছিলেন প্রেরণার প্রতীক, দেশকে অবিশ্বাস্য সেবার জন্য সবাই তাকে মনে রাখবে। শান্তিতে ঘুমান।’ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকেও রানির মৃত্যুতে ‘গভীর শোক’ জানানো হয়।