জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু আর নেই

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমুশামীমা সাত্তারের ফেসবুক অ্যাকাউন্ট

‎ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, নিবেদিতপ্রাণ সংগঠক এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু আর নেই। গতকাল রাতে রাজধানীতে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা সাত্তার মিমু দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাঁটাচলা ও মানুষ চিনতে সমস্যা দেখা দিয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি আবারও ক্রীড়াঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই প্রত্যাবর্তন আর দীর্ঘ হলো না। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

স্বাধীনতা–উত্তরকালে বাংলাদেশের অ্যাথলেটিকসে দাপুটে বিচরণ ছিল শামীমা সাত্তার মিমুর
শামীমা সাত্তারের ফেসবুক অ্যাকাউন্ট

‎শামীমা সাত্তার মিমু ছিলেন স্বাধীনতা–উত্তরকালে বাংলাদেশের অ্যাথলেটিকসে এক উজ্জ্বল নাম। জাতীয় অ্যাথলেটিকসে হাই জাম্প ইভেন্টে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন। এ ছাড়া স্প্রিন্টেও একাধিক পদক জিতেছেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান।

আরও পড়ুন

খেলোয়াড়ি জীবন শেষে মিমেু কোচ, জাজ ও সংগঠক হিসেবে কাজ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উপপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিকেএসপির চাকরি শেষে অ্যাথলেটিকস, আর্চারি ফেডারেশনের সদস্য হিসেবে কাজ করেন। লম্বা সময় অ্যাথলেটিকসের জাজের দায়িত্বও পালন করেন।‎ ‎তাঁর মৃত্যুতে বিকেএসপি, বিসিবি, অ্যাথলেটিকস ফেডারেশন, আর্চারি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।