অনিয়ম-দুর্নীতিতে ডুবছে অ্যাথলেটিকস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনে গণতন্ত্রের চর্চায় ব্যবস্থা করা হয়েছিল নির্বাচনের। কিছু ব্যতিক্রম বাদ দিলে ফেডারেশনগুলোর নির্বাচিত কমিটির বিরুদ্ধেও কম অভিযোগ নেই। সর্বশেষ কর্মকর্তাদের অযোগ্যতা, অদক্ষতা, অনিয়ম-দুর্নীতির এন্তার অভিযোগ অ্যাথলেটিকস ফেডারেশনের বিরুদ্ধে। ক্রীড়ামোদীদের মত, এভাবে চলতে থাকলে দেশে অ্যাথলেটিকসের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

ক্রীড়াঙ্গনের ‘মাদার গেম’ অ্যাথলেটিকস, অথচ বাংলাদেশে সেটি বিবর্ণ তো হয়েছেই, এখন জাদুঘরে ঢোকার অপেক্ষায়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সাফল্য বলে কিছু নেই। দক্ষিণ এশিয়ান গেমসে সর্বশেষ সোনা এসেছে সেই ২০০৬ সালে। খেলোয়াড় তৈরি হচ্ছে না। ফেডারেশনের আন্তর্জাতিক যোগাযোগ ক্ষীণ, আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনস (আইএএএফ) প্রদত্ত বার্ষিক অনুদান বন্ধ হয়ে গেছে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকতে মরিয়া কিছু কর্মকর্তা!

সম্প্রতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছেন খোদ ফেডারেশনেরই সভাপতি সাবেক সিনিয়র সচিব এ এস এম আলী কবীর। তাঁর অভিযোগ, গত ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁর অনুমোদন ছাড়া ফেডারেশনের তহবিল থেকে ২৫ লাখ টাকা তুলেছেন সাধারণ সম্পাদক। জানুয়ারি মাসেই সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শাখা থেকে চারটি চেকে তুলেছেন ১০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

আলী কবীর বলছেন,‌ ‘বলা হয়েছে, ২৫ লাখ টাকার মধ্যে ১৫ লাখ তোলা হয়েছে জাতীয় অ্যাথলেটিকসের জন্য। কিন্তু বাকি টাকার ব্যাপারে আমি কিছু জানি না। পরের ১০ লাখ তোলার সময়ও আমার অনুমতি নেওয়া হয়নি। এ ব্যাপারে কিছু জানানোও হয়নি আমাকে।’

সম্প্রতি তৃণমূল থেকে খেলার উন্নয়নে সরকার যে টাকা দিচ্ছে, তার প্রথম কিস্তিতে প্রায় ২৮ লাখ টাকা পেয়েছে অ্যাথলেটিকস। কিন্তু ওই টাকায় কাজের কাজ কিছুই হয়নি বলে নীতি-নির্ধারকেরা ক্ষুব্ধ অ্যাথলেটিকসের ওপর। বাকি তিন কিস্তির ৮৩ লাখ টাকা অ্যাথলেটিকস ফেডারেশনকে দেওয়া হবে না বলা হচ্ছে। ফেডারেশনের চেকে টাকা তুলতে সই লাগে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের। তিনজনের মধ্যে যেকোনো দুজন হলেই চলে। কিন্তু সভাপতি ক্ষোভের সঙ্গে বলছেন, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ টাকা তুলছেন তাঁকে অন্ধকারে রেখে। বাধ্য হয়ে ব্যাংককে ফেডারেশনের হিসাবে লেনদেন বন্ধের চিঠি দেন সভাপতি। ফেডারেশন সভাপতি কোষাধ্যক্ষকে কারণ দর্শানো নোটিশ দেন সম্প্রতি। ‌‘ওই নোটিশের যে জবাব দেন কোষাধ্যক্ষ মিজানুর রহমান, তা গ্রহণযোগ্য মনে হয়নি আমার কাছে। এবং সেটা তাঁকে জানিয়েও দেওয়া হয়েছে’—বলেছেন আলী কবীর।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। কিন্তু গত চার বছরের আয়-ব্যয়ের কোনো হিসাবই এখন পর্যন্ত কার্যনির্বাহী কমিটির সভায় তোলা হয়নি বলে অভিযোগ অ্যাথলেটিকস ফেডারেশনের অনেকের। এমনকি কোনো হিসাব নিরীক্ষাও করা হয়নি বলেও জানিয়েছেন তাঁরা।

পুরো বিষয় নিয়ে হতাশ আলী কবীর, ‘এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। নিয়ম ভেঙে এভাবে কেউ জাতীয় ফেডারেশন থেকে টাকা তুলে নিতে পারেন না। অনেকবার এসব খরচের হিসাব চেয়েছি, কিন্তু সাধারণ সম্পাদক কোনো হিসাবই দেখাতে পারেননি আমাকে। এটা বড় আর্থিক দুর্নীতি।’

পত্রিকায় উদ্ধৃত হতে চান না, এমন একজন কর্মকর্তা জানালেন, ‘বিভিন্ন সময় তৈরি করা হয়েছে ডেভেলপমেন্ট কমিটি, অনুশীলন পর্যবেক্ষণ কমিটি ও অন্যান্য অনেক কমিটি। কিন্তু আমরা বারবার চাপ দেওয়ার পরও তিনি আমাদের কাছে এসব কমিটির নাম প্রকাশ করেননি।’

তবে এসব অভিযোগ ইব্রাহিম চেঙ্গিসের দৃষ্টিতে ‘নির্বাচনী ষড়যন্ত্র’, ‘আমি সব সময় সত্যি কথা বলে থাকি। এ জন্য অনেকে আমাকে পছন্দ করেন না। সামনেই ফেডারেশনের নির্বাচন। যাতে নির্বাচন করতে না পারি এ জন্য আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা হচ্ছে।’

তাহলে ফেডারেশন থেকে কেন কাউকে না জানিয়ে টাকা তুলে নিয়েছেন? চেঙ্গিসের যুক্তি, ‘ওই টাকাগুলো আমার। আমি ফেডারেশনের কাছে টাকা পেতাম। ফেডারেশনে প্রয়োজনে বিভিন্ন সময়ে খরচ করেছিলাম। এই কমিটির মেয়াদ শেষ বলে টাকাগুলো তুলে নিয়েছি। তা ছাড়া আমার টাকা আমি কেন ফেডারেশনে ফেলে রাখতে যাব?’

চেঙ্গিসের যুক্তি ফেডারেশনের সভাপতি মানেন না, ‌‘ফেডারেশনের কাছে যদি কোনো টাকা তিনি পান, সেটা ফেডারেশনের কাছে চাইবেন তথ্য-প্রমাণসহ। ফেডারেশনের সভাপতি সেটা বিবেচনা করবেন এবং অনুমতি দিলে টাকা উত্তোলন করতে পারেন। অন্যথায় নয়। কারণ এটি তো কারও ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় যে ইচ্ছেমতো টাকা রাখলাম, তুললাম।’

এই কমিটির মেয়াদ যেহেতু শেষ, তিন মাসের মধ্যেই নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও তা হয়নি। এ অবস্থায় ফেডারেশনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত অ্যাডহক কমিটি করার দাবি তুলছেন সভাপতিসহ অ্যাথলেটিকস অঙ্গনের লোকজন।