অনেক কিছুর জবাব বোল্টের
একে তো বৃষ্টিভেজা ট্র্যাক, তার ওপর উল্টো দিক থেকে ধেয়ে আসা বাতাস। ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের লন্ডন মিটের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছিল অনেক কিছু। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল নিজেকে প্রমাণ করার। ৯.৮৭ সেকেন্ড টাইমিং করে লন্ডনে জিতেছেন বোল্ট। এটি তাঁর সেরা সময়ের ধারেকাছেও নয়। তারপরও নিজের বছরসেরা টাইমিং করে কাল অনেক প্রশ্নেরই উত্তর দিলেন সর্বকালের দ্রুততম মানব।
চোট আর ফর্মহীনতায় বছরটা ভালো কাটেনি বোল্টের। লন্ডন মিটের আগে ১০০ মিটারে তাঁর সেরা টাইমিং ছিল ১০.১২ সেকেন্ড। যা তাঁর নামের পাশে একদমই যায় না। একদিকে তাঁর ফর্মহীনতা, অন্যদিকে আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের ঊর্ধ্বমুখী পারফরম্যান্স—সব মিলিয়ে আড়ালে-আবডালে একটা প্রশ্ন উঠে গিয়েছিল, ২২ আগস্ট বেইজিংয়ে শুরু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন বোল্ট? কাল জেতার পর সেই প্রশ্নটারই জবার দিলেন জ্যামাইকান স্প্রিন্টার, ‘আমিই এখনো ১ নম্বর। এবং সেটা আমিই থাকব। যতক্ষণ পর্যন্ত অবসর না নিচ্ছি, এই জায়গাটা ধরে রাখার ইচ্ছা আমার।’
এই বছরের হিসাবে বোল্টের পারফরম্যান্স অবশ্য আহামরি কিছুই নয়। একা জাস্টিন গ্যাটলিনই ৯.৮০ সেকেন্ডের নিচে দৌড়েছেন চারবার। তাঁর বছরসেরা টাইমিং ৯.৭৪ সেকেন্ড। বোল্ট মেনে নিচ্ছেন, তাঁর উন্নতির এখনো অনেক সুযোগ আছে, ‘হ্যাঁ, আমার শুরুটা ভালো হয়নি। আমার কোচও আমাকে সেটাই বলেছেন। এটা নিয়ে আমার আরও কাজ করতে হবে, তবে সব মিলে খুব একটা খারাপ করিনি। আমি আরও জোরে দৌড়াতে চেয়েছিলাম, আশা করি খুব শিগগির সেটা পারব।’
তবে গ্যাটলিন, পাওয়েলরা না থাকায় কাল চ্যালেঞ্জটা অতটা বড় ছিল না। দ্বিতীয় যুক্তরাষ্ট্রের মাইক রজার্স অবশ্য খারাপ করেননি, দৌড় শেষ করেছেন ৯.৯০ সেকেন্ডে। লন্ডনের সাফল্যের পর এখন বেইজিংকেই পাখির চোখ করছেন বোল্ট। ২০০৮ সালে এখানেই ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলেন। পরশু জয়ের পর বোল্টের কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার স্পষ্ট সুর, ‘যেকোনো কিছু এখন সম্ভব। আমার আত্মবিশ্বাস তো অনেকটাই বেড়েছে। আমি অনেক পরিশ্রম করেছি, সেটারই ফল পেয়েছি। আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে এখন। আজকে শুরুটা ভালো হয়নি। আমি জানি, সেটা ঠিক করতে পারলে আরও দ্রুত দৌড়াতে পারব।’
বোল্টের সাফল্যের দিনে ৩০০০ মিটারে বছরের সেরা টাইমিং (৭: ৩৪.৬৬) করে জিতেছেন মো. ফারাহ। এএফপি।