১০০ মিটার দৌড়াতে ২১ সেকেন্ড, সমালোচিত স্প্রিন্টারকে নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ

প্রতীকি ছবিএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ মিটার স্প্রিন্টের মূল আকর্ষণই এর গতি, ১০-১২ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাবে সেটি। তবে সোমালিয়ার এক দৌড়বিদ আলোচনায় এসেছেন এমন একটি দৌড় শেষ করতে ২১ সেকেন্ডেরও বেশি সময় নিয়ে। এ ঘটনার পর দেশটির এক ক্রীড়া কর্মকর্তাকে স্বজনপ্রীতির অভিযোগ এনে বরখাস্তও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

ঘটনাটি চীনের চেংগডুতে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের, যেটি আয়োজন করে থাকে বিশ্ব বিশ্ববিদ্যালয় স্পোর্টস ফেডারেশন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ গেমসের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটি মেয়েদের ১০০ মিটার দৌড়ের প্রথম রাউন্ডের তৃতীয় হিটের।

সে হিটে প্রতিযোগী ছিলেন ছয়জন। তবে দৌড় শুরুর পরপরই পিছিয়ে পড়েন সোমালিয়ার ওই প্রতিযোগী, যাঁর নাম নাসরো আবুকার আলী বলে জানা গেছে। শিগগিরই ব্রডকাস্টিং ফ্রেমের বাইরে চলে যান তিনি। জানা গেছে, দৌড় শেষ করতে তাঁর লেগেছে ২১.৮১ সেকেন্ড। শেষ পর্যন্ত এ হিটে বিজয়ীর চেয়ে ১০ সেকেন্ড পিছিয়ে দৌড় শেষ করেন আবুকার আলী, দুইয়ে থাকা প্রতিযোগীর চেয়েও তিনি প্রায় ৮ সেকেন্ড পিছিয়ে ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়ার পরই সোমালিদের মধ্যে এটি হাস্যরসের কারণ হয়ে দাঁড়ায়। কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেন এমন একজন প্রতিযোগীকে এ ধরনের ইভেন্টে পাঠানোর জন্য। টুইটারে এই ভিডিও শেয়ার করে একজন লেখেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। এমন অযোগ্য এক সরকারকে দেখাটা পীড়াদায়ক। তারা কীভাবে সোমালিয়ার প্রতিনিধিত্ব করতে একজন প্রশিক্ষণহীন মেয়েকে দৌড়াতে পাঠায়? এটা বিস্ময়কর, আন্তর্জাতিক মহলে আমাদের দেশকে বাজেভাবে তুলে ধরে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুইটারে ভিডিওটি প্রায় ৬ কোটি ৪০ লাখ বার দেখা হয়েছে।

আরও পড়ুন

গতকাল দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশটির অ্যাথলেটিকস ফেডারেশনের চেয়ারম্যান খাদিজো আদেন দাহিরকে বরখাস্ত করেছে। দাহিরের বিপক্ষে ‘ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদাহানি’ করার অভিযোগ আনা হয়েছে। বিবৃতিটি টুইটও করেছে দেশটির ওই মন্ত্রণালয়। মন্ত্রী মোহামেদ বারে মোহামুদ বলেছেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া আবুকার আলী আদতে কোনো দৌড়বিদ নন। তাঁকে এমন ইভেন্টে পাঠানোর কারণে বরখাস্ত করা দাহিরের বিপক্ষে স্বজনপ্রীতির অভিযোগও তুলেছেন তিনি। যদিও এ দুজনের মধ্যে সম্পর্ক কী, সেটি জানা যায়নি। মোহামুদ সেটি পরিষ্কারও করেননি।

আলোচিত সেই দৌড়বিদ (মাঝে)
ভিডিও থেকে নেওয়া

এদিকে সোমালিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর এক সংস্থা বলেছে, এ ইভেন্টে অংশ নিতে কোনো দৌড়বিদকে পাঠায়নি তারা। সোমালি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন নামে কোনো সংস্থা নেই বলেও জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কঠোরভাবে আইনি প্রক্রিয়ায় যাওয়ার ইচ্ছার কথা ঘোষণা করছে।’ দাহিরের বিপক্ষে সোমালি ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন জাল করার অভিযোগও আনা হয়েছে।

সোমালিয়ার অ্যাথলেটদের ঘিরে বিতর্কের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে ১ মিনিট ১০.১৪ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার দৌড় শেষ করে আলোচনায় এসেছিলেন মারিয়ান নুহ মুসে। সাধারণত এ দৌড় শেষ করতে গড়ে ৪৮ সেকেন্ড সময় লাগে। যদিও প্রতিবন্ধকতা জয় করে দৌড়ে অংশ নেওয়ায় সোমালীয় নারীর প্রশংসাও করেন অনেকে।

২০১২ সালে লন্ডন অলিম্পিকে জমজম মোহামেদ ফারার লেগেছিল ১ মিনিট ২০.৪৮ সেকেন্ড, যা বিজয়ীর চেয়ে ৩০ সেকেন্ড বেশি। সে ইভেন্টজুড়েই সোমালিয়ার নারী অ্যাথলেটদের মৃত্যুহুমকি পাওয়ার খবরও এসেছিল। সোমালিয়ার অনেকে বিশ্বাস করেন, মেয়েদের খেলাধুলায় অংশ নেওয়া উচিত নয়।

এমনিতে বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ বলে পরিচিত সোমালিয়া। ২০২২ সালের দুর্নীতির সূচকে ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে ছিল দেশটি, যেখানে প্রায়ই খরা ও দুর্ভিক্ষ লেগে থাকে।

আরও পড়ুন