চলে গেলেন মোহাম্মদ আলীর বন্ধু ও প্রতিপক্ষ ইনোকি
সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা ছড়িয়ে পড়ার পর কেউ কেউ হয়তো স্মৃতিমেদুর হয়েছেন। সেই যে সত্তর দশক, সাপ্তাহিক বিচিত্রা, মোহাম্মদ আলী বনাম আন্তনিও ইনোকি; মনে পড়ে?
দুই ভুবনের দুই ‘রাজা’র সেই লড়াই আলোড়ন তুলেছিল বাংলাদেশেও। পত্রপত্রিকায় ফলাও করে লেখা হয়েছে, চায়ের কাপে নিশ্চয়ই ঝড়ও উঠেছে? সেসব বলতে পারবেন দেশের এখনকার ‘সিনিয়র’ সিটিজেনরা। তখন তাঁরা আলী–ইনোকির মতোই তরুণ। মুষ্টিযুদ্ধের ‘গ্রেটেস্ট’ পৃথিবী ছেড়েছেন ছয় বছর আগেই। আজ তাঁর সঙ্গী হলেন ইনোকি। হ্যাঁ, জাপানের এই পেশাদার রেসলার, মার্শাল আর্টিস্ট এবং রাজনীতিবিদ—যাঁর আসল নাম মুহাম্মদ হোসেইন—রিংয়ে যিনি আন্তনিও ইনোকি নামে পরিচিত, আজ মারা গেছেন। খবরটা জানার পর সেই প্রজন্মের অনেকেরই নিশ্চয়ই ১৯৭৬ সালের সেই লড়াইয়ের স্মৃতি মনে পড়েছে।
ইনোকির জীবনটা কর্মযজ্ঞের। জাপানের পেশাদার রেসলিংকে খ্যাতি পাইয়ে দিয়েছেন বিশ্বে। রেসলিং এবং অন্যান্য ‘কমব্যাট স্পোর্টস’–এর তারকাদের মধ্যে মিক্সড মার্শাল আর্ট ম্যাচের আয়োজন করে খেলার এই ঘরানাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন ইনোকি। উত্তর কোরিয়ার সঙ্গেও বেশ ভালো সম্পর্ক ছিল। শান্তি রক্ষার্থে কমপক্ষে ৩০ বার গিয়েছেন দেশটিতে। শুধু কি তাই, ইরাকে জিম্মি থাকা নাগরিকদের উদ্ধারেও তাঁর ভূমিকা কম ছিল না! প্রশ্ন উঠতে পারে, খেলার ভুবনের ‘রাজা’ হয়ে অন্য ভুবনে তিনি এসব কাজ করলেন কীভাবে? যে তথ্যটা জানানো হয়নি, রেসলিং থেকে রাজনীতিতে নামা প্রথম খেলোয়াড় কিন্তু ইনোকি।
ইন্টারনেট ঘাঁটলে তাঁর অনেক তথ্যই জানা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৩ সালে ইয়োকোহামায় জন্ম, ১৩ বছর বয়সে ব্রাজিলে চলে যান পরিবারের সঙ্গে, কাজ করেন কফিবাগানে। ছাত্রাবস্থায় শট পুটে খ্যাতি কুড়ান, ১৭ বছর বয়সে নামলেন পেশাদার রেসলিংয়ে। জাপানিজ পেশাদার রেসলিংয়ের ‘জনক’খ্যাত রিকিদোজান তাঁকে আবিষ্কার করেন। ১৯৬০ সালে পেশাদার রেসলিংয়ে নামার দুই বছর পর পিতৃপ্রদত্ত নাম পাল্টে ফেললেন। বাকিটা ইতিহাস—পেশাদার রেসলিংয়ে ১২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন! এই খেলায় জেতা অন্য সব খেতাব তো আছেই।
তবে ইনোকির মৃত্যুতে তাঁকে স্মরণ করার কারণ রেসলিংয়ের জন্য নয়। ১৯৭৬ সালে মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর যে লড়াইটা হয়েছিল, সেটিকে বলা হয় আধুনিক মিক্সড মার্শাল আর্ট খেলার পূর্বসূরি হিসেবে। টোকিওর বুদোকন হলে সে ম্যাচকে ইনোকির ভক্তরা মনে রেখেছেন ‘শতাব্দীর সেরা লড়াই’ হিসেবে। হ্যাঁ, ১৯৭১ সালে ম্যাডিসন স্কয়ারে জো ফ্রেজিয়ার ও মোহাম্মদ আলীর সেই লড়াইকেও ‘শতাব্দীর সেরা লড়াই’ বলা হয়। আবেদনে কোনোটাই কম ছিল না! কিন্তু আজ পরের শতাব্দীসেরা লড়াইটির গল্প বলাটা তো সময়েরই দাবি। ইনোকির সময় যে ফুরিয়েছে।
