প্রথম ম্যাচেই ১৩ গোল হজম হকির মেয়েদের

গেমসে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরাবাংলাদেশ হকি ফেডারেশন

‎এশিয়ান গেমসের হকিতে ছেলেরা তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে৷ আজ একই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী হকি দল চীনের বিপক্ষে হারল ১৩-০ গোলে। ‘পুল এ’-তে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে।

জাপানের ‎কাওয়াসাকি জুকো স্টেডিয়ামের ম্যাচটি দিয়েই এশিয়ান গেমসে প্রথমবার নেমেছে বাংলাদেশ নারী হকি দল। আর শুরুটাই হলো খুবই বাজেভাবে। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে রীতিমতো চূর্ণবিচূর্ণই হয়েছে রক্ষণভাগ। প্রতি কোয়ার্টারেই গোল উৎসব করেছে চীন।

‎ম্যাচ শুরুর চার মিনিট থেকে ৫৭ মিনিট পর্যন্ত যেন গোল গুনেই পার করেছে বাংলাদেশ। চীনের হয়ে হ্যাটট্রিক করেন ঝোং জিয়াছি (৪, ১৩ ও ২৯ মিনিটে)। এ ছাড়া চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ই (৪১ ও ৫৭ মিনিট) করে দুটি করে গোল। একটি করে লি হং (১৩ মিনিট), ঝাং ইিং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) এবং ইয়াং লিউ (৩৬ মিনিট)।

প্রতি কোয়ার্টারেই গোল করেছে চীন
বাংলাদেশ হকি ফেডারেশন

‎‎অন্যদিকে বাংলাদেশ সান্ত্বনাসূচক গোলটাও পায়নি। উল্টো ম্যাচের ৬০ মিনিটে হলুদ কার্ড দেখেন কণা আক্তার।

‎১২ দলের ইভেন্টে দুই পুল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ অক্টোবর। সেমিফাইনালে উঠতে না পারা দলগুলো স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে।

ম্যাচজুড়ে চীনের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে

এবারের এশিয়ান গেমস নারী হকিতে পদকের লড়াইয়ের সঙ্গে আছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটের সমীকরণ। সোনাজয়ী দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।

আরও পড়ুন