অলিম্পিকে অটোগ্রাফ, অ্যালকোহল নিষিদ্ধ; করা যাবে না উল্লাস
মাত্র এক মাস বাকি। বহু আলোচনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত টোকিও অলিম্পিক আয়োজনের পক্ষেই মত জানিয়ে দিয়েছেন আয়োজকেরা। শুধু তা-ই নয়, স্বাগতিক দর্শকদের মাঠে ঢোকার অনুমতিও দেওয়া হয়েছে। ভেন্যুগুলোতে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক ঢোকার অনুমতি মিলেছে। তবে সে সংখ্যাও কোনোভাবেই ১০ হাজারের বেশি হতে পারবে না।
এ ছাড়া দর্শকদের সরাসরি ঘর থেকে ভেন্যুতে যেতে এবং ভেন্যু থেকে ঘরে ফিরতে বলা হয়েছে। গ্যালারিতে উচ্চ স্বরে কথা বলা বা চিৎকার করাও নিষিদ্ধ। ভেন্যুতে থাকলেও ভিড় এড়ানোর মতো নির্দেশনাও দেওয়া হয়েছিল ২১ জুন। আজ নতুন করে আরও বেশ কিছু নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
গ্যালারিতে অ্যালকোহল নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। কাউকে জড়িয়ে ধরা যাবে না, কোনো অ্যাথলেটের কাছে অটোগ্রাফ চাওয়া যাবে না। পরের নিয়মটা একটু বিস্ময়কর ঠেকতে পারে। গ্যালারিতে বসে উল্লাসও করতে পারবেন না দর্শকেরা!
টোকিও অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোতো আজ দর্শকদের নতুন নির্দেশনা জানিয়ে দিয়েছেন। গেমস আয়োজন যতটা সম্ভব নিরাপদ রাখতে ‘উৎসবের আমেজ একটু কমিয়ে আনতে’ বলেছেন এবং আবার এটাও স্বীকার করে নিয়েছেন, এত নিয়মনীতির মধ্যে ‘উৎসব উৎসব ভাব’ সৃষ্টি করতে আয়োজকদের বেশ সৃষ্টিশীল হতে হবে।
করোনার কারণে শুধু অলিম্পিক নয়, ইউরো ও কোপা আমেরিকাও এক বছর পিছিয়ে গেছে। এর মধ্যে ব্রাজিলে কোনো দর্শক উপস্থিতি ছাড়াই হচ্ছে কোপা আমেরিকা। কিন্তু ইউরোপে ১১টি ভেন্যুতে রীতিমতো উৎসবের আমেজে হচ্ছে ইউরো। অধিকাংশ ভেন্যুতে এক-তৃতীয়াংশ থেকে অর্ধেক ধারণক্ষমতার দর্শক থাকছেন গ্যালারিতে। হাঙ্গেরিতে তো পুরো গ্যালারিই উপচে পড়েছিল!
ইউরোর এই আমেজ অলিম্পিকের ক্ষেত্রে দেখা যাবে না বলেই মনে করেন হাশিমোতো, ‘ইউরোপে ভেন্যুগুলোতে উল্লাস আর উদ্যাপন চলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো সেটা করতে পারব না।’ দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে হলে এমনিতেও নানা ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। টিকা না নিয়ে কেউ গ্যালারিতে যেতে পারবেন না, ভেন্যুতে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা করা হবে, সবাইকে মাস্ক পরতে হবে।
গ্যালারিতে উল্লাস করতে পারবেন না দর্শকেরা বা অন্য কোনো দর্শককে স্পর্শ করতে পারবেন না। অটোগ্রাফ চাওয়া যাবে না, অ্যাথলেটদের শব্দের মাধ্যমে উৎসাহ দেওয়া যাবে না, তোয়ালে উড়িয়ে কিংবা কোনো রকম উল্লাসই করা যাবে না!
আজ সাংবাদিকদের কাছে হাশিমোতো ব্যাখ্যা করেছেন, ‘উৎসবের আমেজটা সামলে রাখতে হবে—এটা অনেক বড় চ্যালেঞ্জ। মানুষ হৃদয়ে আনন্দবোধ করুক, কিন্তু তারা উচ্চকণ্ঠ হতে পারে এবং ভিড় এড়াতে হবে। এসব ব্যাপারেই আমাদের সৃষ্টিশীল হতে হবে এবং উদ্যাপনের নতুন উপায় খুঁজে বের করতে অনেক ভাবতে হবে।’ এদিকে জাপানে বর্তমানে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অ্যালকোহল গ্রহণ করার সুবিধা থাকলেও অলিম্পিকে সে সুবিধা রাখা হচ্ছে না। হাশিমোতোর চোখে অলিম্পিক নিয়ে ‘মানুষের চিন্তা যতটা সম্ভব দূর করা’র জন্যই অ্যালকোহলের ব্যাপারে এ নিষেধাজ্ঞা।
ওদিকে জাপান সরকারের মুখপাত্র কাতসুনোবু কাতো বলেছেন, ‘নিরাপদ উপায়ে খেলা’ উপভোগ করার জন্যই ‘সব বিধি সঠিকভাবে প্রয়োগ’ করতে হবে।