সাকিবের দলে হকির ‘ম্যারাডোনা’ শাহবাজ

৫৪ বছর বয়সী শাহবাজ আজ ঢাকায় এসেছেন (বা থেকে চতুর্থ)ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে ঢাকা মোহামেডানের জার্সি গায়ে ঢাকার ক্লাব হকি মাতিয়ে গিয়েছিলেন তিনি। শাহবাজ আহমেদের স্টিকের কারুকাজ দেখতে তখন মওলানা ভাসানী স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় করতেন অনেক দর্শক। পাকিস্তানি এই তারকা এরপর কয়েকবার এসেছেন ঢাকায়। ৫৪ বছর বয়সী শাহবাজ আজ বিকেলে এসেছেন আরও একবার।

তবে হকির ‘ম্যারাডোনা’খ্যাত পাকিস্তানের সাবেক অধিনায়ককে এবার বাংলাদেশের হকিতে পাওয়া যাবে ভিন্ন ভূমিকায়। ২৮ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার পরামর্শক হয়ে কাজ করবেন। কাজ শুরুও করে দিয়েছেন প্রথম দিনে এসেই। বিকেলে ঢাকায় এসে সন্ধ্যার পর মোনার্ক মার্টের খেলোয়াড়দের নিয়ে পরিচিতি পর্বও সেরে নিয়েছেন।

১৯৯৪ বিশ্বকাপ হকিজয়ী তারকাকে পেয়ে মোনার্ক মার্টের দেশি আইকন খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি উচ্ছ্বসিত। নতুনেরা অনেক কিছু শিখতে পারবে জানিয়ে রাসেল মাহমুদ কাল প্রথম আলোকে বলেন, ‘শাহবাজ আহমেদের খেলা আমি দেখেছি। দুর্দান্ত এক ফরোয়ার্ড ছিলেন। আমরা ছোটবেলায় মুগ্ধ হয়ে দেখতাম তাঁর খেলা। এখন তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আশা করছি, তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে আমাদের।’প

যখন খেলোয়াড় ছিলেন শাহবাজ
ফাইল ছবি

শাহবাজ রাতে দলের সঙ্গে টিম হোটেলে পরিচিত হওয়ার পর জিমি বলেন, ‘তিনি আমাদের বলেছেন, যখনই দরকার তাঁর কাছে পরামর্শ চাইতে। সবাইকে সহায়তা করতে প্রস্তুত তিনি। তিনি বলেছেন, কোনো দ্বিধা না করে তাঁর কাছে যেতে।

বাংলাদেশের হকির তাঁর অনেক দিনের চেনা। সুতরাং দলের জন্য কাজ করতে কোনো সমস্যা হবে না তাঁর। মোনার্ক মার্টকে ভালো একটা জায়গায় দেখতে চান তিনি।’
পল্টনের একটি হোটেলে মোনার্ক মার্টের ক্যাম্প চলছে। সেখানেই দলের সঙ্গে থাকবেন শাহবাজ। পাশেই দলটির অনুশীলন চলছে মওলানা ভাসানী স্টেডিয়ামে।