অলিম্পিক পদকের লড়াইয়ে বাঙালির মেয়ে দীপা

ভারতীয় সময় খুব ভোরে অলিম্পিক জিমন্যাস্টিকসের ভল্ট ইভেন্টে নেমেছিলেন এক বাঙালি মেয়ে। চূড়ান্ত লড়াইয়ে জায়গা পেতে তাঁকে পাড়ি দিতে হতো বিশাল বাধা। মোট ৯৮ জন প্রতিযোগীর মধ্যে থাকতে হতো প্রথম আটে। খুব কঠিন, সন্দেহ নেই। কিন্তু ত্রিপুরার বাঙালি মেয়ে দীপা কর্মকার সেই কঠিন কাজটিই করে দেখালেন। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিকসের ভল্ট ইভেন্টের ফাইনালে উঠে গেলেন। বাঙালি হিসেবেও দাঁড়িয়ে গেলেন বিশাল গৌরবের দ্বারপ্রান্তে।
সবার চোখ এখন ১৪ আগস্টের দিকে। সেদিনই দীপা নামবেন চূড়ান্ত লড়াইয়ে। সেদিনই নিষ্পত্তি হবে পদকের। দীপার জন্য গোটা ভারতই এখন নামবে প্রার্থনায়। ভারতের অলিম্পিকের ইতিহাসেই এ যে এক অনন্য নজির।
দীপার পদক জয়ের সম্ভাবনা কেমন? প্রথম আলোর ত্রিপুরা প্রতিনিধিকে তাঁর সাবেক কোচ সোমা নন্দী বলেছেন, ‘সম্ভাবনা প্রবলই।’ তাঁকে নিয়ে ত্রিপুরা রাজ্যের উচ্ছ্বাস-উন্মাদনার কোনো সীমা নেই। সবাই মুখিয়ে আছে রাজ্যের ২৩ বছর বয়সী এই মেয়েটির অলিম্পিক জয়ের অপেক্ষায়।