সে বছর (১৯৭৬) মে মাসে ইংরেজ সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন রিচার্ড ডানকে হারিয়ে ফুরফুরে মেজাজে ছিলেন তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। রিংয়ে প্রজাপতির ওড়ার ঢঙে লড়াইয়ে সিদ্ধহস্ত আলী তখন হেভিওয়েট চ্যাম্পিয়ন। ইনোকি তত দিনে বেলজিয়ামের রেসলিং কিংবদন্তি কার্ল গোচের কাছে ‘ক্যাচ রেসলিং’ শিখে নিজেকে আরও সমৃদ্ধ করেছেন। নতুন এক লক্ষ্য ঠিক করলেন তিনি। ‘কমব্যাট স্পোর্টস’–এর বিভিন্ন খেলায় চ্যাম্পিয়নদের সঙ্গে মিক্সড মার্শাল আর্ট প্রদর্শনী ম্যাচ আয়োজন করবেন। এই ঘরানায় পেশাদার রেসলিংও যে অন্যান্য খেলার সঙ্গে পাল্লা দিতে সক্ষম, তা প্রমাণ করতেই বৈপ্লবিক এই পদক্ষেপ নিয়েছিলেন ইনোকি।
আলীর বিপক্ষে সেই প্রদর্শনী ম্যাচে বিশেষ কিছু নিয়মও ঠিক করা হয়েছিল, যা পরে মিক্সড মার্শাল আর্টে স্থায়ী হয়ে যায়। রিংয়ে আলীকে ১০৭ বার লাথি মেরেছিলেন ইনোকি, রেসলিংয়ের রিং হলে তৎক্ষণাৎ অযোগ্য ঘোষিত হতেন, কিন্তু সেটা যেহেতু প্রদর্শনী ম্যাচ ছিল আর এই খেলায় নতুন এক মাত্রা যোগ করতেই দুই পক্ষ কথা বলে নিয়মগুলো ঠিক করে নিয়েছিল। তবে মজার তথ্য দিয়েছেন বক্সিং সংবাদকর্মী জিম মার্ফি। দেশের দর্শকদের সামনে ইনোকিকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আলী অসাবধানতাবশত রেফারির মুখে ঘুষি মারবেন, তাঁকে অযোগ্য ঘোষণা করে ইনোকিকে জিতিয়ে দেওয়া হবে—এই ছিল আসল পরিকল্পনা।
কিন্তু দুনিয়ার সবাই জানত ‘গ্রেটেস্ট’ অন্য ধাতে গড়া মানুষ। আলী রাজি হননি। পরে ইনোকি নিজেই জানিয়েছিলেন, লড়াই শুরুর আগে আলী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘তো, আমরা মহড়া কখন শুরু করব?’ ইনোকি সত্যটা বলে দেন, ‘না, কোনো মহড়া নয়। এটা আর প্রদর্শনী ম্যাচ নেই, আসল লড়াই–ই হবে।’ লড়াইয়ের আগে দুই পক্ষই কী কী আঘাত করা যাবে, আর কী কী করা যাবে না—সে বিষয়ে একমত হয়ে নেন।
১৪তম রাউন্ড পর্যন্ত দুর্দান্ত লড়াই চলে দুই কিংবদন্তির। ১৫তম ও শেষ রাউন্ড শুরুর আগে হাত মেলান দুজন। দর্শক ভেবেছিলেন, হয়তো নাটকীয় নিষ্পত্তিই হতে যাচ্ছে। কিন্তু তা আর হয়নি। আগের মতোই ইনোকি লাথি ও কুস্তির প্যাঁচের ওপর নির্ভর করে লড়াই করেন, আর আলী ‘কাউন্টার জ্যাব’ মেরে যান। ম্যাচ শেষের ঘণ্টা বাজার পর দুজনে আবারও হাত মেলান, তবে দর্শক সন্তুষ্ট হয়নি। তাঁরা সম্ভবত কারও কাছ থেকে নকআউট পাঞ্চ দেখার অপেক্ষায় ছিলেন। বিচারকদের মধ্যে রেসলার কোকিচি এন্দো ৭৪–৭২ পয়েন্ট ব্যবধানে আলীকে জয়ী ঘোষণা করেন, বক্সিং বিচারক কো তয়মা ৭২–৬৮ পয়েন্ট ব্যবধানে জয়ী ঘোষণা করেন ইনোকিকে, আর এই জট খুলতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ভার পড়ে ম্যাচের রেফারি লেবেলের ওপর। তিনি ৭১–৭১ ব্যবধানে ম্যাচ ড্র ঘোষণা করে যেন দুই কূলই রক্ষা করলেন!
কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছিল। দুই কিংবদন্তিই নিজেদের পক্ষে যুক্তি দিয়ে নিজেদের বিজয়ী হিসেবে দাবি করেছিলেন। কিন্তু এ নিয়ে পরে আর জল ঘোলা হয়নি। টোকিওর বুদোকন হলে সাড়ে ১৪ হাজার দর্শকের সামনে হওয়া সেই ম্যাচ পৃথিবীজুড়ে টিভিতে ১.৪ বিলিয়ন দর্শক দেখেছিল। তখন সেই লড়াই থেকে আয় হয়েছিল ২০ লাখ ডলার, যা এখনকার অর্থনীতি অনুযায়ী ১০ কোটি ডলার। তবে টাকা নয়, সে লড়াই থেকে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল দুই কিংবদন্তির বন্ধুত্ব।
ইনোকির মৃত্যুর মধ্য দিয়ে অন্যলোকে দুজনের সেই বন্ধুত্বের নতুন পাতাই হয়তো খোলা হলো!