অমরত্বের পথে মো ফারাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই পরিচিত উদ্‌যাপন
সেই পরিচিত উদ্‌যাপন

ইতিহাস পক্ষে ছিল না। কোচ আলবার্তো সালাজারকে নিয়ে গত কয়েক মাসে ডোপ-বিতর্কও লেগে ছিল ছায়ার মতো। পরশু বেইজিংয়ের বার্ডস নেস্টে প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছিল কেনিয়ানরাও। কিন্তু কোনো কিছুই ঠেকাতে পারল না মো ফারাহকে। সব বাধা, সব প্রতিকূলতা পেরিয়ে পরশু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটার দৌড়ের সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট।
অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বৈশ্বিক আসরে ৫ হাজার ও ১০ হাজার মিটার মিলিয়ে ফারাহর এটি টানা ষষ্ঠ শিরোপা। যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া থেকে উদ্বাস্তু হয়ে ব্রিটেনে থিতু হওয়া অ্যাথলেট ছাড়িয়ে গেলেন ইথিওপিয়ার দুই কিংবদন্তি কেনেনিসা বেকেলে ও হাইলে জেব্রেসেলাসিকে।
২০১১ সালে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে ইব্রাহিম জিলানের কাছে হারটাই বৈশ্বিক আসরে ফারাহর সর্বশেষ ব্যর্থতা। ওই দেগুতেই ৫ হাজার মিটার, লন্ডন অলিম্পিকে ৫ ও ১০ হাজার মিটারের ‘ডাবল’, ‘ডাবল’ ২০১৩ মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। আগামী শনিবার ৫ হাজার মিটার জিতলে বেইজিংয়ে ‘ডাবল’ পেয়ে যাবেন ফারাহ, তাতে হবেন টানা দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ডাবল’জয়ী প্রথম দূরপাল্লার দৌড়বিদ।
পরশু কেনিয়ানদের প্রবল বাধা পেরিয়ে ১০ হাজার মিটারটা ফারাহ জিতেছেন ২৭ মিনিট ১.১৩ সেকেন্ড সময়ে। ৩২ বছর বয়সী ফারাহ কেনিয়ানদের পেরিয়ে গেছেন শেষ ল্যাপে, তবে শেষ মুহূর্তে পা হড়কাতে হড়কাতেও বেঁচে গেছেন। দৌড় শেষে তাই স্বস্তিই প্রকাশ পেল ফারাহর কণ্ঠে, ‘অসাধারণ। শেষ পর্যন্ত লাইনটা পেরোতে পারলাম, পারলাম শিরোপা ধরে রাখতে। বছরটা ভালো যায়নি। তবে আমি চেয়েছি মুখের চেয়ে দৌড়টাই আমার হয়ে কথা বলুক। জয়টা আমার পরিবারকে ও যারা পেছনে থেকে আমাকে সাহায্য করেছে তাদের উৎসর্গ করলাম।’ এএফপি, রয়টার্স, বিবিসি।