টেবিল টেনিসে দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম আন্তর্জাতিক পদক জয়, ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক সাফল্য—সব মিলিয়ে গত বছরটা দারুণ কেটেছে খই খই সাই মারমার। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে আজ পেয়েছেন সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
জীবনে প্রথমবার এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খই খই। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে পুরস্কার হাতে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এমন পুরস্কার আগে পাইনি। প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি। তবে কোন পুরস্কার পাব, তা জানতাম না। তাই একটু ভয়ও লেগেছিল। ঘোষণার আগমুহূর্তে তো চিন্তায় পড়ে যাই। যা–ই হোক, ভালোই লাগছে। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জোগাবে।’
খই খইয়ের এই স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় অবদান গত বছরের নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে পাওয়া রুপার পদক। জাভেদ আহমেদের সঙ্গে মিশ্র দ্বৈতে রুপা জিতে বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস গড়েন তিনি। দক্ষিণ এশিয়ার বাইরে এটিই বাংলাদেশের টেবিল টেনিসের প্রথম আন্তর্জাতিক পদক।
আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাতেও নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন খই খই। প্রাইজমানি র্যাঙ্কিং টুর্নামেন্টে একক, জুনিয়র ও সিনিয়র দলগত ইভেন্টে জিতেছেন সোনা। একমি কাপ টেবিল টেনিসে জুনিয়র একক ও সিনিয়র দলগত এবং প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিসে নারী একক ও দলগত ইভেন্টেও হয়েছেন চ্যাম্পিয়ন।
ঘরোয়া প্রতিযোগিতায় তাঁর সবচেয়ে বড় সাফল্য ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। গত জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আটটি ইভেন্টে অংশ নিয়ে আটটিতেই পদক জেতেন তিনি। এর মধ্যে ছয়টি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ। জুনিয়র ও সিনিয়র—দুই বিভাগের এককেও চ্যাম্পিয়ন হন খই খই।
সাফল্যের স্বীকৃতি পেয়ে আত্মবিশ্বাসও যেন কিছুটা বেড়েছে তাঁর। খই খইয়ের চোখ এখন আরও বড় মঞ্চে। আগামী বছর পাকিস্তানে হবে এসএ গেমস। সেই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন খই খই। জানিয়ে দিলেন নিজের লক্ষ্যের কথাও, ‘সামনে এসএ গেমস। আগে কখনো এসএ গেমসে আমি খেলিনি। এবার যদি দলে সুযোগ পাই, তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। অন্তত একটি পদক তো জিততে চাইবই।’