হিটে দ্বিতীয়, সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানপ্রথম আলো

‎এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আজ প্রথম দিনে ৬০ মিটার দৌড় শেষ করতে ইমরানুরের লেগেছে ৬.৭৩ সেকেন্ড। এই হিটে প্রথম জাপানের কিরিউ ইয়োশিহিদে ৬.৬৭ সেকেন্ড সময় নেন।

‎নিয়ম অনুযায়ী, প্রতি হিটে শীর্ষ চারজনের সেমিফাইনাল নিশ্চিত। সে হিসেবে আজ বিকেলে ফাইনালে ওঠার জন্য আরেকবার ট্র্যাকে নামবেন ইমরানুর। তাঁর সঙ্গে জাপানের কিরিউ ইয়োশিহিদে ছাড়াও সেমিফাইনালের টিকিট কেটেছেন হংকংয়ের কোওক চুন টিং এবং সৌদি আরবের আবদুল্লাহ মোহাম্মদ দাউদ।

২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জেতেন ইমরানুর
এএফপি

২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। অ্যাথলেটিকসে এশিয়ার শীর্ষ স্তরে যা বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদক।

আরও পড়ুন

‎২০২৪ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোরেও অংশ নেন ইমরানুর। সেবার ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হন ইংল্যান্ডপ্রবাসী এই অ্যাথলেট। চোট সমস্যা কাটিয়ে গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুটও পুনরুদ্ধার করেন ইমরানুর।

‎‎এশিয়ান ইনডোরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে তিনজন পদক জিতেছেন। ইমরানুর ছাড়াও রুপা আছে জহির রায়হানের, ব্রোঞ্জ মাহফুজুর রহমানের। ২০২৪ সালে ৪০০ মিটার স্প্রিন্টে জহির ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। একই বছর হাই জাম্পে ২.১৫ মিটার লাফিয়ে তৃতীয় হন মাহফুজুর।

আরও পড়ুন