মেহগনির বাক্সে মৃত ছোট্ট সন্তান, শিরোপার আড়ালে লুকানো এক বাবার কান্না
কিছু কষ্টের কোনো ভাষা হয় না। কিছু স্মৃতি মানুষ তালাবদ্ধ করে রাখে। বুকের গভীরে, অন্ধকার কোনো ঘরে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে কতটা কান্না জমে আছে। টাইসন ফিউরির জীবনেও এমন একটি ঘর ছিল; যেখানে তিনি বছরের পর বছর কাউকে ঢুকতে দেননি।
এবার সেই দরজা খুলেছেন ব্রিটিশ বক্সার। খুলেছেন স্ত্রী প্যারিসকে সঙ্গে নিয়ে।
নেটফ্লিক্সের নতুন প্রামাণ্যচিত্র ‘টাইসন ফিউরি’তে উঠে এসেছে তাঁদের জীবনের এক বেদনাবিধুর অধ্যায়। যে অধ্যায়ের কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি প্যারিস। আর ফিউরি জানিয়েছেন, হাসপাতাল থেকে মৃত সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাঁকে কীভাবে অনুরোধ করতে হয়েছিল। কীভাবে নিজের হাতে বাবার বাড়ির বাগানে সমাহিত করেছিলেন ছোট্ট সন্তানকে।
ঘটনাটি ২০১৪ সালের। তখন তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন প্যারিস। হাসপাতালে কয়েকটা টেস্ট করতে দিয়েছিলেন। একদিন বাড়িতে থাকা অবস্থায় চিকিৎসকদের ফোন পেলেন। ফোনের ওপাশ থেকে জানানো হলো, তাঁর গর্ভের সন্তান আর বেঁচে নেই। এখন তাঁকে সন্তান প্রসব করতে হবে। নইলে তিনিও ঝুঁকিতে পড়বেন। প্যারিসের ভাষায়, ‘আমি তখন বাড়িতে ছিলাম। চিকিৎসকেরা ফোন করে জানালেন, শিশুটি মারা গেছে এবং আমাকে সন্তান প্রসব করতে হবে।’
খবরটি পাওয়ার পরই স্বামীকে সবকিছু জানাননি প্যারিস। কারণ, তখন ফিউরির চাচা হিউই হাসপাতালে গুরুতর অসুস্থ। পরিবারের সবাই এমনিতেই দুশ্চিন্তার মধ্যে। তার ওপর নিজের এই শোকের খবর দিয়ে স্বামীর ওপর আর চাপ বাড়াতে চাননি তিনি। প্যারিস বলেন, ‘আমি বিষয়টি গোপন রেখেছিলাম। কারণ, টাইসনের চাচা তখন হাসপাতালে ছিলেন। আমি তাঁর ওপর আর চাপ বাড়াতে চাইনি। কিন্তু এমন পরিস্থিতি হলো, যখন আর কোনো কারণ দেখিয়ে বিষয়টি গোপন রাখা সম্ভব ছিল না।’
হাসপাতালে যেতে হলো তাঁকে। সন্তান প্রসব করতে হলো। এবার ফিউরিকে জানালেন সবকিছু। দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন, মৃত সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাবেন। সেই সিদ্ধান্তের কথা মনে করতে গিয়ে ফিউরি বলেন, ‘আমার সব মনে আছে। ওই বয়সের শিশুকে সাধারণত হাসপাতাল থেকে বাড়িতে নিতে দেওয়া হয় না। আমি বলেছিলাম, না, ও আমার পরিবারের সদস্য। আমি ওকে নিয়ে যাব।’
তারপর ঘটে জীবনের সবচেয়ে বেদনাবিধুর মুহূর্তগুলোর একটি। ফিউরির কাছে তখন বহু বছর ধরে থাকা একটি দামি হাতঘড়ি ছিল। ঘড়িটি রাখা থাকত শক্ত কাঠের তৈরি বড় একটি বাক্সে। মেহগনি কাঠের বাক্স। সেই বাক্সেই নিজের সন্তানকে নিয়ে যান তিনি, ‘শিশুটি আক্ষরিক অর্থেই এতটুকু ছিল। আমি বাবার বাড়িতে নিয়ে গিয়ে বাগানে ওকে শুইয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরাও ছিল সঙ্গে।’
কথাগুলো বলার সময় ফিউরির কণ্ঠে ফিরে আসে সেই দিনের স্মৃতি। হাসপাতাল থেকে বাড়ি, তারপর বাবার বাড়ির বাগান। ছোট্ট একটি সমাধি। যে সমাধির কাছে পরে গিয়ে দাঁড়াতে পারবেন তিনি। সন্তানকে মনে করতে পারবেন। প্যারিসও সেই বাগানের কথা মনে করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। তাঁর কথায়, ‘সেই সপ্তাহের অনেক কিছুই আমার মনে নেই। শুধু মনে আছে, বাড়িতে ছিলাম। ছোট্ট বাগানটা দেখেছিলাম, যেখানে ওকে সমাহিত করা হয়েছিল। ব্যস, এটুকুই।’
কিন্তু ফিউরি পরিবারের দুঃখের গল্প তখনো শেষ হয়নি। সন্তান হারানোর শোকের মধ্যেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ফিউরির চাচা হিউই। ফিউরির বক্সিং ক্যারিয়ারে এই মানুষটির ছিল বিশেষ ভূমিকা। বড় কোনো লড়াইয়ের আগে তাঁর কাছে ছুটে যেতেন ফিউরি। পরামর্শ চাইতেন। কী করা উচিত, কী করা উচিত নয়, শুনতেন চাচার কাছ থেকে। হাসপাতালে হিউইকে দেখতে যাওয়ার স্মৃতি মনে করে ফিউরি বলেন, ‘কোনো কোনো দিন মনে হতো, তিনি ঠিকই হাসপাতাল থেকে বের হয়ে আসবেন। হাত নাড়তেন, চোখ নাড়তেন, পলক ফেলতেন। মনে হতো, তিনি সুস্থ হয়ে উঠবেন।’
