অব্যবস্থাপনায় জুনিয়র অ্যাথলেটিকস

হিটে ১২.৭৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম। কিন্তু বিকেএসপির অষ্টম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তারের নামই নেই চূড়ান্ত তালিকায়! বিকেএসপির কর্মকর্তাদের দৌড়াদৌড়ি, ছোটাছুটি। বিচারকদের ভুলেই নাকি বাদ পড়েছিল সোনিয়ার নাম! এই অদ্ভুতুড়ে কাণ্ডের পর অবশ্য বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টে সবার আগেই দৌড় শেষ করল সোনিয়া। দৌড় শেষে সেকি কান্না নওগাঁর কিশোরীর!
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে ৩২তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। সারা দিনের সব আলো কেড়ে নিল শেষ বিকেলে এসে দুই বালক-বালিকা। ১৫-১৭ বছর বয়সীদের বিভাগে বিকেএসপির সপ্তম শ্রেণির ছাত্র হাসান মিয়া নতুন জাতীয় রেকর্ড গড়ে ১০০ মিটার স্প্রিন্টে হয়েছে দ্রুততম বালক। আর সোনিয়া আক্তার ১২.৫৫ সেকেন্ড সময় নিয়ে হয়েছে দ্রুততম বালিকা।
সারা বিশ্বে যেখানে ইলেকট্রনিক টাইমিংয়ে চলে সব প্রতিযোগিতা, ‘সব সম্ভবের দেশ’ বাংলাদেশে টাইমকিপারদের হাতে চিরায়ত স্টপওয়াচ। এই টাইমিংয়ে বিকেএসপির আশরাফুজ্জামান রচির রেকর্ডই (১০.৭০ সেকেন্ড) ভেঙেছে এবার হাসান (১০.৬০)।
কাল রেকর্ড হয়েছে আরও একটি। কিশোরীদের শটপুটে বিকেএসপির তাহমিনা আক্তার নতুন জাতীয় রেকর্ড গড়েছে (১০.৪২ মিটার)। হাইজাম্পে কিশোর বিভাগে সোনা জিতেছে নরসিংদীর মাসুদ রানা (১.৮০ মিটার)। কিশোরী বিভাগে চট্টগ্রামের চুমকি খাতুন সোনা জিতেছে ১.৪৩ মিটার লাফিয়ে। জ্যাভলিনে নরসিংদীর আবদুল আলীম সোনা জিতেছে। লং জাম্পে নরসিংদীর উজ্জ্বল সূত্রধর মুকুট হারিয়েছে, তাকে টপকে এবার সোনা জিতেছে নড়াইলের রাজিবুল ইসলাম (৬.৯৫ মিটার)।
সকালে ১০০ মিটার রিলেতে দৌড়াতে গিয়ে পা ভেঙে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ভর্তি হয়েছে বিকেএসপির আনিসুর রহমান। বিকেলে বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট শেষ হওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ে নাটোরের শম্পা খাতুন। ওই সময় কোনো মেডিকেল টিমই মাঠে ছিল না! ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের গাড়িতে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাকে।
সন্ধ্যায় নোয়াখালীর কোচ রফিকুল্লাহ আখতার মিলনকে দেখা গেল অ্যাথলেট শিফন হোসেনকে নিয়ে চিন্তিত মুখে এদিক-ওদিক ঘোরাঘুরি করতে। ৪৯.৯৪ মিটার ছুড়েও জ্যাভলিনের কিশোর বিভাগে এই অ্যাথলেটের নাম নাকি বাদ পড়েছিল বিচারকদের খাতা থেকে! অথচ ৪৮.৩৬ মিটার দূরত্ব পাঠানো কুষ্টিয়ার রাজা আহমেদকে ব্রোঞ্জজয়ী ঘোষণা করা হয়। পরে অবশ্য কোচ মিলনের উদ্যোগেই সংশোধিত ফল দেওয়া হয়। এমন অব্যবস্থাপনার মধ্যে চলছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস।