অলিভার কুর্টজই হকির কোচ
গত সপ্তাহে ঢাকায় এসে কোচ বাছাই কমিটির কাছে সাক্ষাৎকার দিয়ে যাওয়া অলিভার কুর্টজকেই তিন মাসের জন্য কোচ করেছে হকি ফেডারেশন।
আসলে একটা কোচিং প্যানেলই নিয়োগ দিয়েছে ফেডারেশন। কুর্টজের সহকারী হিসেবে থাকবেন কারিগরি পরামর্শক লুজার বিসমান, ভিডিও অ্যানালিস্ট আথিম মেনট্রস, ফিজিও জুস্ট ক্রুইজেন। উপদেষ্টা কোচ জাতীয় দলের সাবেক কোচ গেরহার্ড পিটার। জার্মানদের নিয়ে গড়া এই কোচিং প্যানেল নেওয়ার উদ্দেশ্য জাতীয় দলকে জার্মানিতে রেখে কন্ডিশনিং ক্যাম্প করানো। এই কোচিং প্যানেল কীভাবে আগামী তিন মাস কাজ করবে, সেটির একটি ভিডিও উপস্থাপনাও কাল সংবাদ সম্মেলনে দেখানো হয়েছে। আগামী নভেম্বরে বাংলাদেশ হংকংয়ে খেলবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। কিন্তু এর আগে জার্মানিতে হবে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প।
হংকংয়ের টুর্নামেন্টের জন্য কেন জার্মানিতে ক্যাম্প করতে হবে? কোচ বাছাই কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ আল মুনীরের ব্যাখ্যা, ‘হংকংয়ে জীবনযাত্রার মান ব্যয়বহুল। তা ছাড়া আমাদের কোচিং প্যানেলের সবাই জার্মান। তাদের পরামর্শেই সেখানে ক্যাম্প করানো হবে। জার্মানির ঘরোয়া লিগেও খেলার সুযোগ পাবে খেলোয়াড়েরা।’