পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

বাংলাদেশ হকি দলফাইল ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কাছে প্রথম ম্যাচে ৭-২ গোলে বড় হার। তবে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। ভালো খেলেছে পাকিস্তানের সঙ্গে। তাতেও অবশ্য হার আটকানো যায়নি।

এশিয়ান গেমস হকিতে আজ পাকিস্তানের সঙ্গে আগে গোল করে এবং দ্বিতীয় কোয়ার্টার শেষে ১-১ স্কোরলাইন রেখেও শেষ পর্যন্ত রাসেল মাহমুদ জিমিরা হেরেছেন ৫-২ গোলে।

ম্যাচের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ১৫ মিনিট পাকিস্তানকে গোল করতে দেয়নি। স্কোরলাইন রাখতে পেরেছে গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ গোল করে এগিয়ে যায়। ১৯ মিনিটে সেই গোলটি করেন পুষ্কর খীসা। দুই মিনিট পরই অবশ্য পাকিস্তানের আফরাজ গোলটি শোধ করে দেন। ১-১ স্কোরলাইন নিয়ে শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

পাকিস্তান হকি দলের গোল উদ্‌যাপন
ছবি : টুইটার

তৃতীয় কোয়ার্টারে ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। এই সময়ের পাকিস্তান তিনটি গোল করেছে। জোড়া গোল করে শাহজাইব খান ম্যাচ ছিনিয়ে নেন। ৪০ মিনিটে শাহজাইব করেন ২-১। ৪৩ মিনিটে মোহাম্মদ আমাদের স্টিকে ৩-১। ৪৬ মিনিটে বাংলাদেশের মিলন হোসেন ম্যাচে ফেরান বাংলাদেশকে। স্কোরলাইন ৩-২। দুই মিনিট পরই শাহজাইব নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে। চতুর্থ কোয়ার্টারে পাকিস্তান ব্যবধান বাড়িয়েছে। ৫৭ মিনিটে আমাদ করেন ৫-২।

আরও পড়ুন

এশিয়ান গেমস হকিতে সবচেয়ে সফল দল পাকিস্তান সোনা জিতেছে আটবার। সেই পাকিস্তানকে বাংলাদেশ কখনোই হারাতে পারেনি। বরং হেরেছে সব ম্যাচেই। যার শুরুটা ১৯৭৮ সালে ১৭-০ গোলের বিশাল হার দিয়ে। সেটি ছিল বাংলাদেশের প্রথম এশিয়ান গেমস। ১৯৮৬ এশিয়াডে হারের ব্যবধান ৭-০। ২০০২ সালে ৯-০। ২০১০ সালে ৬-১। সর্বশেষ ২০১৮ এশিয়াডে ৫-০।