সেলফি তুলতে রাস্তায় বেরসিক দর্শক, হুড়মুড়িয়ে পড়লেন ২০ সাইক্লিস্ট

দুর্ঘটনার পর রাস্তায় এভাবেই পড়ে ছিলেন সাইক্লিস্টরাছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্স সম্পর্কে অল্পবিস্তর ধারণা সবারই থাকার কথা। প্রতিবছর জুলাই মাসে তিন সপ্তাহ ধরে চলে বিখ্যাত এই প্রতিযোগিতা। সমতলে পিচঢালা সড়ক থেকে পর্বতের আঁকাবাঁকা পথ—সব ধরনের চ্যালেঞ্জ জয় করতে হয় প্রতিযোগীদের।

এ বছর চলছে ট্যুর ডি ফ্রান্সের ১১০তম আসর। ১ জুলাই স্পেনের বিলবাও থেকে শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হবে ২৩ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসের চাম্পস–এলিসি রোডে। ২১ ধাপের এই লড়াইয়ে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ১৫ ধাপ। তবে সবকিছু ছাপিয়ে এবারের ট্যুর ডি ফ্রান্স আলোচনায় এসেছে বিচিত্র এক ঘটনায়।

কাল ১৫তম ধাপ চলার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু দর্শক। তাদের মধ্যে একজন সেলফি তুলতে আচমকা রাস্তায় ঢুকে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই দর্শকের হাতের সঙ্গে সজোরে ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট সেপ কুসের। পেছনে থাকা সাইক্লিস্টরা ব্রেক কষলে ঘটে আরও বড় দুর্ঘটনা।

সাইকেলে–সাইকেলে সংঘর্ষের পর হুড়মুড়িয়ে পড়েন অন্তত ২০ সাইক্লিস্ট। তাঁদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের ভাউট পোয়েলস, বেলজিয়ামের নাথান ফন হোইডঙ্ক, কলম্বিয়ার ইগান বেরনাল, কোস্টারিকার আন্দ্রেই আমাদোর, স্লোভেনিয়ার তাদেই পোগাকার, ডেনমার্কের আন্থোন চারমিগ ও ইয়োনাস ভাইনগার্ড, অস্ট্রিয়ার মাইকেল গোগলসহ আরও ১৪ জন। সেপ কুস হাতে সামান্য আঘাত পেলেও নাথান ফন হোইডঙ্ক ও ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইগান বেরনালের চোট বেশ গুরুতর ছিল।

নাথান ফন হোইডঙ্ককে উদ্ধারে এগিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা
ছবি : রয়টার্স

১৫তম ধাপটি ছিল লে গেটস থেকে সেন্ট গেরভা লে বাঁস পর্যন্ত। ১৭৯ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে ৪৫২৭ মিটার উঁচুতে অবস্থিত স্থান পাড়ি দিতে হয়। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু সাইক্লিস্টরা ১২৯ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় এক দর্শক সেলফি তুলতে চলাচলের রাস্তায় হাত বাড়ান। তিনি সেপ কুসকে থামাতে সাইকেলের হাতলবার ধরে টান দিলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কুসসহ আহত সব সাইক্লিস্ট প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত ভালোভাবেই ১৫তম ধাপ শেষ করেছেন। এই ধাপে চ্যাম্পিয়ন হয়েছেন ডাচ সাইক্লিস্ট ভাউট পোয়েলস।

আরও পড়ুন

দুর্ঘটনা সম্পর্কে ট্যুর ডি ফ্রান্সের ধারাভাষ্যকার ড্যান লয়েড বলেছেন, ‘কেউ একজন ছবি তুলতে রাস্তায় ঢুকে পড়েছিল। এ সময় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতেই এমন পরিণতি।’ আরেক ধারাভাষ্যকার কার্লটন কিরবি ইউরোস্পোর্টকে বলেছেন, ‘হঠাৎ এক ব্যক্তি তার বাহু দিয়ে চালকের কাঁধ আঁকড়ে ধরে। এরপর যেন সবাই ভূপাতিত হলো।’

দর্শক যখন সেলফি তোলার জন্য রাস্তার দিকে হাত পড়েন, তখন সাইক্লিস্টরা জটলার মধ্যে ছিলেন। এ কারণেই কেউ বুঝতে পারেননি বলে দাবি আহত কুসের, ‘ওই জায়গা থেকে রাস্তাটা সরু হয়ে আসছিল এবং এক দর্শক রাস্তাতেই ছিল। মনে হয়েছে সে আমার সাইকেলের হাতলবার ধরে আটকানোর চেষ্টা করেছিল। কাজটা সে ভালো করেনি। সৌভাগ্যবশত আমি ভালো আছি। আশা করি বাকিরাও ঠিক আছে।’

দর্শকের এমন কাণ্ড নিয়ে কথা বলেছেন ট্যুর ডি ফ্রান্সের পরিচালক ক্রিস্টিয়ান প্রুডহোম। তিনি দর্শকদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করেছেন, ‘আমাদের চাওয়া যাঁরা এখানে আসেন, তাঁরা যেন আরও সচেতন হন। মনে রাখা উচিত, তাঁরা এখানে চ্যাম্পিয়নদের দেখতে এসেছেন, টেলিভিশনে নিজেদের দেখাতে নয়।’