অমরত্বের সংজ্ঞাও দিয়ে দিলেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ট্রিপল ট্রিপল’ তো হলো। তার সঙ্গে অমরত্বও।

তা এই অমরত্ব মানে কী? উসাইন বোল্ট দিয়ে দিচ্ছেন সংজ্ঞাটা—অপরাজেয়।

১০০ ও ২০০ মিটারের পর রিলেতেও সেই অপরাজেয় বোল্টকে দেখল রিও অলিম্পিক। চারজনের দৌড়, কিন্তু জ্যামাইকাকে জেতালেন তো বোল্টই। শেষ লেগে সামনে থাকা প্রতিযোগীদের অনায়াসে পেছনে ফেলে। ‘হাতে ব্যাটনটা পাওয়ার পরই জানতাম, আমি জিতে গেছি। কারণ ওই লেগে আমাকে পেছনে ফেলে কেউ ফিনিশিং লাইনে যেতে পারবে না’—শুনতে শুনতে মনে হলো, বোল্ট মানে অপরাজেয় তো বটেই, বোল্ট মানে নিজের ওপর অগাধ বিশ্বাসও।

অলিম্পিক যা শেষবারের মতো দেখে নিল। রিলে শেষ করে আবারও বলে দিলেন, ‘এটাই আমার শেষ অলিম্পিক। স্যরি গাইস্, এটাই শেষ।’

অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে দুবার ‘ট্রিপল’ই জেতেনি কেউ, তিনবারের কথা তো কল্পনাও করেনি। অকল্পনীয় সেই কীর্তি গড়ার
রহস্য জানতে চান? পরিশ্রম আর ত্যাগ। শুধু প্রতিভাই যে তাঁকে এখানে আনেনি, সেই জানা কথাটাই আবারও সবাইকে জানিয়ে দিলেন বোল্ট, ‘এত বছর ধরে কত ত্যাগ স্বীকারই না করে এসেছি। সঙ্গে কঠোর পরিশ্রম। কত কিছুর মধ্য দিয়েই না যেতে হয়েছে! এটা ঘাম আর অশ্রুর গল্প বন্ধু, ঘাম আর অশ্রুর গল্প।’

কিন্তু বোল্ট নিজেও কি ভেবেছিলেন, এমন কিছু সম্ভব? না, ভাবেননি। বেইজিংয়ের পর লন্ডন ভেবেছেন, লন্ডনের পর রিও। তবে শুরুতে এমন কিছু তাঁরও কল্পনায় ছিল না, ‘এর কাছাকাছি কিছুও ভাবিনি কখনো। কখনোই ভাবিনি পরপর তিনটা অলিম্পিকে এমন করব। প্রথমটাতে (বেইজিং ২০০৮) ছিল শুধুই আনন্দ। দ্বিতীয়টা (লন্ডন ২০১২) ছিল চ্যালেঞ্জ। এরপর এখানে এসে তৃতীয়বারের মতো এটি করা এককথায় অবিশ্বাস্য। আমি এমন কিছু করে যেতে চেয়েছি, যাতে আর কখনো কেউ তা করতে না পারে। আমি নিজেকে নিয়ে গর্বিত।’

আর কারও এমন কিছু করতে পারা আসলেই খুব কঠিন। যে ‘ঘাম আর অশ্রুর’ কথা বললেন বোল্ট, তা তো আরও অনেকেই ঝরিয়েছেন। আর কেউ তো ‘বোল্ট’ হতে পারেননি। উসাইন বোল্ট এর আগে কখনো আসেননি, ভবিষ্যতেও আসবেন কি না কে জানে! অনন্য অনেক কীর্তির ভিড়ে একটা ক্ষেত্রে অবশ্য বোল্টের পাশেই লিখতে হচ্ছে আরও দুটি নাম—পাভো নুর্মি ও কার্ল লুইস।

বোল্টের মতো অলিম্পিক অ্যাথলেটিকসে ৯টি সোনা জিতেছেন এই দুজনও। নুর্মির কীর্তি সেই ১৯২০ দশকের। ১৯২০ থেকে ১৯২৮ পর্যন্ত ৩টি অলিম্পিকে। ১৫০০ মিটার থেকে শুরু করে ২০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতেন। মাঝারি ও দূরপাল্লার দৌড়ে একসময় ফিনল্যান্ডের যে আধিপত্য ছিল, সেটির পুরোধা তিনি। প্রথম ‘ফ্লাইং ফিন।’ নুর্মির ৯টি সোনাই দৌড়ে।

কার্ল লুইসের ৫টি দৌড়ে। বাকি ৪টি লং জাম্পে। ৯টি সোনার সঙ্গে একটি রুপাও আছে লুইসের। অলিম্পিকে এই ত্রয়ীর চেয়ে বেশি সোনা জিতেছেন শুধু সাঁতারু মাইকেল ফেল্‌প্‌স (২৩)। দুটি ভিন্ন খেলা। ফেল্‌প্‌স তাই আলাদাই থাকুন। সর্বকালের সেরা অ্যাথলেটের স্বীকৃতি পাওয়ার লড়াইটা হয়তো ওই তিনজনের মধ্যেই। যেখানে উসাইন বোল্টকে এগিয়ে দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নিশপে জেতা ১১টি সোনা। পাভো নুর্মির সময়ে অলিম্পিক এমন বৈশ্বিক রূপ নেয়নি, প্রতিদ্বন্দ্বিতাটাও এমন তীব্র ছিল না।

বোল্ট এভাবে হিসাব-নিকাশ করেছেন কি না, কে জানে। তবে ২০০ মিটার জয়ের পর নিজেকে ‘গ্রেটেস্ট’ বলে যে ঘোষণা দিয়েছিলেন, রিলে জেতার পর সেটিই মনে করিয়ে দিলেন আবারও। অনেক ঘাম, অনেক অশ্রু ঝরেছে, কিন্তু একটা বিশ্বাস থেকে কখনোই সরেননি, ‘অসম্ভব বলে কিছু নেই।’ নিজের অর্জন সম্পর্কে বললেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, “অসম্ভব বলে কিছু নেই।” নিজের জন্য কখনোই আমি কোনো সীমা নির্ধারণ করে দিইনি।’

অলিম্পিক মিস করবেন। সবচেয়ে বেশি মিস করবেন দর্শকের সঙ্গে তাঁর ওই বন্ধনকে। বলেই মজা করলেন, ‌‘তবে যেটি মিস করব না, তা হলো ইন্টারভিউ। পাঁচ শর মতো বোধ হয় দিয়ে ফেলেছি।’ আরও হয়তো দিতে হবে। শেষ অলিম্পিক ঠিক আছে, কিন্তু এখনই তো অবসর নিয়ে ফেলছেন না। আগামী বছর বিশ্ব অ্যাথলেটিকস শেষে ট্র্যাককে বিদায় জানানোর কথা বলে দিয়েছেন আগেই।

এরপর, এরপর কী করবেন? জ্যামাইকাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। জ্যামাইকা বলতেই মানুষ এখন ‘বোল্টের দেশ’ বোঝে। জ্যামাইকাতে আরও বেশি পর্যটক টেনে এসেছেন বলে দাবি করলেন নিজেই। যা করার মাধ্যমে তৈরি হয়েছে অনেকের কর্মসংস্থানের সুযোগ। অবসর নেওয়ার পর অন্য কোনো ভূমিকায়ও করে যেতে চান সেটি।

এসব পরের কথা। আপাতত নির্ভার বোল্টের একটাই চাওয়া—লম্বা একটা ছুটি!