অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলের অপেক্ষায়

অলিম্পিকের মশাল কে জ্বালাবেন, সেটি নিয়ে সব সময় কিছুটা আগ্রহ থাকে। একদম শেষ মুহূর্তে জানা যায়, এ গৌরবটি কার হচ্ছে। কিন্তু রিও ডি জেনিরোকে অলিম্পিক ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পর থেকেই হয়তো সবাই জানতেন কে জ্বালাবেন রিও অলিম্পিকের মশাল। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী পেলের চেয়ে যোগ্য প্রার্থী তো খুঁজে পাওয়া কঠিন। কিন্তু পেলে তো সবাইকে হতাশার কথাই শোনালেন! রিওতে মশাল জ্বালাবেন কি না সে সিদ্ধান্ত তিনি তুলে দিয়েছেন তাঁর স্পনসরদের কাছে! পেলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ ও রিওর অলিম্পিক আয়োজক কমিটির প্রধান আর্থার নুজম্যান তাঁকে প্রস্তাব দিয়েছেন মশাল প্রজ্বালনের। পেলে জানিয়েছেন, একজন ব্রাজিলিয়ান হিসেবে এ কাজটি করতে পারলে তিনি খুশিই হবেন। কিন্তু স্পনসরদের কাছে দেওয়া প্রতিশ্রুতির জন্য তিনি সে প্রস্তাব গ্রহণ করতে পারছেন না। ঠিক ওই সময়েই তাঁর স্পনসররা একটি সফরের আয়োজন করেছে। তাই এখন স্পনসরের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে অলিম্পিকের মশাল প্রজ্বালনের সৌভাগ্য পেলের হবে কি না। রয়টার্স।

বোল্টের সঙ্গ

তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে রিওতে এসেছেন উসাইন বোল্ট। কিন্তু অলিম্পিকের শহরে এসে পৌঁছানোর পর থেকেই বোল্টের কোনো সাড়াশব্দ মিলছিল না। অনেকেই ভাবছিলেন, কে জানে ট্রেবল জয়ের প্রত্যাশায় হয়তো অনুশীলনে একটু বেশি সময় দিচ্ছেন এই জ্যামাইকান স্প্রিন্টার। তবে পরশু নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে বোল্ট জানিয়ে দিলেন, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত নন তিনি। একদল সুবিধাবঞ্চিত শিশুর সৌভাগ্য হয়েছিল বোল্টের সঙ্গে দেখা করার। এরা সবাই ব্রাজিলের ফাভেলা (বস্তি) থেকে উঠে আসা শিশু। সবাইকে নিয়ে নিজের ট্রেডমার্ক তিরন্দাজি ভঙ্গিতে ছবি তুলেছেন ‘বজ্রবিদ্যুৎ’। শুধু ছবি তুলেই দায়িত্ব সারেননি বোল্ট, সবার কাছে একটি বার্তা ছড়িয়ে দিয়েছেন, ‘আমাকে বলা হয়েছে এ শিশুরা রিওর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা থেকে এসেছে। ওরাই আমাদের ভবিষ্যৎ এবং ওদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি।’ ধরণির দ্রুততম মানব তাদের সঙ্গে দেখা করেতে পেরে আনন্দিত, ভাগ্যবানই বলতে হচ্ছে এই শিশুদের। সূত্র: আইএএনএস।

পোকেমনের ফাঁদে

‘পোকেমন গো’ নামে কী এক ফাঁদই না বানিয়েছে নিন্টেন্ডো! একবার এই ভিডিও গেমটি খেলতে শুরু করলেই আটকা পড়ে যাচ্ছেন সবাই। এমনই নেশা যে দেউলিয়াও হতে বসেছিলেন এক অলিম্পিয়ান! জাপানি জিমন্যাস্ট কোহেই উচিমুরা রিওতে নেমেই খেলা শুরু করেছিলেন পোকেমন গো। নেশায় এমনই বুঁদ হয়ে গেলেন, মোবাইলের বিল যে বেড়েই যাচ্ছে সেদিকে খেয়ালই ছিল না তাঁর। দেশের বাইরে রোমিংয়ের জন্য যে আলাদা করে ইন্টারনেট প্যাকেজ চালু করতে হবে সেদিকে খেয়ালই ছিল না ৫টি অলিম্পিক পদকজয়ী এই জিমন্যাস্টের। যখন খেয়াল করলেন, ততক্ষণে বিল হয়ে গেছে ৪ হাজার ৯০০ ডলার (৫ লাখ ইয়েন)! চিন্তায় তো পুরো একদিন খাওয়া-ঘুম বন্ধ হয়ে গেল তাঁর। তবে মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থা তাঁর মুখে হাসি ফুটিয়েছে। বলে দিয়েছে, এত বিল দিতে হবে না উচিমুরাকে, দিনপিছু ৩ হাজার ইয়েন করে দিলেই হবে। সূত্র: ফক্স স্পোর্টস।