শেষটা সোনায় রাঙাতে পারলেন না বাইলস

পদক গলায় বাইলসরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস অলিম্পিকে টানা তিন সোনা জয়ের পর অবশেষে ধাক্কা খেলেন সিমোন বাইলস। আজ পরপর দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি তিনি। মেয়েদের ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে রুপা জিতলেও ব্যালান্স বিমে কোনো পদকই জিততে পারেননি কিংবদন্তি এই মার্কিন অ্যাথলেট। এর আগে নারীদের ভল্ট, ব্যক্তিগত অল-অ্যারাউন্ড এবং দলগত অল-অ্যারাউন্ডে সোনা জিতেছিলেন বাইলস।

আজ ব্যক্তিগত ব্যালান্স বিমের ফাইনালে পড়ে যাওয়ার পর পঞ্চম স্থান লাভ করেন বাইলস। এই ইভেন্টে সোনা জিতেছেন অ্যালিস ডি’আমাতো। ২১ বছর বয়সী ইতালিয়ান অ্যাথলেটের পয়েন্ট ১৪.৩৬৬। এটি জিমন্যাস্টিকসে ইতালির ইতিহাসে কোনো নারীর প্রথম সোনা। একই ইভেন্টে রুপা জিতেছেন চীনা জিমন্যাস্ট জো ইয়াকিন আর ব্রোঞ্জ জিতেছেন আরেক ইতালিয়ান অ্যাথলেট মানিলা এসপোসিতো।

আরও পড়ুন

ব্যালান্স বিম থেকে খালি হাতে ফিরলেও ফ্লোর এক্সারসাইজে পদক পেয়েছেন বাইলস। এই ইভেন্টে তাঁকে পেছনে ফেলে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। রেবেকার ১৪.১৬৬ পয়েন্টের বিপরীতে বাইলসের পয়েন্ট ১৪.১৩৩।

অলিম্পিক জিমন্যাস্টিকসের শেষ দিনে নিজের পদকের ক্যাবিনেটটা সোনালি রঙে রাঙানোর স্বপ্ন নিয়েই লড়াইয়ে নেমেছিলেন বাইলস। শেষ পর্যন্ত সেটি না হওয়ায় আপাতত ৭টি সোনা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। এর সঙ্গে অবশ্য আছে দুটি রুপা এবং দুটি ব্রোঞ্জও।

ইতিহাস গড়ে সোনা জেতা ইতালির সোনা অ্যালিস ডি’আমাতো
এএফপি

এর ফলে ১১ অলিম্পিক পদক ও ৩০টি বিশ্ব চ্যাম্পিয়ন পদক নিয়ে বাইলসই এখন অলিম্পিক ইতিহাসের সফলতম নারী জিমন্যাস্ট। ২০১৬ রিও অলিম্পিকে প্রথম অংশ নিয়ে ৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতেছিলেন বাইলস, যা এখন পর্যন্ত বাইলসের সবচেয়ে সফলতম অলিম্পিক।

এবার অবশ্য চারটি পদক জিতেছেন বাইলস, যার মধ্যে তিনটি সোনা এবং একটি রুপা। পদক বিবেচনায় বাইলসের জন্য সবচেয়ে বাজে অলিম্পিক ছিল ২০২১ সালের টোকিও অলিম্পিক। সেবার একটি রুপা এবং একটি ব্রোঞ্জ জিতে অলিম্পিকের মাঝপথেই মানসিক ‘ট্যুইস্টিজ’কে কারণ দেখিয়ে বিদায় নেন তিনি। ট্যুইস্টিজ এমন একধরনের মানসিক অবস্থা, যা জিমন্যাস্টদের বাতাসে ভেসে থাকার সময় মনোযোগে ব্যাঘাত ঘটায়। যে কারণে এবারের অলিম্পিককে বাইলসের জন্য প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছিল, যা তিনি দারুণভাবেই রাঙিয়েছেন।

আরও পড়ুন

শেষ দিনে হতাশ হলেও নিজের সামগ্রিক অর্জন নিয়ে গর্বিত বলে জানিয়েছেন বাইলস, ‘যেভাবে আমি এটা করেছি, আমি গর্বিত।’ এর আগে অলিম্পিকের পর অবসর নিয়ে ভাবছেন কি না, জানতে চাইলে বাইলস বলেছিলেন, ‘পরের অলিম্পিক আমার নিজের দেশে। তাই কী হয়, বলা যায় না। তবে আমি সত্যি বুড়ো হচ্ছি।’