ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে জাপান। আজ মাঠের খেলাতেও সেই পার্থক্যটা স্পষ্ট হয়েছে। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
এই হারে সরাসরি আগামী বছরের জুনিয়র বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।
বাংলাদেশ আগামী শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়া–দক্ষিণ কোরিয়ার মধ্যে হেরে যাওয়া দল হবে প্রতিপক্ষ।
গ্রুপ পর্বে দাপট দেখিয়েই শেষ আটে উঠেছিল আরিফ আলীর দল। গ্রুপসেরা হওয়ার পথে জয় এসেছিল চার ম্যাচের চারটিতেই। কিন্তু আজ শক্তিশালী জাপানের বিপক্ষে আর কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তিনবার হকির জুনিয়র বিশ্বকাপে খেলা দলটি ম্যাচের সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশের রক্ষণে চাপ বাড়িয়েছে। দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে হিরাই ইয়োশিনোর পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে প্রথম এগিয়ে যায় জাপান।
তৃতীয় কোয়ার্টারে দুটি ভালো আক্রমণ করে গোলের আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু কোনোটিই জাপানের জালে পৌঁছায়নি। শেষ কোয়ার্টারে গোল শোধের বদলে উল্টো আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
এর আগে গ্রুপ পর্বে চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।