অলিম্পিক ও আন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা-মায়ের সঙ্গে আন বিয়ং-হুন l ফাইল ছবি
বাবা-মায়ের সঙ্গে আন বিয়ং-হুন l ফাইল ছবি

‘অলিম্পিক না হলে আমার জন্মই হতো না’—মজা করে বলেছেন আন বিয়ং-হুন। তা কে এই আন বিয়ং-হুন? দক্ষিণ কোরিয়ার গলফার। অলিম্পিকের সঙ্গে তাঁর ধরাধামে আসার সম্পর্ক কী? সম্পর্ক আছে বলেই তো ওই কৌতুক। আনের পরিণয়ে রূপ পাওয়া বাবা-মার প্রেম যে শুরু ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে। দুজনই ছিলেন টেবিল টেনিস খেলোয়াড়। পদকও জিতেছেন সেই অলিম্পিকে। রিও অলিম্পিকে আবার গলফ অন্তর্ভুক্ত হওয়ার পরই বিয়ং-হুনের চোখেও বাসা বেঁধেছে পরিবারে আরেকটি অলিম্পিক পদক যোগ করার স্বপ্ন।
বাবা দক্ষিণ কোরিয়ান। মা চীনা। সিউল অলিম্পিকে আনের মা জিয়াও ঝিমিন এককে রুপা জিতেছিলেন। বাবা আন জে-হিউং দ্বৈতে ব্রোঞ্জ। চীন ও দক্ষিণ কোরিয়ার শীতল সম্পর্কের মাঝে উষ্ণতার সঙ্গে বিতর্কও ছড়িয়েছিল দুজনের প্রেম। স্বাভাবিকভাবেই যা আলোড়ন তুলেছিল দুই দেশের সংবাদমাধ্যমে। আন নিজেই জানিয়েছেন, ‘১৯৮৬ সালের এশিয়ান গেমসেই বাবা-মার পরিচয় হলেও ১৯৮৮ সালের অলিম্পিকের সময়ই স্পষ্ট হয় “কিছু একটা চলছে” দুজনের মাঝে।’
অলিম্পিকে গলফ ফিরছে ১১২ বছর পর। বিয়ং-হুন তো রোমাঞ্চিত হবেনই, সেই রোমাঞ্চ আরও বেড়ে যাচ্ছে বাবা-মার ইতিহাসের কারণে, ‘অলিম্পিকে খেলাটা অসাধারণ হবে। বিশেষ করে এখানে আমার বাবা-মা খেলেছিলেন বলে।’ বাবা-মাকে ছাড়িয়ে যাওয়ার একটা লক্ষ্যও ঠিক করে ফেলেছেন, ‘সোনা জিততে পারলে খুব ভালো হবে। বাবা-মার চেয়েও ভালো হবে। যখন শুনলাম অলিম্পিকে গলফ থাকছে, ভাবলাম দক্ষিণ কোরিয়া দলে সুযোগ পাওয়ার চেষ্টা করে দেখি।’ গলফটা অবশ্য ভালোই খেলেন আন বিয়ং-হান। ২০০৯ সালে কনিষ্ঠতম গলফার হিসেবে মাত্র ১৭ বছর বয়সে ইউএস অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সও অলিম্পিকে পদক আশা করার মতোই।
মজার একটা তথ্যও জানিয়েছেন আন। যে অলিম্পিকের সূত্রে পৃথিবীতে আসা, বাবা-মার সেই অলিম্পিক পদক নাকি কখনো চর্মচক্ষে দেখাই হয়নি তাঁর! শুধু ছবিতেই দেখেছেন। আন বলেছেন, ‘একবার আমি পদক দুটির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম বাবা-মাকে। তাঁরা বলেছেন বাড়িতে নয়, একটা সেফে রাখা আছে ওগুলো।’ অলিম্পিক পদকের সঙ্গে অন্যভাবেই পরিচিত হতে চাইছেন আন, ‘নিজের জন্য একটা পদক জিততে চাই আমি।’
বাবা-মা এত ভালো টেবিল টেনিস খেলতেন, আন কেন সেটির উত্তরাধিকার পেলেন না? রহস্যটা নিজেও জানেন না আন, ‘খুব একটা পারি না খেলাটা। এ জন্যই গলফ খেলছি।’ কে জানে, আন পরিবারে আরেকটি অলিম্পিক পদক আনতেই রিওতে গলফ ফিরে এল কি না! এএফপি।