অধিনায়ক বললেন, ‘বাংলাদেশ আগের জায়গাতেই আছে’

ভারতের আরেকটি গোলের উদ্‌যাপন। বাংলাদেশ দল শুধুই দর্শকছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কাছে হতাশার হার দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। ঢাকায় হওয়া সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছিল ভারত। এবার সেই ব্যবধান আরও বেড়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ বাংলাদেশকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা ভারত আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের হকির অবস্থানটা।

ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ৪০ মাস পর আন্তর্জাতিক হকিতে ফেরা বাংলাদেশ
ছবি: প্রথম আলো

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলামও মেনে নিয়েছেন সেই কথা, ‘আমরা অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ খেলি না। এই সময়ে তাদের খেলোয়াড়েরা ৫০ থেকে ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এ অবস্থায় তাদের সঙ্গে আমাদের তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয়, বাংলাদেশ আগের জায়গায়ই আছে। কিন্তু ভারত অনেক এগিয়ে গেছে।’

ঘরোয়া হকিতে ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগ শেষে মাত্র ১০ দিন জাতীয় দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছে। প্রথম ম্যাচে এমন বাজে পারফরম্যান্সের জন্য অল্প প্রস্তুতিকেই দুষলেন আশরাফুল, ‘এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আমরা খুব অল্প সময় পেয়েছি। এই অল্প সময়ের মধ্যে কোচ আমাদের যা শিখিয়েছেন, আমরা সেই অনুসারে খেলার চেষ্টা করেছি। ভারত খুবই ভালো এবং গোছানো একটা দল। আমরা ম্যাচে অনেক ভুল করেছি। তবে নিজেদের দোষে দু-তিনটা গোল বেশি খেয়েছি।’

ভারতের নবম গোল
ছবি: প্রথম আলো

প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে ভারত। কিন্তু আজ বাংলাদেশের বিপক্ষে কড়ায়–গন্ডায় সেই ক্ষতিটা পুষিয়ে নিয়েছে। দিলপ্রীত সিং করেছেন ক্যারিয়ারের পঞ্চম হ্যাটট্রিক।

ম্যাচের পর সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া দিলপ্রীত সিং বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে কৌশলে খেলেছি, তা বাংলাদেশের বিপক্ষেও অনেকটাই অপরিবর্তিত ছিল। তবে তফাৎ হলো, কোরিয়ার বিপক্ষে আমরা অনেক ভুল করেছি। এ ম্যাচে ভুল কম হয়েছে। কোরিয়া ম্যাচের ভিডিও দেখে আমরা নিজেদের ভুল চিহ্নিত করেছি।’

বাংলাদেশের খেলোয়াড়দের স্টিকে জড়তা ছিল স্পষ্ট
ছবি: প্রথম আলো

বাংলাদেশের এমন পারফরম্যান্সের কারণ হিসেবে দিলপ্রীত দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচে না খেলাকে দায়ী করলেন, ‘বাংলাদেশ ভালো দল। কিন্তু আমার কাছে মনে হয়েছে, অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার কারণে তাদের মধ্যে জড়তা ছিল। ম্যাচের আগে আমাদের কেবল আক্রমণ করার কৌশলই ছিল না, রক্ষণ নিয়েও পরিকল্পনা ছিল। আমাদের রক্ষণ আস্থার সঙ্গে খেলেছে।’

ভারত প্রথম কোয়ার্টারে ৮টি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে কোনো গোল করতে পারেনি। কিন্তু পরের ৬টি পেনাল্টি কর্নারের মধ্যে গোল করেছে ৫টিতেই। এই সাফল্যের পেছনের রহস্যটা জানালেন দিলপ্রীত, ‘শুরুর দিকে আমরা পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারছিলাম না। এ সময় বাংলাদেশ বেশ ভালো প্রতিরোধ গড়েছিল। একপর্যায়ে কোচ তাঁর কৌশল পরিবর্তন করেন। তাতেই কাজ হয়েছে।’