এশিয়া কাপ আর্চারিতে চার ফাইনালে বাংলাদেশ
ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আর্চারি থেকে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ। ছয়টি পদকের লড়াইয়ে নাম লেখাল দেশের আর্চাররা। এর মধ্যে চারটি ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাকি দুটি ইভেন্টে লড়বে ব্রোঞ্জপদকের জন্য।
র্যাঙ্কিং রাউন্ডে ভালো করার সুবাদে আজ কম্পাউন্ড নারী দল, কম্পাউন্ড পুরুষ দল সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায়। বাই পেয়ে সেমিফাইনালে উঠেছে কম্পাউন্ড মিক্সড দল ও রিকার্ভ পুরুষ দল। সেই সুযোগ কাজে লাগিয়ে চার ইভেন্টেই ফাইনালে জায়গা করে নিয়েছে মার্টিন ফ্রেডেরিকের দল।
চারটি ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। এর মধ্যে কম্পাউন্ড মিক্সড দল, কম্পাউন্ড নারী দল ও কম্পাউন্ড পুরুষ দলের সোনার লড়াই আগামী বুধবার। রিকার্ভ পুরুষ দলের ফাইনাল হবে ২৯ অক্টোবর। রিকার্ভ পুরুষ দলের সেমিফাইনালে উজবেকিস্তানকে পাত্তাই দেননি বাংলাদেশের আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। ৬-০ সেট পয়েন্টে জিতে ফাইনালে ওঠেন তাঁরা।
নারী কম্পাউন্ড দলও সেমিফাইনালে পেয়েছে দাপুটে জয়। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তারদের দল শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৩৩-২১৯ পয়েন্টে। কম্পাউন্ড মিক্সড ইভেন্টে বন্যা আক্তার ও নওয়াজের জুটি শ্রীলঙ্কাকে ১৫৪-১৪১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে। কম্পাউন্ড পুরুষ দলও শ্রীলঙ্কাকে হারিয়ে জায়গা করে নিয়েছে সোনার লড়াইয়ে।
চারটি ইভেন্টে সোনার পদকের সুযোগের পাশাপাশি আরও দুটি ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। রিকার্ভ মিক্সড দল ও রিকার্ভ নারী দল খেলবে ব্রোঞ্জপদকের ম্যাচ। ২৯ অক্টোবর রিকার্ভ মিক্সড দল লড়বে কাজাখস্তানের বিপক্ষে। একই দিনে রিকার্ভ নারী দলের প্রতিপক্ষ উজবেকিস্তান।
২৪ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে ২৯ অক্টোবর। এতে ১৭টি দেশের ৯১ জন আর্চার অংশ নিচ্ছেন। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১৬ জন আর্চার।
২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশ আর্চারি দল ১০টি ইভেন্টের সব কটিতেই সোনা জিতেছিল, যা এখনো দেশের আর্চারিতে অনন্য এক রেকর্ড হয়ে আছে।