ডিসকাস থ্রোতে ২৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জাফরিন

২৯ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙেছেন ডিসকাস থ্রোয়ার জাফরিন আক্তারসৌজন্য ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট জাফরিন আক্তারের জন্ম ১৯৯৫ সালে। জাফরিনের জন্মের দুই বছর আগে জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ডিসকাস থ্রোতে (চাকতি নিক্ষেপ) রেকর্ড গড়েছিলেন জ্যোৎস্না আফরোজ। ২৯ বছর পর জ্যোৎস্না আফরোজের রেকর্ড ভেঙেছেন জাফরিন।

বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিকসে আজ এই কীর্তি গড়তে জাফরিন চাকতি ছুড়েছেন ৪৩.৪৯ মিটার দূরত্বে। ১৯৯৩ সালে ৪২.৯০ মিটার দূরত্বে ছুড়ে রেকর্ড গড়েছিলেন জ্যোৎস্না।

ভাবিনি যে রেকর্ড হয়ে যাবে। এবার আসলে নির্ভার হয়ে খেলেছি। নিজের রেকর্ড দেখে নিজেই অবাক হয়েছি।
জাফরিন আক্তার

জাফরিনকে নিয়ে এখন আশা করতেই পারে অ্যাথলেটিকস ফেডারেশন। কাঠমান্ডুতে ২০১৯ সালে সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমসে মেয়েদের ডিসকাস থ্রোতে ৪১.২৯ মিটার দূরত্বে পাঠিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন শ্রীলঙ্কার ইশারা মাধুরাঙ্গি। তাঁর চেয়েও ২.২০ মিটার বেশি দূরত্বে চাকতি নিক্ষেপ করেছেন জাফরিন।

গত সেপ্টেম্বরে সামার অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জেতেন জাফরিন। এবার পারফরম্যান্সের উন্নতি করতে নৌবাহিনীর ছোট মাঠেই নিয়মিত অনুশীলন করতেন। কিন্তু এত ভালো হবে, সেটা মোটেও ভাবেননি জাফরিন, ‘আমি অনুশীলনে রেকর্ড দূরত্বে থ্রো করেছি। কিন্তু অনুশীলনে ভালো করলেও অনেক সময় প্রতিযোগিতায় ভালো হয় না। তারপরও চেষ্টা করেছি। ভাবিনি যে রেকর্ড হয়ে যাবে। এবার আসলে নির্ভার হয়ে খেলেছি। নিজের রেকর্ড দেখে নিজেই অবাক হয়েছি।’

জাফরিন আক্তার
সৌজন্য ছবি

জয়পুরহাটের পাঁচবিবি থানার উচাই গ্রামের মেয়ে জাফরিন ছোটবেলা থেকেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন। কিন্তু ঠিকমতো অনুশীলনের সুযোগ পেতেন না। এমনকি অনুশীলনে গেলে প্রতিবেশীরা সমালোচনা করতেন। এমন একটি কীর্তি করার পর সেই কঠিন দিনগুলোর কথা মনে করে বলছিলেন জাফরিন, ‘আমাদের এলাকায় মেয়েরা শর্টস আর ট্রাউজার পরে অনুশীলন করলে সবাই বাঁকা চোখে তাকায়। এলাকায় তাই অনেক সময় অনুশীলন ছাড়া বিভিন্ন গেমসে অংশ নিতাম। এরপর আমি বিকেএসপিতে এসে ভালোভাবে অনুশীলনের সুযোগ পেয়েছি।’

জাফরিনের বাবা স্কুলশিক্ষক। ভাই বাস্কেটবল খেলোয়াড়। বোন ক্রিকেট খেলেন। তাই পরিবার থেকে খেলার ব্যাপারে সব রকমের সমর্থন পেয়েছেন। এমনকি বিয়ের পর শ্বশুরবাড়ি থেকেও সমর্থন পান, ‘আমার বাবা সব সময় খেলার ব্যাপারে স্বাধীনতা দিয়েছে। এখন স্বামীও কোনো বাধা দেন না। সবার উৎসাহে খেলাধুলা করছি।’

শুরুতে শটপুট ইভেন্টে অংশ নিতেন জাফরিন। কিন্তু তাঁর উচ্চতা (৫ ফুট ৯ ইঞ্চি) দেখে কোচ ডিসকাস থ্রোতে অংশগ্রহণের পরামর্শ দেন। এর পর থেকে নিয়মিত এই ইভেন্টে অংশ নেন জাফরিন।

আরও পড়ুন
পড়াশোনাতেও দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর রেখেছেন জাফরিন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুই বিভাগেই পেয়েছেন প্রথম শ্রেণি।

২০১৩ সালে বাংলাদেশ গেমসে সোনা জেতেন জাফরিন। ২০১৪ সালে জাতীয় ও সামার অ্যাথলেটিকসেও জেতেন সোনার পদক। এই পারফরম্যান্সের সুবাদে ২০১৬ সালে নৌবাহিনীতে চাকরি হয় তাঁর। পড়াশোনাতেও দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুই বিভাগেই পেয়েছেন প্রথম শ্রেণি।

সাধারণত ট্র্যাকের ইভেন্টেই বেশি নজর থাকে ফেডারেশনের। এবার জাফরিন যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে এসএ গেমসেও পদক জেতার স্বপ্ন দেখছেন। জাফরিনও সেই লক্ষ্যে অনুশীলনের সুযোগ চাইলেন, ‘সাধারণত ফিল্ড ইভেন্টের জন্য ক্যাম্পে ডাকা হয় না আমাদের। কিন্তু আমি যে পারফরম্যান্স করেছি, তাতে একটা সুযোগ পেতেই পারি। ভালো সুযোগ-সুবিধা পেলে অবশ্যই দেশকে এসএ গেমসে পদক এনে দিতে পারব।’

আরও পড়ুন