হিটেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর, হতাশ করলেন জিনাত

দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানএএফপি

‎‎কমনওয়েলথ গেমসে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে হিট থেকেই বাদ পড়েছেন তিনি।

স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে আজ ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ছয়জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর।  সব মিলিয়ে অংশ নেওয়া মোট ৭৩ জন স্প্রিন্টারের মধ্যে তিনি হয়েছেন ২৭তম। ইমরানুরের শুরুটা ভালোই ছিল, কিছুটা সময় সবার চেয়ে এগিয়েও ছিলেন।

দৌড় শেষ করতে ইমরানুরের সময় লেগেছে ১০.৩৯ সেকেন্ড। ‎অথচ তাঁর ক্যারিয়ারসেরা সময় ছিল ১০.১১ সেকেন্ড, যা তিনি ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে গড়েছিলেন।

১০০ মিটার স্প্রিন্টে প্রথম ১৭ জন অ্যাথলেট সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। ১০.২৪ সেকেন্ড সময় নিয়েছেন ১৬তম ও ১৭তম হওয়া অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিং ও বার্বাডোজের কুরন গ্রিফিথ।  

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস গড়েন ইমরানুর
রয়টার্স

‎বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসের দিকে তাকালে এখন পর্যন্ত ইমরানুরের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০২৩ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। যেখানে ৬০ মিটার স্প্রিন্টে অসাধারণ পারফর্ম করে তিনি দেশের জন্য সোনা জিতেছিলেন।

‎চলতি কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদকের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারেননি। তবে রিংয়ে কিছুটা প্রত্যাশার আলো ছড়াচ্ছেন বক্সার রাকিব হোসেন। ইতিমধ্যে তিনি ৫৫ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।

জিনাত ফেরদৌস
প্রথম আলো

‎গত বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২৩তম কমনওয়েলথ গেমসের। আন্তর্জাতিক ক্রীড়ার এই বৃহৎ আসরে বাংলাদেশ এবার অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকস—এই চার ডিসিপ্লিনে নিজেদের প্রতিনিধিত্ব করছে।

‎একইদিন মেয়েদের ৫১ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস।

আরও পড়ুন