গত ১৯ বছরে এমন খুব কমই হয়েছে, ঈদুল আজহার আগের দিন আমার ডারবানের ওই রাতের কথা মনে পড়েনি। সময় এমনই সর্বহর এক ওষুধ, সব ক্ষতের ওপরই যা ক্রমাগত মলম লাগিয়ে যায়। ডারবানের ওই রাতের দুঃস্বপ্নের ওপরও তা-ই। সেই রাতের অনুভূতির তীব্রতা তাই অবশ্যই কমেছে। কম তো নয়, ২০ বছর আগের কথা। তবে তীব্রতা কমালেও তা একেবারে ভুলিয়ে দিতে পারেনি।
তা কী হয়েছিল সেই রাতে?
২০০৩ বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার কাছে হেরে বসেছিল বাংলাদেশ। সেটিও বিশাল ব্যবধানে—৬০ রানে। নিশ্চয়ই বুঝে ফেলেছেন, কানাডা কেমন বড় একটা স্কোর করেছিল। সেই বোঝাটা ভুল, কানাডা করেছিল মাত্র ১৮০। এরপর ৬০ রানে হারতে এলেম লাগে। কাজটা কঠিনও বটে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাখ্যাতীত ব্যাটিংয়ে সেই কঠিন কাজই অনায়াসে করে ফেলেছিলেন।
হঠাৎ এই পুরোনো কাসুন্দি কেন ঘাঁটছি, এই প্রশ্ন আপনার মনে না জেগে পারেই না।
কারণ হলো, ঈদের আগের দিনটা এখন আর বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে অবিমিশ্র দুঃখের (‘লজ্জা’ শব্দটা লিখতে গিয়েও লিখলাম না, যদিও সেই রাতের অনুভূতিটা এমনই ছিল) স্মৃতি হয়ে নেই। ২০ বছর পর এর সঙ্গে দারুণ এক আনন্দও যোগ হয়েছে। আরেকটি ঈদের আগের দিন যে বাংলাদেশ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে!
২০ বছর আগে ও পরের এই দুটি ঘটনাকে মেলানো নিয়ে কারও আপত্তি থাকতেই পারে। কোথায় বিশ্বকাপে অপেশাদার সব ক্রিকেটারকে নিয়ে গড়া কানাডার বিপক্ষে পরাজয়, আর কোথায় সাফ ফুটবলের সেমিফাইনালে ওঠা—শুধু মেলালেই হবে নাকি! না, শুধু মেলানোর জন্য মেলানো নয়। কানাডার বিপক্ষে পরাজয় পরদিন বাংলাদেশের ঈদটাকে কেমন নিরানন্দ করে দিয়েছিল, তা অনেকেরই মনে থাকার কথা।
এই ‘অনেকে’ বলতে অবশ্যই গত শতাব্দীতে জন্ম নেওয়া পাঠকদের কথা হচ্ছে। নইলে ২০ বছর আগের কথা কীভাবে মনে থাকবে! সেই দিনটি যদি বাংলাদেশের খেলাধুলার ইতিহাসের চরমতম দুঃখ হয়ে থাকে, এবারের ঈদের আগের দিনটিকে পরম আনন্দের করে দিয়েছেন মোরছালিন-রাকিবরা।
আঞ্চলিক একটা টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠাটাকে ‘পরম আনন্দ’ বলাটা বাড়াবাড়ি মনে হচ্ছে? তা মনে না হওয়ার জন্য একটা তথ্য জানা থাকাই যথেষ্ট। বাংলাদেশ সর্বশেষ সাফ ফুটবলের সেমিফাইনাল খেলেছে ১৪ বছর আগে।
যার মানে, ইউরোপিয়ান ফুটবলে বুঁদ হয়ে থাকা ১৬/১৭/১৮ বছরের তরুণদের মনে বাংলাদেশের সাফের সেমিফাইনালে খেলার স্মৃতি বলতে কিছু নেই। তাঁদের যা মনে আছে তা হলো, সাফ ফুটবলে এর পরের পাঁচটি আসরে ক্রমাগত ব্যর্থতা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াটাই যেখানে এক রকম নিয়মে পরিণত হয়েছিল, সেখানে সেমিফাইনালে ওঠাটাই তো উদ্যাপনের উপলক্ষ। সেটিও আবার এমন দারুণ ফুটবল খেলে।
