মঙ্গোলিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের হুমায়রা

হুমায়রা জিতল মঙ্গোলিয়ার প্রতিযোগির বিপক্ষেছবি: টেনিস ফেডারেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ রিজিওনাল ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের হুমায়রা হায়দার। রমনা টেনিস কমপ্লেক্সে আজ মেয়েদের এককের প্রথম রাউন্ডে হুমায়রা হায়দার ৬–২, ৬–২ গেমে হারিয়েছে মঙ্গোলিয়ার খসলঙ্গো গনাবতারকে। অন্য ম্যাচে বাংলাদেশের সুমাইয়া আক্তার ০-৬, ০-৬ গেমে হেরেছে চীনা তাইপের ইয়ান রং ঝংয়ের কাছে।

২০১৯ সালে রমনা শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বসেছিল আইটিএফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের আসর। বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট সেটিই। চার বছর পর আবারও নতুন করে জেগে উঠেছে রমনা টেনিস কমপ্লেক্স। আজ সেখানেই শুরু হয়েছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ রিজিওনাল ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ।

উত্তরা ডিপিএস স্কুলের ছাত্রী হুমায়রা
ছবি: টেনিস ফেডারেশন

প্রথম দিনে বাংলাদেশের একমাত্র সাফল্য এসেছে হুমায়রার হাত ধরে। উত্তরা ডিপিএস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী হুমায়রা ঘরোয়া টুর্নামেন্টেও এরই মধ্যে সাফল্য পেয়েছে। গত বছর জাতীয় জুনিয়র অনূর্ধ্ব–১২ প্রতিযোগিতায় হয়েছে চ্যাম্পিয়ন। এর আগে জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ (জেটিআই) অনূর্ধ্ব–১২ বিভাগের মেয়েদের এককে হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর গত বছর নেপালে এটিএফ অনূর্ধ্ব–১২ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাছাইপর্বে খেলেছে। এ ছাড়া বুলগেরিয়ায় খেলেছে বয়সভিত্তিক ইউরোপিয়ান টেনিস টুর্নামেন্টে। অবশ্য দেশের মাটিতে আজই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হলো হুমায়রার। আর প্রথম ম্যাচে জিতে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে।

হুমায়রাকে নিয়ে আশাবাদী সবাই
ছবি: টেনিস ফেডারেশন

গত বছর হুমায়রা থাইল্যান্ডে গিয়ে অনুশীলন করেছিল। সেখানে ফ্রান্স কোচ মার্শেই রিকিমবুসের অধীনে অনুশীলন করে খেলতে যায় নেপালের টুর্নামেন্টে। কিন্তু এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ঢাকায় জাতীয় বয়সভিত্তিক দলের কোচ দেলোয়ার হোসেনের অধীনে প্রস্তুতি নিয়েছে হুমায়রাসহ বাংলাদেশের চার খেলোয়াড়। কোচ দেলোয়ার হোসেন হুমায়রাকে নিয়ে দারুণ আশাবাদী, ‘অল্প বয়সেই হুমায়রা খুব ভালো করছে। ওর মধ্যে শেখার আগ্রহ অনেক। আশা করি, এই টুর্নামেন্টের সে ফাইনালে খেলবে।’

টুর্নামেন্টে অংশ নিচ্ছে কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চীনা তাইপে, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও বাংলাদেশ। সেরা চার দল আগামী বছর খেলবে এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। বালক ও বালিকা একক এবং দ্বৈত—এই চারটি ইভেন্টে অংশ নিচ্ছে ২০ জন ছেলে ও ১৪ জন মেয়ে। বাংলাদেশের হয়ে ছেলে ও মেয়েদের বিভাগে অংশ নিচ্ছে তানভীর মুন, জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া, সুমাইয়া আক্তার ও হুমায়রা আক্তার। এ প্রতিযোগিতার ফাইনাল ১৯ জানুয়ারি।