১০০ মিটার দৌড়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আজ অংশ নেওয়া সাতটি খেলার মধ্যে কিছুটা ভালো খবর এসেছে এই অ্যাথলেটিকস থেকেই। এ ছাড়া ছেলেদের হকি দল টানা দুই ম্যাচ হারের পর পেয়েছে জয়ের দেখা, জিতেছে বিচ ভলিবল দলও। অন্য চার খেলায় অবশ্য নেই কোনো সুখবর।
অ্যাথলেটিকস
১০০ মিটার দৌড়ে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে ৬ জনের মধ্যে চতুর্থ হয়েছেন ইমরানুর। এতে নিশ্চিত হয়েছে তাঁর সেমিফাইনালের টিকিট। আগামীকাল বিকেলে ফাইনালে ওঠার লড়াইয়ে আবার ট্র্যাকে নামবেন ইমরানুর।
সেমিফাইনালে তিনটি হিটে ৯ জন করে মোট ২৭ জন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতি হিট থেকে শীর্ষ দুজন করে মোট ছয়জন সরাসরি ফাইনালে উঠবেন। বাকি অ্যাথলেটদের মধ্য থেকে সবচেয়ে কম সময় নেওয়া আরও দুজন পাবেন ফাইনালের টিকিট।
শুটিং
শুটিংয়েও একের পর এক হতাশার গল্প লিখছে বাংলাদেশ। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের বাছাইপর্ব পেরোতে পারেননি বাংলাদেশের দুই শুটার নূর হাসান ও শাকের আহমেদ। ৬০ জনের মধ্যে নূর ৫৬২ স্কোর করে হয়েছেন ৪৬তম। আর ৫৫৮ স্কোর করে শাকের হয়েছেন ৫১তম।
ফেন্সিং
ফেন্সিংয়েও ভালো করতে পারেননি বাংলাদেশের দুই খেলোয়াড় হাসান আলী ও মোহাম্মদ ইমতিয়াজ। ব্যক্তিগত ইপিতে ৪১ জন প্রতিযোগীর মধ্যে হাসান হয়েছেন ৩৪তম। ইমতিয়াজের অবস্থান ৩৬তম।
ভারোত্তোলন
ভারোত্তোলনে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে নয়জন প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছেন বাংলাদেশের তৌকির হাসান। স্ন্যাচে ১০৪ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১২৮ কেজি—দুই বিভাগ মিলিয়ে মোট ২৩২ কেজি ওজন তুলেছেন তিনি।
হকি
ছেলেদের হকি দল পেয়েছে এবারের এশিয়ান গেমসে প্রথম জয়ের দেখা। শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫–১ গোলে হেরেছিল পিটার গেরহার্টের দল। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে হারতে হয়েছে ৬–১ গোলে।
টেবিল টেনিস
ছেলেদের এককে রামহিম লিয়ান বম ৪–১ সেটে হেরেছেন বাহরাইনের মোহাম্মদ সালেহর কাছে। এককের আরেক ম্যাচে বাংলাদেশের মুহতাসিন আহমেদ ৪–২ সেটে হেরেছেন মঙ্গোলিয়ার এনখবায়ার বিলগুনের কাছে।
বিচ ভলিবল
বিচ ভলিবল দল অবশেষে জয়ের মুখ দেখেছে। আজ ছেলেদের প্রিলিমিনারি ম্যাচে বাংলাদেশের জুটি সৈকত ও রাতুল ২–১ সেটে হারিয়েছে মালদ্বীপকে।