কিন্তু শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা বুঝতে পারেন, আর কষ্ট দেওয়া ঠিক হবে না। লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। ফিউরির জন্য সেটি ছিল আরেকটি বড় ধাক্কা। তিনি বলেন, ‘হিউইর কাছে আমি চট করে চলে যেতে পারতাম। তাঁকে জিজ্ঞেস করতে পারতাম, এই লড়াইয়ে আমার কী করা উচিত। লড়াইয়ের আগে এত পরিশ্রম, এত প্রস্তুতি। অথচ তিনি এর সেরা মুহূর্তগুলো দেখতে পেলেন না।’
একদিকে চাচার অসুস্থতা, অন্যদিকে নিজের সন্তান হারানোর শোক। এর মধ্যেই সামনে অপেক্ষা করছিল ফিউরির ক্যারিয়ারের সবচেয়ে বড় লড়াই। ২০১৫ সালের নভেম্বরে জার্মানির ডুসেলডর্ফে তাঁকে মুখোমুখি হতে হবে দীর্ঘদিনের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিৎসকোর। ফিউরি বুঝতে পারছিলেন, পরিবারের সবাইকে তাঁর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তাই নিজের কষ্ট আড়াল করে রাখলেন, ‘আমাকেই শক্ত থাকতে হতো। আমাকেই এমন ভাব করতে হতো যেন সবকিছু ঠিক আছে। এটাই ছিল আমার দায়িত্ব। পরিবারকে রক্ষা করা, তাদের ভরণপোষণের ব্যবস্থা করা। পুরুষের কাজ এটাই।’
তবে সেই শক্ত থাকার অভিনয়ের আড়ালে কতটা ভেঙে পড়েছিলেন, তা বোঝা যায় তাঁর পরের কথাগুলোয়। ফিউরি বলেন, ‘এত কিছু ঘটছিল, এত কষ্ট হচ্ছিল। আমি সবকিছু মনের পেছনে ঠেলে দিচ্ছিলাম। বারবার। কারও সঙ্গে কথা বলছিলাম না। মনের সবচেয়ে অন্ধকার জায়গায় সবকিছু রেখে তালা মেরে দিয়েছিলাম। সব ভয়ংকর স্মৃতি। কারণ, তখন আমি ক্লিৎসকোর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম।’
প্যারিসও স্বীকার করেছেন, তাঁরা দুজন কেউই সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। এমনকি একে অপরের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে পারেননি, ‘আমরা আসলে কী ঘটেছিল, তা নিয়ে কথা বলিনি। আমি বলতে পারতাম না। আমার আর শিশুটির সঙ্গে কী ঘটেছিল, সেটাও বলতে পারতাম না। এখনো এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমরা দুজনই ভেঙে পড়েছিলাম। যে যন্ত্রণা অনুভব করেন, তা একসময় চলে যাবে, এমনটা কল্পনাও করতে পারবেন না।’
এরপর এল ক্লিৎসকোর সঙ্গে সেই লড়াই। ২০১৫ সালের নভেম্বরে জার্মানিতে আন্ডারডগ হিসেবে রিংয়ে নেমে সবাইকে চমকে দেন ফিউরি। বক্সিং বিশ্বকে স্তম্ভিত করে পয়েন্টসে হারালেন ইউক্রেনের ক্লিৎসকোকে। ভেঙে দিলেন তাঁর ১১ বছরের অপরাজিত রাজত্ব। জিতে নিলেন ডব্লিউবিএ, আইবিএফ ও ডব্লিউবিও হেভিওয়েট শিরোপা। ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।
রিংয়ে সেদিন ফিউরির জয় ছিল অসাধারণ। কিন্তু জীবনের অন্য লড়াইগুলো তখনো বাকি। ক্লিৎসকোকে হারানোর পর ধীরে ধীরে বিষণ্নতা, উদ্বেগ ও মাদকাসক্তির সঙ্গে জড়িয়ে পড়েন। মানসিক সমস্যার সঙ্গে লড়াই করতে গিয়ে একসময় ছেড়ে দিতে হয় তাঁর বিশ্ব চ্যাম্পিয়নের বেল্টগুলো। বক্সিং থেকে দূরে সরে যান। পরে ২০১৮ সালে নিজের দুর্বলতাগুলোর বিরুদ্ধে লড়াই করে আবার রিংয়ে ফেরেন। শুরু হয় তাঁর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।
বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া যায়। হারানো যায় বিশ্ব চ্যাম্পিয়নকে। জয় করা যায় একের পর এক শিরোপা। কিন্তু জীবনের কিছু লড়াই আছে, যেখানে কোনো বেল্ট নেই, কোনো রেফারি নেই, নেই জয়ের জন্য নির্ধারিত কোনো ঘণ্টা। টাইসন ফিউরি সেই লড়াইয়ের একজন যোদ্ধা।
বিশ্বের কাছে তিনি ‘জিপসি কিং’। তাঁর ঘুষিতে কেঁপেছে হেভিওয়েট বক্সিংয়ের রাজত্ব। কিন্তু বাবার বাড়ির বাগানে ছোট্ট যে সন্তানটি ঘুমিয়ে আছে, তার কাছে তিনি শুধুই একজন বাবা। যে বাবা একদিন হাসপাতাল থেকে মৃত সন্তানকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন। শুধু আরেকটু কাছে রাখার জন্য।