হ্যাঁ, ঈদের আগের দিন যদি বাংলাদেশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে যেত, তাহলে পরম আনন্দ কথাটা অবশ্যই আরও অর্থবহ হতো। নির্দ্বিধায় ২০ বছর আগে ঈদের আগের দিন বিশ্বকাপ ক্রিকেটে কানাডার কাছে হারের ঠিক বিপরীত বিন্দুতে বসিয়ে দেওয়া যেত এটিকে। তবে আমি শুধু আমার নিজের কথাই বলতে পারি।
চমকের ষোলোকলা পূর্ণ করে বাংলাদেশ যদি সাফে চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে তো বটেই, তা না হলেও আগামী বছর থেকে ঈদের আগের দিন আমার শুধু কানাডার বিপক্ষে সেই পরাজয়ের কথাই মনে পড়বে না। মনে পড়বে টানা দ্বিতীয় ম্যাচে গোল খাওয়ার পরও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বাংলাদেশের সাফের সেমিফাইনালে ওঠাও।
ব্যাঙ্গালোর থেকে বাংলাদেশ ফুটবল দলের যেসব ছবি এসেছে, তা দেখেই বুঝে নেওয়া যাচ্ছে, এই ঈদটা ফুটবলারদের জীবনে কেমন স্পেশাল হয়ে এসেছে। এটা বুঝতে অবশ্য ছবিটবি দেখারও কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। ঈদ মানেই তো আনন্দ, আর সেই ঈদ যদি ১৪ বছর ধরে অধরা একটা সাফল্যের পর আসে, তাহলে সেই আনন্দ আরও রঙিন হয়ে যাওয়ারই কথা। তার ওপর বাংলাদেশের এই দলের কারও যেখানে সাফের সেমিফাইনালে ওঠার আনন্দের সঙ্গে পরিচয়ই নেই।
তারপরও ব্যাঙ্গালোরের ছবিগুলোর কথা আসছে, সেই ছবিগুলো দেখতে দেখতে ২০ বছর আগে ডারবানের ঈদের দিনটির কথা মনে পড়ে যাওয়ায়। ডারবানে বাংলাদেশ দল ছিল সাগরপাড়ের এলাঙ্গেনি হোটেলে। কানাডার বিপক্ষে হারের পর বাধ্যতামূলক ডোপ টেস্ট দিয়ে দলের হোটেলে ফিরতে ফিরতে রাত প্রায় সাড়ে ১২টা বেড়ে গেছে। আগেই ঠিক করা ছিল, ঈদের দিনটা বাংলাদেশ দল ডারবানেই কাটাবে। স্যানিটারি মিস্ত্রি, কাঠমিস্ত্রি, শিক্ষক, সেলসম্যানদের নিয়ে গড়া এক দলের কাছে হারার পর সেই রাতেই বদলে গেছে সিদ্ধান্ত। ঠিক হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অভিশপ্ত ডারবান ছেড়ে যাবে দল।
পরিবর্তিত সূচি অনুযায়ী ঈদের দিন বেলা ১১টায় ঘণ্টা দুয়েক দূরত্বের পিটার মারিজবার্গের বাসে উঠছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আমি তখন হোটেলের লবিতে দাঁড়িয়ে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলব বলে এর অনেক আগে থেকেই। কিন্তু তাঁদের পেলে তো? বলতে গেলে কেউই ব্রেকফাস্ট করতেও নামেননি। ঈদের নামাজও পড়েছেন মাত্র তিন-চারজন। তাঁরাও নামাজ শেষে কোনো কথা না বলে সোজা রুমে।
লবিতে দেখা হলো শফিকুল হক হীরার সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, পরে অনেকদিন বাংলাদেশ দলের ম্যানেজারও। ‘কেমন আছেন?’ জিজ্ঞেস করায় উত্তর দিলেন, ‘আর আছি! বিষ থাকলে বিষ দাও।’
সাংবাদিকতায় কিছু নিষ্ঠুর কাজ করতে হয়। কানাডার বিপক্ষে হেরে যাওয়ার পর কেমন লাগছে—এই প্রশ্ন করাটা তো নিষ্ঠুরতাই। তবে পেশার দায় বলে কথা, প্রশ্ন তো তখন ওই একটাই। বাসে ওঠার সময় কয়েকজন যেটির উত্তর দিলেন। বেশির ভাগ উত্তর একই রকম—যা হয়েছে, তা বিশ্বাস হচ্ছে না। এর মধ্যেও সেই দলের ওপেনার হান্নান সরকারের কথাটা আলাদাভাবে মনে আছে, ‘আমার শুধু মনে হচ্ছে, এই ম্যাচটা এখনো হয়নি।’
