হকিতে মেয়েদের সামনে পাত্তা পেল না পাকিস্তানও

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে মেয়েরা

একই প্রতিযোগিতায় ছেলেরা যখন টানা দুই ম্যাচে হেরেছে, মেয়েরা তখন জয়ের পর জয় তুলে নিচ্ছে। জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৫-১ গোলে।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

‎‎চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর রক্ষণ শক্ত করে পাকিস্তান, কিন্তু তাতেও বাংলাদেশের আক্রমণ থামেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন।

৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ দেন সারিকা। এক গোল হজম করেও ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ব্যবধান বাড়াতে আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। ফলও মেলে দ্রুত। ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশের মেয়েরা
হকি ফেডারেশন

৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের ব্যবধান ৫-১ করেন আইরিন আক্তার।

দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।‎‎

আরও পড়ুন

দশ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।‎‎

চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।

আরও পড়ুন