অলিম্পিক পদক প্রতারণায় ভরা?

অলিম্পিকের একটি পদক জয়ের মূল্য বলে বোঝানো অসম্ভব। বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদদের তালিকা করলে যেখানে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকারা অনায়াসেই ঢুকে যান, সেই মার্কিন বাস্কেটবল খেলোয়াড়েরা ২০০৮-এর বেইজিং অলিম্পিকে সোনা জিততে কী ধরনের মরিয়া ছিলেন, সেটা মনে থাকার কথা সবারই। এই তো সেদিন ফুটবলে অধরা সোনার পদকটা দেশকে এনে দেওয়ার অভিপ্রায়ে অলিম্পিকে খেলার কথা বললেন নেইমার। কিন্তু সম্প্রতি একটি জার্মান গণমাধ্যম এমন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করছে, তাতে এই অলিম্পিকের পদককেই মনে হচ্ছে মূল্যহীন। এআরডি নামের সেই জার্মান গণমাধ্যমটির হাতে আসা একটি ডোপিং প্রতিবেদন থেকে জানা গেছে ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে অনুষ্ঠিত তিনটি অলিম্পিকে অ্যাথলেটিকসের কমপক্ষে ৫৫টি সোনার পদক গেছে ডোপপাপীদের হাতে। প্রকাশিত এই প্রতিবেদনটি বিশ্বাস করলে অলিম্পিকের সোনার পদক প্রাপ্ত ক্রীড়াবিদদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যায়। সন্দেহের কালো ছায়া বিস্তৃত হয় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার পদকের গ্রহণযোগ্যতা নিয়েও।
জার্মান গণমাধ্যম এআরডির পাশাপাশি একই প্রতিবেদন প্রকাশ করেছে ইংল্যান্ডের সানডে টাইমস পত্রিকাও। গণমাধ্যম দুটো জানাচ্ছে, এই মুহূর্তে ডোপপাপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে অ্যাথলেটিকসকে। ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে অনুষ্ঠিত তিনটি অলিম্পিক ও ছয়টি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক পাওয়া অনেক খেলোয়াড়ের রক্তে নিষিদ্ধ শক্তি-বর্ধক ওষুধের নমুনা পাওয়া গেলেও সেগুলো ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে নানাভাবে। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএফ) একজন কর্মীর কাছ থেকে নাকি এই প্রতিবেদনটি ফাঁস করেছে ওই দুটো গণমাধ্যম। গণমাধ্যম দুটো দাবি করছে, আধুনিক জামানায় অ্যাথলেটিকসে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ডোপিং কেলেঙ্কারির প্রমাণ বহন করছে পুরো ব্যাপারটি।
ফাঁস হওয়া প্রতিবেদনটিতে দেখা গেছে, ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে মোট ৫ হাজার অ্যাথলেটের ওপর পরিচালিত ১২ হাজার পরীক্ষায় বেরিয়ে এসেছে এই কেলেঙ্কারির বিষয়টি। এই সময়ের মধ্যে অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিকসে পদক পাওয়া এক-তৃতীয়াংশ অ্যাথলেটের রক্ত নমুনাতেই যে নিষিদ্ধ ওষুধের প্রমাণ মিলেছে, প্রতিবেদনটিতে এটি বেশ স্পষ্টই। ব্যাপারটা অনেকটা এমন যে অ্যাথলেটিকসে ডোপ পাপ পরিণত হয়েছে খুবই সাধারণ একটি বিষয়ে। ভয়ংকর দিকটি হল বিষয়টি জেনেও না জানার ভান করে আছে খেলাটির বিশ্ব সংস্থা।
প্রতিবেদনটি দেখে রীতিমতো আঁতকে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা অ্যান্টি ডোপিং বিশেষজ্ঞ রবিন প্যারিসেত্তো। তিনি বলেছেন, ‘অ্যাথলেটিকসে রীতিমতো নিষিদ্ধ ওষুধ সেবনের মহোৎসব চলছে। দুঃখের বিষয় হচ্ছে খেলাটির আন্তর্জাতিক সংস্থা ব্যাপারটি চেপে যাওয়ার চেষ্টা করছে।’ তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের নমুনায় যে নিষিদ্ধ ওষুধের পরিমাণ দেখা যাচ্ছে সেটাকে কোনোভাবেই স্বাভাবিক বলা যাবে না।