বয়সের অজুহাতে বাদ পড়া জিমি আবার ডাক পাচ্ছেন জাতীয় দলে

হকি তারকা রাসেল মাহমুদ জিমিপ্রথম আলো

জাতীয় হকি দলের ক্যাম্পে আবার ডাক পাচ্ছেন রাসেল মাহমুদ জিমি। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আজ কিংবা আগামীকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলে ক্যাম্পে ফেরানোর ঘোষণা দেবে হকি ফেডারেশন।

১৭ মাস আগে বয়সের অজুহাতে জিমিকে জাতীয় দল থেকে বাদ দিয়েছিল তখনকার হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি। তবে মাঠের পারফরম্যান্স বা ফিটনেসে কোনো ঘাটতি ছিল না তাঁর। ২০২৪ সালে এপ্রিলে শেষ হওয়া ঢাকার প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের জার্সিতে দারুণ পারফর্ম করেন জিমি।

গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে দল গঠনের লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলোয়াড়দের কুপার টেস্টে ডেকেছিল ফেডারেশন। কিন্তু সেই তালিকায় রাখা হয়নি জিমিকে। এক রকম বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে।

সেই সময় এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন অনেকে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন জিমিও। বলেছিলেন, ‘এটা বিরাট অন্যায়। আমি দলে খেলার যোগ্য কি না, সেটা যাচাইয়ের জন্য অন্তত ফিটনেস টেস্টের সুযোগ দেওয়া উচিত ছিল। তা-ও দেওয়া হয়নি। এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না।’

‘ফেডারেশনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ক্যাম্পে ডাকার। আগের কমিটি আমাকে অন্যায়ভাবে বাদ দিয়েছিল। নতুন কমিটি ন্যায়বিচার দিচ্ছে আমাকে। আমিও ঠিক করেছি ক্যাম্পে যাব। এরপর কোচ যদি যোগ্য মনে করেন, চূড়ান্ত স্কোয়াডে রাখবেন। অন্তত নিজেকে প্রমাণের সুযোগ তো পাচ্ছি, এটাই দারুণ খবর।’
রাসেল মাহমুদ জিমি

সেই থেকে জাতীয় দলে ব্রাত্য ছিলেন জিমি। কিন্তু তিনি হাল ছাড়েননি। নৌবাহিনীর অধীনে নিয়মিত অনুশীলন করে গেছেন। বারবারই বলেছেন, বয়স যতই হোক, জাতীয় দলে ফেরার স্বপ্ন তিনি দেখেন এবং এখনই অবসর নিচ্ছেন না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছে সেই দিন। হকি ফেডারেশনের আগের কমিটি বিদায় নিয়েছে। ১২ দিন আগে গঠিত হয়েছে নতুন অ্যাডহক কমিটি, যেখানে সদস্য হিসেবে আছেন জিমিও।

আরও পড়ুন

সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ক্যাম্পে জিমিকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। এ প্রসঙ্গে ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স প্রথম আলোকে বলেন, ‘বয়সের কারণে কাউকে বাদ দেওয়া অগ্রহণযোগ্য, এটা অবিচারও। তাই আমরা তাঁকে (জিমি) ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এরপর কোচ যদি মনে করেন জিমি চূড়ান্ত স্কোয়াডে থাকবেন, তাহলেই থাকবেন। জিমিসহ ক্যাম্পে আমরা আরও পাঁচজনকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন জিমি
প্রথম আলো

দল নির্বাচনের জন্য গঠিত তিন সদস্যের নির্বাচক কমিটিতে আছেন ফেডারেশনের সহসভাপতি সাজেদ আদেল, যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স ও সদস্য মাহবুব হারুন। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকালের মধ্যেই ক্যাম্পে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ডাক পাবেন জিমি। এদিকে আজ মধ্যরাতে ঢাকায় আসার কথা আরেকবার জাতীয় দলের দায়িত্ব পাওয়া পুরোনো কোচ পিটার গেরহার্ডের। আগামীকাল তাঁর ভাসানী স্টেডিয়ামের চলমান ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। কোচ আসার পরপর জিমি ক্যাম্পে যোগ দেবেন এমনটাই সিদ্ধান্ত।

জাতীয় দলে আবার সুযোগ পাওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বসিত জিমি প্রথম আলোকে বলেন, ‘ফেডারেশনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ক্যাম্পে ডাকার। আগের কমিটি আমাকে অন্যায়ভাবে বাদ দিয়েছিল। নতুন কমিটি ন্যায়বিচার দিচ্ছে আমাকে। আমিও ঠিক করেছি ক্যাম্পে যাব। এরপর কোচ যদি যোগ্য মনে করেন, চূড়ান্ত স্কোয়াডে রাখবেন। অন্তত নিজেকে প্রমাণের সুযোগ তো পাচ্ছি, এটাই দারুণ খবর।’

অন্তত ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান জিমি
হকি ফেডারেশন

২০০৩ সালে যাত্রা শুরু করা ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের বর্তমানে আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ১৯৪টি। অন্তত ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা তাঁর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে। জিমি বলেন, ‘এবারও এশিয়ান গেমসের চূড়ান্ত দলে সুযোগ পেলে এটাই হবে আমার ক্যারিয়ারের শেষ এশিয়ান গেমস।’

চলমান জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েও যোগ না দেওয়া পুষ্কর খিসা মিমোকে আবারও ডাকা হচ্ছে। এ ছাড়া নানা কারণে বাদ পড়া নাঈম উদ্দিন, শিশির ও সৈকতও আবার ডাক পাচ্ছেন ক্যাম্পে।

আরও পড়ুন