অদম্য মেরিটের কীর্তি
আগামী মঙ্গলবার তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপন হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন এরিস মেরিটের এখন চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকার কথা। কিন্তু কোথায় কী? সেই মেরিট দিব্যি দৌড়ে বেড়ালেন বার্ডস নেস্টে। যুক্তরাষ্ট্রের অদম্য হার্ডলার কাল তো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১০ মিটার হার্ডলসে ব্রোঞ্জই জিতে নিলেন। এই ইভেন্টের বিশ্ব রেকর্ডের মালিক কাল সময় নিয়েছেন ১৩.০৪ সেকেন্ড। ১২.৯৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রাশিয়ার সের্গেই শুবেনকভ।
দুই বছর আগে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর ধরা পড়ে মেরিট এক বিরল কিডনি রোগে ভুগছেন। পরে সিদ্ধান্ত হয় কিডনি বদলাতে হবে। ৩০ বছর বয়সী মেরিটকে কিডনি দান করছেন তাঁর আপন বোন।
‘বাড়িতে বসে থেকে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করার কোনো মানে নেই’—এই যুক্তিতেই বেইজিংয়ে আসা মেরিটের। অস্ত্রোপচারের আগে মানসিক প্রশান্তিটাও চাইছিলেন মেরিট, ‘আমার এখানে আসার সবচেয়ে বড় কারণ মানসিকভাবে সজীব থাকা। আমি জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চাই। অস্ত্রোপচারটা ঠিকঠাক না হলে কে জানে এটাই হয়তো আমার শেষ চ্যাম্পিয়নশিপ।’ এএফপি।