অলিম্পিক–স্বপ্নে লক্ষ্যভেদ করতে পারবেন রোমান?

বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন রোমান সানাফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসের টেরাকোটা প্যাভিলিয়নের সামনে বসে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ সেদিন খুব অল্পতেই খুশি হয়েছিলেন।

২০১২ লন্ডন অলিম্পিক দিয়েই যে বাংলাদেশের আর্চারির অলিম্পিকে পথচলা শুরু হয়েছিল। ফলাফল যা–ই হোক না কেন, অলিম্পিকে বাংলাদেশের তিরন্দাজ খেলেছেন, এই তৃপ্তি বড় হয়ে ধরা দিয়েছিল তাঁর কাছে।

ক্রিকেটের তীর্থভূমিতে সেবার অলিম্পিক আর্চারিতে খেলেছিলেন বাংলাদেশের ইমদাদুল হক মিলন। এরপর ২০১৬ রিও অলিম্পিকে অংশ নেন শ্যামলী রায়। এবার টোকিও অলিম্পিকে বাংলাদেশের দুই প্রতিনিধি রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

রোমান তো সরাসরি নিজের যোগ্যতা দিয়েই অলিম্পিকের সুযোগ পেয়েছেন। আর সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে দিয়ার পারফরম্যান্সে মুগ্ধ বিশ্ব আর্চারি ফেডারেশন তাঁকে দিয়েছে টোকিও অলিম্পিকে খেলার ‘বিশেষ’ টিকিট।

অলিম্পিক রিকার্ভে ছেলেদের এককে বাংলাদেশ এর আগে শুধু একবারই অংশ নিয়েছিল। ২০১২ লন্ডন অলিম্পিকে ইমদাদুলের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন ব্রিটেনের ল্যারি গডফ্রে। দ্বিতীয়বার রোমানের প্রতিপক্ষও সেই ব্রিটেন! এবার অবশ্য গডফ্রে নন, রোমানকে লড়তে হবে টম হলের বিপক্ষে।

টোকিও অলিম্পিকে রিকার্ভ এককে প্রথম রাউন্ডে খেলবেন রোমান সানা
ফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি

লন্ডনে ইমদাদুলের অভিজ্ঞতা মোটেও সুখের ছিল না। বাছাইপর্বে ইমদাদুল ৬৩৬ পয়েন্ট পেয়ে ৬৪ জনের মধ্যে হয়েছিলেন ৬১তম। এবার টোকিওতে রোমান ৬৬২ পয়েন্ট পেয়ে হয়েছেন ১৭তম।

লর্ডসে কঠিন প্রতিপক্ষের পাশাপাশি প্রচণ্ড বাতাসের সঙ্গেও লড়তে হয়েছিল ইমদাদুলকে। যদিও বাছাইয়ে ৬৮০ পয়েন্ট পাওয়া গডফ্রের কাছে প্রথম রাউন্ডেই হেরেছিলেন ইমদাদুল। তা–ও আবার একপেশে লড়াইয়ে হারেন ৬-০ সেট পয়েন্টে।

কিন্তু বাংলাদেশের আর্চারির ‘পোস্টার বয়’ রোমানকে নিয়ে এবার স্বপ্ন দেখছে আর্চারি ফেডারেশন। টোকিওর আবহাওয়ার পূর্বাভাসেও প্রচণ্ড বাতাসের কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে অন্তত পরের রাউন্ডে ওঠার স্বপ্ন দেখতেই পারেন খুলনার এই তিরন্দাজ।
লন্ডনের পর রিও অলিম্পিক আর্চারি থেকেও প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো আর্চারিতে খেলেছিলেন ইমদাদুল হক (ডান থেকে দ্বিতীয়)। এবার রোমান সানা খেলছেন টোকিও অলিম্পিকে (বাঁ থেকে তৃতীয়)
ফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি

একমাত্র প্রতিনিধি শ্যামলী রায় ব্রাজিলে বাছাইপর্বে ৬০০ স্কোর করে ৬৪ জনের মধ্যে হয়েছিলেন ৫৩তম। প্রথম রাউন্ডে স্বাভাবিকভাবেই তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি কঠিন প্রতিপক্ষ মেক্সিকোর গ্যাব্রিয়েল বায়ার্দোর বিপক্ষে। রিওতে প্রথম রাউন্ডে শ্যামলী হেরেছিলেন ৬-০ সেট পয়েন্টে।

কিন্তু এবার বাস্তবতা একটু অন্য রকম। অভিজ্ঞ রোমানের ঝুলিতে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ। দিয়ার সঙ্গে জুটি গড়ে মিশ্র ইভেন্টে গত জুনে জিতেছেন রুপা। টম হলের অবশ্য ক্যারিয়ারে একটাই পদক, ২০১৮ সালের বিশ্বকাপে জিতেছিলেন ব্রোঞ্জ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে হলের চেয়ে এগিয়ে আছেন রোমান। ৩০ বছর বয়সী হল র‍্যাঙ্কিংয়ে ৮৭তম, ২৬ বছর বয়সী রোমান ২৫তম।

টোকিওতে রোমানের পারফরম্যান্সে বেশ উন্নতিই হয়েছে। গত জুনে প্যারিসে হওয়া সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানে বিশ্বকাপ আর্চারির স্টেজ থ্রির বাছাইয়ে ৬৫৭ পয়েন্ট পেয়েছিলেন আনসারের এই তিরন্দাজ। এলিমিনেশন রাউন্ডে ওঠার জন্য রোমান ১০৪ জনের মধ্যে হয়েছিলেন ৪০তম। কিন্তু টোকিওতে রোমানের স্কোর ৬৬২। এ বছর রোমানের সেরা স্কোর ৬৫৯ পয়েন্ট, টোকিওতে যেটা টপকে গেছেন এরই মধ্যে।

সব মিলিয়ে রোমানের হাত ধরে তাই অলিম্পিকের পরের রাউন্ডে ওঠার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।