‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া
নোশিন আনজুমের টানা তিনবারের আধিপত্য শেষ করে জাতীয় মহিলা দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী তরুণী ওয়াদিফা আহমেদ। শনিবার ৪৪তম জাতীয় মহিলা দাবার শিরোপা জয়ের পর প্রথম আলোকে নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে ওয়াদিফা বলেন, ‘আমি উচ্চাভিলাষী। জয়ের জন্য খেলি। এটাই আমাকে সামনে এগিয়ে দিয়েছে।’
ইতালি থেকে ছোটবেলায় বাংলাদেশে এসে বড় বোন ওয়ালিজা আহমেদের সঙ্গে তাঁর দাবাযাত্রা শুরু। ওয়ালিজা এবারের জাতীয় মহিলা দাবায় আরও চারজনের সঙ্গে দুই থেকে ষষ্ঠ স্থানের প্লেঅফ খেলছেন, যা শেষ হবে আজ।
চার-পাঁচ বছর ধরে নিয়মিত জাতীয় দাবায় খেলছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ওয়াদিফা। গত তিনটি আসরেই সেরা পাঁচে থাকা ওয়াদিফা গত বছর শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের চতুর্থ নারী হিসেবে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পেয়েছেন। ১৯৮৫ সালে প্রথম এই খেতাব পান রানী হামিদ, ২০১১ সালে শামীমা আক্তার লিজা এবং ২০১৯ সালে শারমিন সুলতানা শিরিন।
এবারের মহিলা দাবা নিয়ে ওয়াদিফার মূল্যায়ন, ‘মহিলা দাবায় আগে ১১ রাউন্ড হতো। ১৪ জনকে নিয়ে এই প্রথম ১৩ রাউন্ড হওয়ায় আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। খেলার মান কমে গিয়েছিল।’ আগের প্রজন্মের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা করে বলেন, ‘লিজা আপুরা যখন খেলতেন, তখন খেলার মান আরও উন্নত ছিল। এখন আমাদের রেটিংও কমে গেছে। তবে আমরা চেষ্টা করছি মানটা আরও উন্নত করতে।’
প্রতিযোগিতায় সর্বোচ্চ ২০৫১ রেটিং ছিল নোশিনের। ওয়াদিফার ২০৪৪। তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ২১০০ ঊর্ধ্ব, মাঝে শারীরিক অসুস্থতার কারণে তা ১৯০০-এর ঘরে নেমে যায়, খেলার মানও যায় কমে। ছন্দে ফিরে এবারের জাতীয় মহিলা দাবায় ১৩ ম্যাচে ৭ জয় আর ৫ ড্রর বিপরীতে আসরের সবচেয়ে কম রেটিংধারী খেলোয়াড়ের কাছে একমাত্র ম্যাচটি হারলেও প্রায় ২৫ রেটিং বাড়বে তাঁর। তাতে দেশের নারী দাবায় রেটিংয়েও শীর্ষে যাচ্ছেন তিনি।
ছোটবেলা থেকে রুই লোপেজ ওপেনিং পছন্দ হলেও ওয়াদিফা এখন খেলার ধরন বদলে ফেলেছেন, ‘আগে প্রতিপক্ষ সহজেই বুঝতে পারত আমি কী খেলব। এখন অনেক বৈচিত্র্য নিয়ে খেলি। প্রতিপক্ষ ধরতে পারে না।’ এবারের প্রতিযোগিতায় একটা বিষয় তাঁর খারাপ লেগেছে, ‘শেষ রাউন্ডে অনেকে ড্রর জন্য খেলেছে। এটা আমার ভালো লাগেনি। অনেকের মধ্যেই জয়ের আকাঙ্ক্ষা দেখিনি।’
ওয়াদিফা অনেক আগে থেকেই বলে আসছেন, তাঁর স্বপ্ন দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। পথটা যে পাহাড় ডিঙানোর মতো কঠিন, তা স্বীকার করে তাঁর কথা, ‘আমাকে অনেক টুর্নামেন্ট খেলতে হবে। রেটিং ২৩৫০ হতে হবে। কঠিন হলেও আমি চেষ্টা করে যাব।’
ফাহাদ, মনন রেজারা বিদেশে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন, মেয়েরা তা পাচ্ছেন না। ওয়াদিফা নিজ উদ্যোগে সর্বশেষ গত বছর দুবাইয়ে খেলেছিলেন। তেমন টুর্নামেন্ট আবার কবে খেলতে পারবেন, জানেন না। এ জন্য পৃষ্ঠপোষক চান। জাতীয় মহিলা দাবার প্রথম পাঁচজনের সরকারের দেওয়া মাসিক এক লাখ টাকা ক্রীড়াভাড়া পাওয়ার কথা। ওয়াদিফা এখন তাকিয়ে সেদিকেই ‘ক্রীড়া ভাতা তিন মাস পেয়েছি। চার-পাঁচ মাস থেকে বন্ধ। এখন আবার শুনেছি চালু হবে। ওটা পেলে খেলোয়াড়দের সুবিধা হয়।’