পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ
সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আজ বাংলাদেশকে ৩-০ সেটে পরাজিত করে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।
র্যাঙ্কিংয়ে পাকিস্তান বিশ্বের ৩৯ নম্বর দল, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৭৫তম। তারপরও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশ ২৫-২০ পয়েন্টে কিছুটা লড়াইয়ের আভাস দেয়। কিন্তু দ্বিতীয় সেটে ২৫-১৬ পয়েন্টে বেশ বড় ব্যবধানে পিছিয়ে পড়ে।
টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশ বেশ ভালো খেলেছে, পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই। ফাইনালে ওঠার পথে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়েছে হরষিত বিশ্বাসের দল।
লিগ পর্বে বাংলাদেশ হেরেছে শুধু স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেই। সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। কিন্তু ফাইনালে হারতে হলো আবার সেই পাকিস্তানের কাছেই। প্রতিযোগিতার তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা।
কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে, ২০১৬ সালে। ঢাকায় ফাইনালে তারা হারিয়েছিল কিরগিজস্তানকে।