জুরিখে ‘পাগলাটে’ ডায়মন্ড লিগে দস সান্তোস ও রাসেলের বিশ্ব রেকর্ড
জুরিখ ডায়মন্ড লিগে গতকাল রাত ছিল রোমাঞ্চকর। বিশ্ব রেকর্ড গড়ে ছেলেদের ৪০০ মিটার হার্ডলস জেতেন ব্রাজিলের অ্যাথলেট আলিসন দস সান্তোস। মেয়েদের ১০০ মিটার হার্ডলসেও হয়েছে বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের মাসাই রাসেল জিতে নেন এই ইভেন্ট।
পোল ভল্টে বিশ্ব রেকর্ড হয়নি। তবে দুবারের অলিম্পিক এবং তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আরমান্দ ‘মন্ডো’ ডুপ্লান্টিসকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন গ্রিসের ইমানৌইল কারালিস। ব্যক্তিগত সেরা ৬.২০ মিটার উচ্চতা পাড়ি দিয়েও অবশ্য ডুপ্লান্টিসের জয় ঠেকাতে তিনি পারেননি।
সুইডিশ–আমেরিকান কিংবদন্তি ডুপ্লান্টিস বিজয়ী হতে ৬.২৫ মিটার উচ্চতা পাড়ি দেন। দুই পোল ভল্টার এরপর ৬.৩২ মিটারের সম্ভাব্য বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেন। তাতে কেউ সফল না হলেও পোল ভল্টের ইতিহাসে এই প্রথম দুই অ্যাথলেটের একসঙ্গে ৬.২০ মিটার বা এর বেশি উচ্চতা পার হওয়ার কীর্তি দেখেন লেতজিগ্রান্ড স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক। ইভেন্টটি শেষে কারালিস বলেন, ‘প্রতিদিনই তো আর দুজন মানুষকে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করতে দেখা যায় না। এটা ছিল দারুণ ব্যাপার।’
দিনের শুরুতে চমক দেখান ব্রাজিলের দস সান্তোস। ৪৫.৮০ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ৪০০ মিটার হার্ডলস জিতে নেন। এর মাধ্যমে টোকিও অলিম্পিকে সোনা জয়ের পথে নরওয়ের কারস্টেন ওয়ারহোমের ৪৫.৯৪ সেকেন্ডের আগের রেকর্ড ভেঙে দেন দস সান্তোস। ওয়ারহোম ৪৬.৬৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন, যা গত বছর তাঁর গড়া মিট রেকর্ডের চেয়েও ভালো পারফরম্যান্স। ৪৭.৫০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন নাইজেরিয়ার ইজেকিয়েল নাথানিয়েল।
বিশ্ব রেকর্ড ভাঙার কথা আগেই ভেবে রেখেছিলেন কি না—এমন প্রশ্নে দস সান্তোসের উত্তর, ‘ভেবেছিলাম! অবশ্যই ভেবেছিলাম! এখানে আসার সুযোগ পাওয়ায় আমি রোমাঞ্চিত। আবহাওয়া চমৎকার, ট্র্যাকও দারুণ। মৌসুমজুড়ে আমি দারুণ ফর্মে আছি।’ দ্বিতীয় ওয়ারহোমের চোখে তাঁদের এই ইভেন্টটি ‘পাগলাটে’।
২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন, গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ী এবং দুবারের অলিম্পিক ব্রোঞ্জজয়ী দস সান্তোস রেকর্ড ভাঙায় জুরিখ ছেড়েছেন ৮০ হাজার ডলার প্রাইজমানির চেক নিয়ে। রেকর্ড ভাঙায় সমপরিমাণ অর্থের প্রাইজমানির চেক পেয়েছেন রাসেলও।
দস সান্তোস রেকর্ড গড়ার পর মেয়েদের ইভেন্টে ট্র্যাকে নামেন রাসেল। ১২.০৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়েন। ২০২২ সালে ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নাইজেরিয়ার টোবি আমুসানের বিশ্ব রেকর্ড (১২.১২ সেকেন্ড) ভেঙেছেন রাসেল।
রাসেলের আগের ব৵ক্তিগত সেরা টাইমিং ছিল ১২.১৪ সেকেন্ড। এদিন শুরু থেকেই দারুণ গতি দেখিয়ে প্রথম দুটি হার্ডলস পেরোনোর পথে দৌড়ে সবার চেয়ে এগিয়ে যান। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে মৌসুমের নিজের সেরা টাইমিংয়ে দ্বিতীয় হওয়া আমুসান বলেন, ‘বিশ্ব রেকর্ড গড়ার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারাটা দারুণ ব্যাপার। এখানে নিজের সেরাটা দিয়ে মৌসুমের সেরা টাইমিং নিয়ে আমি খুশি।’