ফ্র্যাঞ্চাইজি হকি লিগে চারটি বিশ্বকাপ খেলা আর্জেন্টাইন খেলোয়াড়

হুয়ান মার্তিন লোপেজইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী স্টেডিয়ামে ২৮ অক্টোবর থেকে ১৭ নভেম্বর হবে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। এর আগে আজ দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে প্লেয়ার ড্রাফট হয়ে গেল। ওয়ালটন ঢাকা, সাইফ পাওয়ারটেক খুলনা, একমি চট্টগ্রাম, রূপায়ন সিটি কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল—এই ছয় দল গুছিয়ে নিল নিজেদের দল।

দেশের তারকা খেলোয়াড়েরা তো সবাই আছেনই, ফ্র্যাঞ্চাইজি হকি লিগের আকর্ষণ বাড়াতে থাকছেন বিদেশি খেলোয়াড়ও। এমন সাতজন আছেন, যাঁরা বিশ্বকাপে খেলেছেন। এঁদের মধ্যে আর্জেন্টিনার হুয়ান মার্তিন লোপেজ খেলেছেন টানা চারটি বিশ্বকাপ, যাঁকে পেয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল।

ম্যারাডোনার সঙ্গে হুয়ান মার্তিন লোপেজ
ইনস্টাগ্রাম

বিশ্বকাপে খেলা আরেক আর্জেন্টাইন গিদো বারেইরোসকে নিয়েছে সাইফ পাওয়ারটেক খুলনা। ভারতের এসভি সুনীল ও মালয়েশিয়ার মুহাম্মদ আজরি হাসানকে দলে টেনেছে ওয়ালটন ঢাকা। ভারতের চিংলেসানা সিং মোনার্ক মার্ট পদ্মায়, জাসজিত সিং রূপায়ন সিটি কুমিল্লায় ও মালয়েশিয়ার ফিতরি সারি খেলবেন মেট্রো এক্সপ্রেস বরিশালে।

২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮—টানা চার বিশ্বকাপে খেলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান মার্তিন লোপেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড বারেইরোস খেলেছেন ২০১৪ বিশ্বকাপে। ভারতের এসভি সুনীল, চিংলেসানা ও ফিতরি সারি খেলেছেন ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে। জাসজিত সিং ২০১৪ ও আজরি হাসান ২০১৮ বিশ্বকাপে।

প্লেয়ার্স ড্রাফটে মেট্রো এক্সপ্রেস বরিশালের কর্মকর্তারা
প্রথম আলো

ফ্র্যাঞ্চাইজি লিগে ২৪ বিদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছিলেন। ২৪ জনই দল পেয়েছেন। রিজার্ভ তালিকায় থাকা ছয় খেলোয়াড়কে কোনো দল নেয়নি। ১৮৬ জন দেশি খেলোয়াড়ের মধ্যে দল পেয়েছেন ৭৮ জন। অবিক্রীত রয়ে গেছেন বাকি ১০৮ খেলোয়াড়।

প্লেয়ার্স ড্রাফটের নিয়ম অনুসারে প্রতিটি দলকেই ১৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে হয়েছে। অনূর্ধ্ব-১৮ পর্যায়ের দুজন খেলোয়াড় কেনাও বাধ্যতামূলক ছিল। এ ছাড়া প্রত্যেক দলই প্লেয়ার ড্রাফট থেকে নিজেদের পছন্দমতো ৪ বিদেশি খেলোয়াড় কিনেছে। ১৮ জনের দলের বাকি একজনকে নিতে হবে সরাসরি চুক্তিতে। সেই খেলোয়াড় হতে পারেন অবিক্রীতদের মধ্যে কেউ। অথবা চাইলে বিদেশি কোনো খেলোয়াড়ও নেওয়া যাবে।

বিদেশি ৬ জন আইকন খেলোয়াড় পাচ্ছেন সর্বোচ্চ ৮ হাজার ডলার (প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা)। এ ছাড়া বাংলাদেশের আইকন খেলোয়াড়েরা ৫ লাখ, ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় ৪ লাখ, ‘এ’ ক্যাটাগরি ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরি ২ লাখ ও ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা ১ লাখ করে টাকা।

ঢাকা ক্লাবে আজ হয়ে গেল ফ্রাঞ্চাইজি হকির প্লেয়ার্স ড্রাফট
প্রথম আলো

সর্বশেষ চারটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা জাতীয় দলের ১৯ খেলোয়াড়কে রাখা হয় আইকন তালিকায়। দেশসেরা তারকা রাসেল মাহমুদকে কিনে নিয়েছে মোনার্ক মার্ট। ডিফেন্ডার আশরাফুল ইসলাম ওয়ালটন ঢাকায়, রেজাউল করিম একমি চট্টগ্রামে, গোলরক্ষক বিপ্লব কুজুর সাইফ পাওয়ারটেক খুলনায়, মিডফিল্ডার সোহানুর রহমান রূপায়ন সিটি কুমিল্লায় ও রোমান সরকারকে নিয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল।

কোন দলে কারা

ওয়ালটন ঢাকা: আশরাফুল ইসলাম, এসভি সুনীল (ভারত), আবদুল খালেক হামিরিন (মালয়েশিয়া), আলফান্দি আলি সুরিয়া (ইন্দোনেশিয়া), আবু সাঈদ নিপ্পন, রকিবুল হাসান, শফিউল আলম, মেহরাহ হোসেন, আবেদ উদ্দিন, মুহাম্মদ আজরি হাসান (মালয়েশিয়া), আমান শরীফ, আল আমিন, রাতুল আহমেদ অনিক, মাঈনুল ইসলাম কৌশিক, মোহাম্মদ আবদুল্লাহ, হোজাইফা হোসেন ও মোহাম্মদ তৈয়ব আলী।


সাইফ পাওয়ারটেক খুলনা: বিপ্লব কুজুর, গিদো বারেইরোস (আর্জেন্টিনা), আজফার ইয়াকুব (পাকিস্তান), ফেরদৌস রোশদি (মালয়েশিয়া), খোরশেদুর রহমান, প্রিন্স লাল সামন্ত, আমিরুল ইসলাম, আহসান হাবিব, রাজু আহমেদ তপু , মরিৎস ফ্রে (জার্মানি), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা, মোহাম্মদ সাদ্দাম খান, দ্বীন ইসলাম ও ইয়াসিন আরাফাত।


একমি চট্টগ্রাম: রেজাউল করিম বাবু, ডেভিন্দার ওয়ালমিকি (ভারত), গজনফার আলী (পাকিস্তান), মোহাম্মদ হাফিজ জয়নুল (মালয়েশিয়া), ফরহাদ হোসেন সিতুল, মেহেদী হাসান, সজীবুর রহমান, রাজীব দাস, তাহের আলী, পির হিনরিখস (জার্মানি), আরশাদ হোসেন, হাসান যুবায়ের, আশরাফুল আলম, মনোজ বাবু, মেহেদী হাসান, তাসিন আলী ও কাঞ্চন মিয়া।


রূপায়ন সিটি কুমিল্লা: সোহানুর রহমান, প্রদীপ মোর (ভারত), কিং সুং ইয়ুব (দক্ষিণ কোরিয়া), মোখামাদ ফাতুর (ইন্দোনেশিয়া), সারোয়ার হোসেন, পুস্কর খীসা মিমো, মিলন হোসেন, ওবাদুল হোসেন জয়, রিপন কুমার মহন্ত, জাসজিত সিং (ভারত), সাহিদুর রহমান সাজু, উক্যাহিন রাখাইন, জাহিদ হোসেন, বেলাল হোসেন, শিমুল ইসলাম, তানভির রহমান ও মেহেদি হাসান।


মোনার্ক মার্ট পদ্মা: রাসেল মাহমুদ, চিংলেসানা সিং (ভারত), মোহাম্মদ সাইফ খান (ভারত), সিও ও হিয়ং (দক্ষিণ কোরিয়া), ইমরান হোসেন পিন্টু, নাঈম উদ্দিন, আল নাহিয়ান, খালেদ মাহমুদ, আজিম উদ্দিন, মিয়া তানিমিতুস (জাপান), আশরাফুল ইসলাম সাদ, রামিম হোসেন, আশিক মাহমুদ, কৃষ্ণ কুমার, রাহিত হোসেন, রাফিউল ইসলাম ও রাকিবুল হাসান।


মেট্রো এক্সপ্রেস বরিশাল: রোমান সরকার, হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা), ইউ সেং হো (কোরিয়া), আকিমুল্লাহ ইসুক (মালয়েশিয়া), অসীম গোপ, ফজলে হোসেন রাব্বি, সারোয়ার মোর্শেদ শাওন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফিতরি সারি (মালয়েশিয়া), মোহাম্মদ নুরুজ্জামান, শহীদুল হক সৈকত, আজিজার রহমান, মামুনুর রহমান চয়ন, আসাদুজ্জামান চাঁদ, সাজেদুল ইসলাম ও শামীম মিয়া।

আরও পড়ুন