সবার শেষে দৌড় শেষ করেও যেভাবে ‘জিতলেন’ বোউ সামনাং

অঝোর বৃষ্টির মধ্যেই দৌড় শেষ করেছেন বোউ সামনাংছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধুলার মূলমন্ত্র কী?
কখনোই হাল না ছাড়া।

গতকাল সেই হাল না ছাড়ার গল্পই লিখলেন বোউ সামনাং। কম্বোডিয়ার নমপেনে চলছে সাউথ ইস্ট এশিয়ান (সি) গেমস। সি গেমস নামেই বেশি পরিচিত সেই গেমসে মেয়েদের ৫ হাজার মিটার দৌড়টা সবার পরে শেষ করেন কম্বোডিয়ান প্রতিযোগী সামনাং।
অঝোর বৃষ্টির মধ্যে তাঁর সেই নিঃসঙ্গ দৌড়ের ভিডিও ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। যিনি সোনা জিতেছেন তাঁর চেয়ে ৬ মিনিট পর দৌড় শেষ করেন সামনাং। তবে সেই দৌড়ে যিনি প্রথম হয়েছেন তাঁর নাম কেউ জানতেও চায়নি। কিন্তু ‘লাস্ট’ হয়েও বিখ্যাত হয়ে গেলেন সামনাং।

সামনাংয়ের সেই বিখ্যাত দৌড়ের পর অলিম্পিক গেমসের টুইটার হ্যান্ডলে টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘যদি আপনি সবার শেষে থাকেন। যদি আবহাওয়া চরম বাজে থাকে। যদি মনে হয় আপনি পেরে উঠবেন না। (তবু) হাল ছাড়বেন না।’

এরপর সামনাং কী করেছেন সেটির ভিডিও দিয়ে লেখা হয়, ‘কোনো কিছুই ৫ হাজার মিটার দৌড় শেষ করতে বাধা হতে পারেনি কম্বোডিয়ার বোউ সামনাংয়ের।’

সেই সামনাং আর্থিক পুরস্কারও পেয়ে গেছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন আজ ১০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন সামনাংয়ের জন্য। বাংলাদেশের মুদ্রায় সেটি প্রায় ১১ লাখ টাকা।

কেন সামনাংকে পুরস্কার দিলেন, সেটির ব্যাখ্যায় হুন সেন বলেছেন, ‘হাল না ছাড়াকে উৎসাহ দিতেই এই পুরস্কার।’ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে এখন ইন্দোনেশিয়া অবস্থান করা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘পদক পাবে না সেটি জেনেও ওই বৃষ্টির মধ্যে সে দৌড় শেষ করেছে। হাল না ছাড়াকে উৎসাহ দিতে আমি ও আমার স্ত্রী তাঁকে ১০ হাজার ডলার দিচ্ছি।’

বোউ সামনাংয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কম্বোডিয়ার তথ্যমন্ত্রী খিয়েউ কানহারিথ
ছবি : ফেসবুক

এর আগে গতকাল কম্বোডিয়ার তথ্যমন্ত্রী খিয়েউ কানহারিথ ২৫০ ডলার উপহার দেন সামনাংকে।

এমন দৌড়ে সামনাং ফিরিয়ে আনলেন এরিক দ্য ইলের স্মৃতিই। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিট ১ মিনিট ৫২.৭২ সেকেন্ডে শেষ করেছিলেন ইকুয়াটোরিয়াল গিনির এরিক মুসাম্বানি। অলিম্পিক ইতিহাসে ১০০ মিটার ফ্রিস্টাইলে এটিই সবচেয়ে মন্থর সময়। সিডনি যাওয়ার আগে কখনোই ৫০ মিটার পুলে না সাঁতরানো মুসাম্বানির সেই হার না মানার গল্প অলিম্পিক ইতিহাসে রূপকথা হয়ে আছে এখনো।