২০৬২ স্কুলের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে ১০ লাখ টাকা জিতল সেন্ট যোসেফ

শিরোপাজয়ী সেন্ট জোসেফ স্কুলের দাবাড়ুরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢোকার মুখেই বিশাল আকারের বিলবোর্ড বসানো। একপাশের বোর্ডে বিশ্বখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার ববি ফিশার, জুডিত পোলগার, গ্যারি কাসপারভ, বিশ্বনাথন আনন্দের ছবি। অন্য পাশে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তারদের ছবি। ভেতরের বড় হলরুমে শেষ হয়েছে মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশিপ। ‘হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার’—স্লোগানে এই স্কুল টুর্নামেন্টের আয়োজক দাবা ফেডারেশন। পৃষ্ঠপোষক হিসেবে ছিল আবুল খায়ের গ্রুপ।

স্কুলভিত্তিক দলগত এই দাবা প্রতিযোগিতা শুরু হয়েছিল গত আগস্টে। প্রায় পাঁচ মাস ধরে চলা প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল হয়ে গেল আজ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। ফাইনালে উত্তরা ডিপিএস এসটিএস স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুল।

ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। সাড়ে চার ঘণ্টার রোমাঞ্চকর ফাইনালে চার বোর্ডেই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে ২-২ গেম পয়েন্টে ড্র করে দুই দল। এরপর টাইব্রেকারে প্রতিটি স্কুল খেলেছে ১০ মিনিট ৫ সেকেন্ডের র‌্যাপিড দাবা। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে সেন্ট জোসেফের খুদে দাবাড়ুরা।

ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সেন্ট যোসেফ স্কুল পেয়েছে ১০ লাখ টাকা। রানার্সআপ স্কুল পেয়েছে ৫ লাখ টাকা। সারা দেশের মোট ২০৬২টি স্কুল অংশ নেয় মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশিপে। প্রতিটি দলে খেলেছে ছয়জন করে দাবাড়ু। ৫৩টি জেলার প্রাথমিক পর্বের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি সুযোগ পেয়েছে বিভাগীয় পর্যায়ে। বাকি ১১টি জেলাকে ভাগ করা হয় ১৭টি অঞ্চলে। এই ১৭ অঞ্চলের খেলা হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা ১৭টি চ্যাম্পিয়ন দল সুযোগ পায় বিভাগীয় পর্যায়ে। সব মিলিয়ে বিভাগীয় পর্যায়ে খেলেছে ৭০টি স্কুল। সেখান থেকে ৮ বিভাগের সেরা ১৬টি স্কুল নিয়ে ঢাকায় হয়েছে চূড়ান্ত পর্ব। ঢাকায় আসার পর ১৬টি স্কুল ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলেছে। চূড়ান্ত পর্বে গ্রুপের খেলাগুলো হয়েছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ওঠে কোয়ার্টার ফাইনালে। এরপর হয়েছে সেমিফাইনাল ও ফাইনাল।

রানার্স আপ ডিপিএস স্কুল
ছবি: সংগৃহীত

ফাইনালে সেন্ট যোসেফের হয়ে অংশ নিয়েছে তাহসিন তাজওয়ার, আহনাফ রশিদ চৌধুরী, নওশান উদ্দিন, আবরার জাহিন। উত্তরা ডিপিএস স্কুলের দাবাড়ু—আইমান আহমেদ, মারজুক চৌধুরী, মোহাম্মদ ফারজান আলী ও কাজী আফসান রওনক আনান।

স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বাংলাদেশে এত বড় মাপের দাবা প্রতিযোগিতার আয়োজন আগে হয়নি। টুর্নামেন্টে সাড়াও মিলছে প্রচুর। উচ্ছ্বসিত টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বলেন, ‘আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এই টুর্নামেন্ট। প্রথমদিকে ভেবেছিলাম, ঢাকার বাইরের স্কুলগুলো থেকে দাবাড়ু নাও পেতে পারি। টুর্নামেন্ট করতে গিয়ে দেখি অনেক স্কুল দল গঠন করে এসেছে। এটা দেখে আমরা অবাক হয়েছি। আসলে এটাই আমরা চেয়েছিলাম।’

শাকিল জানালেন, স্কুলগুলোতে দাবার সংস্কৃতি গড়ে তুলতেই এমন আয়োজন, ‘স্কুলগুলো এরপর কোচ নিয়োগ দেবে, ক্লাব করবে, দাবার চর্চা করবে। আমাদের স্লোগানই ছিল, স্কুলগুলাতে দাবার সংস্কৃতি গড়ে তোলা।’ টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফেডারেশনকে। অনেক স্কুলে কমিটি করতে হিমশিম খেতে হয়েছে। লালমনিরহাট, পঞ্চগড়, বরগুনা, পটুয়াখালীর স্কুলে কোনো দাবাড়ুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাশের জেলা থেকে দাবাড়ু এনে শেষ পর্যন্ত অনেকে জেলা দল গঠন করে।

বেশির ভাগ স্কুলের দাবাড়ুরাই প্রথমবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেছে। সেখান থেকে উঠে এসেছে সম্ভাবনাময় অনেক দাবাড়ু। কক্সবাজারের মহেশখালী স্কুল কোয়ার্টার ফাইনালে ড্র করে ডিপিএস স্কুলের সঙ্গে। শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেকারে হেরেছে মহেশখালী। কোয়ার্টার ফাইনালে ওঠা সব দলের দাবাড়ুদের নিয়ে আবাসিক অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

স্কুল দাবায় লড়ছে স্কুলের দাবাড়ুরা
ছবি: প্রথম আলো

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন সেন্ট জোসেফের ছাত্র। প্রথমবারের মতো স্কুল দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরে খুশি তাহসিন, ‘শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরে অনেক ভালো লাগছে। আসলে আজ শুরুতে আমরা এতটা আশাবাদী ছিলাম না। শেষের দিকে অবিশ্বাস্যভাবে আমরা ভালো খেলেছি। ১০ লাখ টাকার এই টুর্নামেন্ট স্কুলের দাবাড়ুদের জন্য। এটা দেখে অনেক ছাত্রছাত্রী এবার দাবা খেলতে আগ্রহী হবে।’

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এই টুর্নামেন্টকে দাবার বিপ্লব হিসেবেই দেখছেন, ‘এই টুর্নামেন্টের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে এখন স্কুল টুর্নামেন্ট অনেক দাবাড় অংশ নেবে। গত এক মাস ধরে সেন্ট জোসেফ ও ডিপিএস স্কুলের বাচ্চারা আমার কাছে আগ্রহ নিয়ে খেলা শিখেছে। তাদের এই আগ্রহ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। এই প্রতিযোগিতার মাধ্যমে আশা করি ভবিষ্যতে অনেক দাবাড়ু উঠে আসবে।’

বাংলাদেশের বাস্তবতায় ঘটা করে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হলেও পরের বছর সেটা মুখ থুবড়ে পড়ে। এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখাটাই তাই বড় চ্যালেঞ্জ, বললেন শাকিল, ‘আমাদের লক্ষ্য অনেকটাই সফল হয়েছে। কিন্তু আমাদের এটা ধারাবাহিকভাবে চালাতে হবে। যদি ৫ বছর এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে পারি, তাহলে আমরা দাবাড়ুদের জায়গা দিতে পারব না।’