লবিতে দেখা হলো শফিকুল হক হীরার সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, পরে অনেকদিন বাংলাদেশ দলের ম্যানেজারও। ‘কেমন আছেন?’ জিজ্ঞেস করায় উত্তর দিলেন, ‘আর আছি! বিষ থাকলে বিষ দাও।’
আমার সঙ্গে বিষ ছিল না। থাকলেও অবশ্যই তা দিতাম না। আমি তাই দ্রুত অন্য প্রসঙ্গে চলে গেলাম। বাংলাদেশ দল ডারবান ছাড়ার কিছুক্ষণ পরই এসে পৌঁছালেন সিসিডিএমের দুই কর্মকর্তা আলী হোসেন ও গোলাম ফারুক ফটিক। ঢাকা থেকে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ফুল স্লিভ জার্সি নিয়ে এসেছেন। দুবাই বিমানবন্দরে শুনেছেন অকল্পনীয় এই খবর। শুনে বিশ্বাস করতে পারেননি। আমার কাছে সেই দুঃস্বপ্নের বিস্তারিত শুনলেন। শোনার পর ঠিক পাশেই গর্জনরত আটলান্টিক মহাসাগরের দিকে আঙুল তুলে বললেন, ‘ইচ্ছা করছে জার্সিগুলো ওই সাগরে ফেলে দিই!’
সেই ইচ্ছা পূরণ করা যে ঠিক হবে না, সেটি তাঁরা জানেন বলে নিশ্চিত থাকায় আমি নিষেধ করার কোনো প্রয়োজনীয়তা দেখলাম না। এত বছর পর বলে এসব নিয়ে মজা করতে পারছি, তবে সেদিন আমার নিজের মনের অবস্থাও মোটেই সুবিধার ছিল না। ঈদের আনুষ্ঠানিকতা না থাকলেও দিনটা আমার খুব আনন্দেই কাটানোর কথা ছিল। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগেই জানি, শুরুতেই বড় একটা উপহার পেতে যাচ্ছি।
ঈদের আগের দিন আর পরের দিন মিলিয়ে তিন দিন ছুটি। পত্রিকা বন্ধ। তখন ছুটি মানে সাংবাদিকদেরও নির্ভেজাল ছুটি। অনলাইন বলে কোনো বস্তু তখনো আসেনি। ঈদের আগের দিনের ছুটিটা কানাডার বিপক্ষে ম্যাচের জন্য স্টেডিয়ামেই কাটবে বলে জানাই ছিল। পরের দুই দিন লেখা দূরে থাক, খেলা দেখারও কোনো দায় নেই। কোথায় কোথায় ঘুরতে যাব, দেশ ছাড়ার আগেই সেটির নিখুঁত পরিকল্পনা করে রেখেছিলাম।
কিন্তু কানাডার বিপক্ষে ওই হারের পর সবকিছু এমনই বিস্বাদ লাগতে শুরু করল যে ঢাকা থেকে জার্সি নিয়ে যাওয়া দুজন যা করতে পারেননি, আমি তা-ই করলাম। সব পরিকল্পনা আটলান্টিক মহাসাগরে ছুড়ে ফেলে দিলাম। কিছুক্ষণের জন্য হোটেলের সামনে সৈকত ঘুরে আসা ছাড়া বাকি সময়টা মনে হয় রুমে শুয়ে-বসেই কাটিয়েছিলাম।
এরপরও তা বাংলাদেশ কত ম্যাচ হেরেছে। যা-তা খেলে হেরেছে, ভালো খেলে হেরেছে, জিততে জিততে হেরেছে। তবে এর কোনোটাই কানাডার বিপক্ষে ওই পরাজয়ের মতো এমন দীর্ঘস্থায়ী ক্ষত হয়ে থাকেনি। আর ওই পরাজয় মানেই ঈদুল আজহার আগের দিন। অন্যভাবে বললে, প্রচলিত ভাষায় বড় ঈদের আগের দিন মানেই ওই ‘নাইটমেয়ার রিভিজিটেড’। কালকের পর থেকে আর তা নয়। কেন?
এখন ঈদের আগের দিন কানাডার কাছে পরাজয়ের দুঃখের পাশেই যে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠার আনন্দ।