বত্রিশেই জীবনের ট্র্যাক ছাড়লেন বোয়ি

হঠাৎ করেই মারা গেছেন টোরি বোয়ি। ছবিটি ২০১৬ রিও অলিম্পিকেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ মিটার স্প্রিন্ট, অ্যাথলেটিকসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টটি শেষ হয়ে যায় কয়েক সেকেন্ডেই। আর এই কয়েকটা সেকেন্ডেই পৃথিবীতে অমরত্ব দিয়েছে কতজনকে! তেমনই একজন টোরি বোয়ি। যুক্তরাষ্ট্রের নারী স্প্রিন্টার ২০১৭ সালে লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবী হয়েছিলেন। সেই বোয়ি জীবনের ট্র্যাক থেকেও কত দ্রুতই না বিদায় নিলেন! গতকাল বোয়ির ম্যানেজমেন্ট কোম্পানি নিশ্চিত করেছে তাঁর মৃত্যুর খবর।

মাত্র ৩২ বছর বয়সেই চলে গেলেন রিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে জ্যামাইকার এলেইন থম্পসনের পেছনে থেকে রুপা জেতা বোয়ি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। গতরাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

২০১৭ সালে বিশ্বের দ্রততম মানবী হয়েছিলেন টোরি বোয়ি
ছবি: এএফপি

বোয়ির মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছে পুরো অ্যাথলেটিকস বিশ্ব। তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান তারকা শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস টুইটারে লিখেছেন, ‘টোরি বোয়ির পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অসাধারণ এক প্রতিদ্বন্দ্বী ও আলোর উৎস। তোমার কর্মশক্তি ও হাসিমুখ চিরদিন আমার সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও।’

বিশ্বমঞ্চে তিনটি সোনা জেতা বোয়ি ২০১৬ রিও অলিম্পিকে ও ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার রিলেতেও সোনা জেতেন। ২০১৭ সালে লন্ডনে ফটোফিনিশে আইভরিকোস্টের মেরি-হোসে তা লুকে হারিয়ে বিশ্বের দ্রুততম মানবী হয়েছিলেন। সেই জয়ের পর যেন বিশ্বাসই হচ্ছিল না বোয়ির, ‘কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু চেষ্টা করেছি নিজের সর্বস্ব দিতে। সত্যি সত্যিই কি আমি বিশ্ব চ্যাম্পিয়ন?’

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে জন্ম বোয়ির, বেড়ে ওঠাও সেখানে। অ্যাথলেটিকসে নাম লেখানোর আগে বাস্কেটবল খেলেই খেলাধুলায় হাতেখড়ি হয় বোয়ির।

আরও পড়ুন