দুই বছরের জন্য নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া

ভারোত্তোলক মাবিয়া আক্তারপ্রথম আলো

লাল-সবুজের পতাকা জড়িয়ে মাবিয়া আক্তারের সেই কান্নার ছবিটা আজও দেশের ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে অমলিন। ২০১৬ এসএ গেমসে সোনার পদক গলায় ঝুলিয়ে মাবিয়া যখন পদক মঞ্চে দাঁড়িয়েছিলেন, তখন তিনি হয়ে উঠেছিলেন অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। কিন্তু সেই সোনালি ক্যারিয়ারের আকাশে এখন ঘন কালো মেঘ। ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশের এই তারকা ভারোত্তোলক।

ঘটনার সূত্রপাত গত বছরের সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে। গেমস শুরুর আগে ২৯ অক্টোবর ঢাকার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ‘ফুরোসেমাইড’ ও ‘ক্যানরেনোন’-এর উপস্থিতি পাওয়া যায়, যা মূলত শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে।

সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) গত বৃহস্পতিবার তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞার চিঠি পাঠিয়েছে।

তবে শাস্তির খবরে ভেঙে পড়লেও নিজেকে নির্দোষ দাবি করছেন মাবিয়া। তাঁর দাবি, তিনি কোনো অনৈতিক সুবিধা নিতে নয়, বরং চিকিৎসকের পরামর্শে চোটের চিকিৎসা নিতে গিয়েই বিপদে পড়েছেন। মাবিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি হাঁটুর ব্যথা আর অ্যালার্জির জন্য ওষুধ খেয়েছিলাম। বিওএ থেকে আমাদের সব সময় বলা হয়, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিছু না খেতে। আমি সেটাই করেছি, গোপনে কিছু খাইনি। আমার কাছে সব প্রেসক্রিপশন আছে।’

ভারোত্তোলন ক্যারিয়ারে এখন চ্যালেঞ্জের মুখে মাবিয়া আক্তার
প্রথম আলো

নিষেধাজ্ঞার খবর নিয়ে তিনি বলেন, ‘বিওএ-র সেমিনারে শেখানো হয়েছিল যা–ই খাব, সেটার যেন প্রেসক্রিপশন থাকে। কিন্তু এটা কখনো বলা হয়নি যে কোন কোন ওষুধ খাওয়া যাবে না। ফলে আমি তো আর জানি না কোন ওষুধ খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শে আমি ওষুধ খেয়েছি। অথচ আজ প্রেসক্রিপশন থাকার পরও আমাকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। বিওএর প্যাডে চিঠি পাঠানো হয়েছে আমাকে। কিন্তু সেই চিঠির সঙ্গে ওয়াডার কপিটিও দেওয়া হয়নি।’

২০১২ সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার ঝুলিতে আছে আন্তর্জাতিক পাঁচটি সোনা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে টানা দুবার সোনা জিতেছেন। এখন সেই গৌরবের পাশাপাশি যোগ হলো নিষেধাজ্ঞার দাগ। তবে হাল ছাড়ছেন না মাবিয়া।  ১৪ দিনের সময়সীমার মধ্যে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুন